সিলেটে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নিল জনতা

সিলেটে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নিল জনতা
শেয়ার করুন

 

সিলেট প্রতিনিধি। জৈন্তাপুর, ১০ নভেম্বর, ২০২৬।


সিলেটের জৈন্তাপুরে পুলিশের গাড়ির গতিরোধ করে হাতকড়াসহ আওয়ামী লীগের এক নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনাও ঘটেছে। সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার হরিপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

ছিনিয়ে নেওয়া ব্যক্তি জাকারিয়া মাহমুদ। তিনি জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক এবং সিলেট জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে উপজেলার হরিপুর বাজারের স্বাদ মিষ্টি বিপণির সামনে থেকে জাকারিয়া মাহমুদকে আটক করে জৈন্তাপুর থানা-পুলিশ। পরে তাঁকে হাতকড়া পরিয়ে পুলিশের গাড়িতে করে থানায় নিয়ে যাওয়া হচ্ছিল।

পথে করিচের ব্রিজ এলাকায় পৌঁছালে একটি ডিআই পিকআপ দিয়ে পুলিশের গাড়ির গতিরোধ করেন কয়েকজন ব্যক্তি। এ সময় তাঁরা পুলিশের ওপর হামলা চালিয়ে গাড়ি ভাঙচুর করেন। একপর্যায়ে পুলিশের হেফাজত থেকে হাতকড়াসহ জাকারিয়া মাহমুদকে ছিনিয়ে নিয়ে যান তাঁরা।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশের গাড়ির গতিরোধ করে আটক ব্যক্তিকে ছিনিয়ে নেওয়া হয়েছে। এ ঘটনায় পুলিশের গাড়ি ক্ষতিগ্রস্ত হলেও কোনো পুলিশ সদস্য আহত হননি। তাঁকে উদ্ধারে পুলিশ অভিযান চালাচ্ছে।

এদিকে সিলেটের পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক জানিয়েছেন, জাকারিয়া মাহমুদকে পুনরায় গ্রেপ্তার এবং পুলিশের ওপর হামলায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের একাধিক দল কাজ করছে।

Visited 8 times, 8 visit(s) today