সিলেটে ইফতার মাহফিলে হত্যাচেষ্টা, বৈছা আন্দোলনের আহ্বায়ক গ্রেপ্তার

সিলেটে ইফতার মাহফিলে হত্যাচেষ্টা, বৈছা আন্দোলনের আহ্বায়ক গ্রেপ্তার
শেয়ার করুন
নিজস্ব প্রতিবেদক

হত্যাচেষ্টা মামলায় বৈষম্যবিরোধী ছাত্র (বৈছা) আন্দোলনের সিলেট জেলার আহ্বায়ক আকতার হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

২৩শে মার্চ, রোববার ভোরে সিলেটের জালালাবাদ থানার হাউশা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সিলেট মহানগর পুলিশের শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার রাতে বৈছা সদস্য মাহবুবুর রহমান বাদী হয়ে শাহপরাণ থানায় ৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১৫ থেকে ২০ জনকে আসামি করে হত্যাচেষ্টা মামলা করেন। গ্রেপ্তার আকতার হোসেন এজাহারভুক্ত আসামি।

জানা যায়, সিলেটের বালুচর এলাকার একটি কনভেনশন হলে সিলেটে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন দলের মুখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটোয়ারী। আলোচনায় হঠাৎ কয়েকজনের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এ দৃশ্য ভিডিওধারণ করলে সাংবাদিকদের ওপর চড়াও হন আয়োজকরা। এর প্রতিবাদে ইফতারের আগেই অনুষ্ঠানস্থল ত্যাগ করেন সাংবাদিকরা।

অনুষ্ঠানে বৈছা আন্দোলনের দায়িত্বশীল কাউকে বক্তব্যের কোনো সুযোগ না দেওয়া, বিভিন্ন উপজেলাভিত্তিক ইফতারির টেবিল সংরক্ষিত থাকলেও বৈছা নেতাদের জন্য কোনো টেবিল সংরক্ষিত না রাখা প্রভৃতি বিষয়ে নিয়ে দুই পক্ষের মধ্যে হট্টগোল, হাতাহাতি, মারামারির ঘটনাও ঘটে।

এ ঘটনার জেরে তার ওপর হত্যার উদ্দেশ্যে হামলার অভিযোগ এনে হত্যাচেষ্টা মামলা করেছেন বাদী মাহবুবুর রহমান।

Visited 61 times, 1 visit(s) today