নিজস্ব প্রতিবেদক
সিলেটের কোম্পানীগঞ্জে আদিবাসী এক নারীকে অপহরণ করে জঙ্গলে নিয়ে গণধর্ষণ করা হয়েছে।
২রা মার্চ, রোববার সন্ধ্যায় ওই নারীকে বাড়ি যাবার সময পথ থেকে অপহরণ করা হয়েছিল। এ ঘটনায় সোমবার দুই ধর্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন- কোম্পানীগঞ্জ উপজেলার কালাইরাগ গ্রামের মৃত ললিত দাসের ছেলে প্রদীপ দাস (৪০) এবং একই গ্রামের মৃত আবদুল হাসিমের ছেলে আলাউদ্দিন (৪২)।
ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যায় সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলার উত্তর রণিখাই ইউনিয়নের কালাইরাগ গুচ্ছগ্রামের এক আদিবাসী নারী জরুরি কাজে বাইরে ছিলেন। তিনি বাড়ি যাবার পথে একই গ্রামের মৃত আবদুল হাসিমের ছেলে আলাউদ্দিন এক সঙ্গী নিয়ে তাকে অপহরণ করে পার্শ্ববর্তী জঙ্গলে নিয়ে ধর্ষণ করে।
আলাউদ্দিনের বাড়ির সামন থেকে অপহরণ করে ওই নারীকে জঙ্গলে নিয়ে গিয়ে প্রথমে প্রদীপ দাস ধর্ষণ করেন। পরে আলাউদ্দিন ধর্ষণের চেষ্টা করলে ওই নারী তার চোখেমুখে বালু ছিটিয়ে কৌশলে দৌড়ে পালিয়ে আসেন।
এ ঘটনায় সোমবার নির্যাতিত ওই নারী কোম্পানীগঞ্জ থানায় বাদী হয়ে মামলা দায়ের করেন।
মামলা দায়েরের পর পুলিশ সোমবার সকালে প্রদীপ দাস ও আলাউদ্দিনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে।
কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের আল মাহমুদ আদনান জানান, নির্যাতিতা নারীকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃত দুই যুবককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
