ঢাবিতে ককটেল বিস্ফোরণ: ছাত্রদলের হাতে আটক তিতুমীর কলেজ ছাত্রশিবিরের নেতা; ছিলেন চব্বিশে জুলাই যোদ্ধা

ঢাবিতে ককটেল বিস্ফোরণ: ছাত্রদলের হাতে আটক তিতুমীর কলেজ ছাত্রশিবিরের নেতা; ছিলেন চব্বিশে জুলাই যোদ্ধা
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক।  ঢাকা, ১০ নভেম্বর, ২০২৬।


ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে টানা দ্বিতীয় দিনের মতো ককটেল বিস্ফোরণের ঘটনায় সন্দেহভাজন হিসেবে আটক হয়েছেন রাজধানীর সরকারি তিতুমীর কলেজ ছাত্রশিবিরের এক নেতা। সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) এলাকায় বিস্ফোরণের পর শিক্ষার্থীদের ধাওয়ায় দুজন আটক হন। তাদের একজনের পরিচয় পাওয়া গেছে আব্দুল্লাহ আল জোবায়ের ওরফে জামিল মল্লিক (২৬) হিসেবে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে টিএসসি মেট্রোরেল স্টেশনের নিচে হঠাৎ একটি ককটেল বিস্ফোরিত হয়। বিকট শব্দে ক্যাম্পাস এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় ঘটনাস্থলে উপস্থিত ছাত্রদলের নেতাকর্মীরা কয়েকজনকে ধাওয়া করেন। পরে তাদের মধ্য থেকে দুজনকে আটক করা হয়।

আটক জামিল মল্লিকের বাড়ি পাবনা জেলার সাঁথিয়া উপজেলার করমজা মল্লিকপাড়া এলাকায়। তার বাবার নাম মৃত হান্নান আলম মল্লিক এবং মায়ের নাম জাহানারা খাতুন। তিনি রাজধানীর সরকারি তিতুমীর কলেজের মনোবিজ্ঞান বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, জামিল মল্লিক ইসলামী ছাত্রশিবিরের সাথী হিসেবে সাংগঠনিক কার্যক্রমের সঙ্গে যুক্ত ছিলেন। তার সামাজিক যোগাযোগমাধ্যমের প্রোফাইলেও জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনৈতিক সংশ্লিষ্টতার ইঙ্গিত পাওয়া গেছে বলে দাবি করা হয়েছে।

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় টানা দ্বিতীয় দিনের মতো ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটল। ধারাবাহিক এসব বিস্ফোরণে ক্যাম্পাসের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

Visited 98 times, 98 visit(s) today