এলপিজির ভর্তুকি দেওয়ার সক্ষমতা শেষের পথে, উপদেষ্টার বক্তব্যে সিলিন্ডারের দাম আবারও বাড়ানোর ইঙ্গিত

এলপিজির ভর্তুকি দেওয়ার সক্ষমতা শেষের পথে, উপদেষ্টার বক্তব্যে সিলিন্ডারের দাম আবারও বাড়ানোর ইঙ্গিত
শেয়ার করুন

❐ নিজস্ব প্রতিবেদক


সরকারি দামের চেয়ে ৫০০–৬০০ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার; সরবরাহ সংকটের কথাও স্বীকার করলেন জাহেদ উর রহমান। চালের দাম নিয়ন্ত্রণে মজুত সক্ষমতা দ্বিগুণ করার উদ্যোগ।

এলপিজি (তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস) সিলিন্ডারের দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখতে সরকারের ভর্তুকি দেওয়ার সক্ষমতা প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান।

তার বক্তব্য অনুযায়ী, ভর্তুকি দিয়ে গ্যাসের দাম কমিয়ে রাখার সুযোগ সরকারের ক্রমেই সীমিত হয়ে আসছে।

১০ই নভেম্বর, মঙ্গলবার সচিবালয়ে সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ব্রিফিংয়ে সাংবাদিকরা জানান, সরকার নির্ধারিত দামে বাজারে এলপিজি সিলিন্ডার পাওয়া যাচ্ছে না। কোথাও কোথাও নির্ধারিত দামের চেয়ে ৫০০ থেকে ৬০০ টাকা বেশি নেওয়া হচ্ছে। একই সময়ে চালের দামও বেড়েছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের এমন মূল্যবৃদ্ধি সরকারের বাজার তদারকির দুর্বলতার প্রতিফলন কি না, তা জানতে চাওয়া হয়।

জবাবে জাহেদ উর রহমান স্বীকার করেন, সরকার যে দামকে যৌক্তিক মনে করছে, কোনো কোনো এলাকায় তার চেয়েও বেশি দামে এলপিজি বিক্রি হচ্ছে। তিনি বলেন, সরবরাহের ক্ষেত্রেও কিছু সমস্যা রয়েছে এবং বিষয়টি অস্বীকার করে তিনি দায় এড়াতে চান না।

এলপিজির দাম বাড়ানোর পক্ষে সরকারের যুক্তি তুলে ধরে উপদেষ্টা বলেন, সরকার ভর্তুকি দিয়ে পণ্যের দাম কম রাখতে পারে। কিন্তু সেই ভর্তুকি দেওয়ার সক্ষমতা প্রায় শেষ পর্যায়ে। তার মতে, এ অবস্থায় ভর্তুকি দিয়ে কৃত্রিমভাবে দাম কমিয়ে রাখলে দীর্ঘমেয়াদে তা জনগণের জন্য ক্ষতিকর হতে পারে।

তিনি আরও বলেন, বিভিন্ন খাতে সরকার আগে যে পরিমাণ ভর্তুকি দিত, তা কমে এসেছে। ফলে সব ক্ষেত্রে ভর্তুকি দিয়ে পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখা সম্ভব হচ্ছে না। গ্যাসের দাম বাড়লেও দীর্ঘমেয়াদে এর কল্যাণকর দিক রয়েছে বলে তিনি মন্তব্য করেন।

তবে উপদেষ্টা একই সঙ্গে দুটি বিষয়কে আলাদা করে দেখার ওপর গুরুত্ব দেন। তার বক্তব্য অনুযায়ী, সরকার নির্ধারিত দাম কার্যকর না হওয়া এবং নির্ধারিত দামের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি হওয়া এক বিষয় নয়। বাজারে নির্ধারিত দামের চেয়ে বেশি দামে এলপিজি বিক্রির ক্ষেত্রে সরকারের পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলেও তিনি স্বীকার করেন।

চালের দাম নিয়ন্ত্রণে মজুত বাড়ানোর উদ্যোগ

এদিকে চালের দাম বৃদ্ধির বিষয়ে উপদেষ্টা বলেন, বাজার নিয়ন্ত্রণে সরকারের কার্যকর একটি উপায় হচ্ছে পণ্যের সরবরাহ বাড়ানো। এ লক্ষ্যে চালের মজুত সক্ষমতা দ্বিগুণ করার উদ্যোগ নেওয়া হয়েছে এবং এর কাজ ইতোমধ্যে শুরু হয়েছে।

তিনি জানান, পর্যাপ্ত চাল মজুত নিশ্চিত করে প্রয়োজনে বাজারে সরবরাহ বাড়ানো হবে। পুলিশ পাঠিয়ে বাজার নিয়ন্ত্রণের চেয়ে সরবরাহ বাড়িয়ে বাজারে হস্তক্ষেপ করাকে বেশি কার্যকর মনে করছে সরকার।

বাজার পরিস্থিতি পর্যবেক্ষণের চেষ্টা চলছে উল্লেখ করে তিনি বলেন, বাজার অর্থনীতিতে শুধু মনিটরিংয়ের মাধ্যমে সব সময় কার্যকর ফল পাওয়া যায় না।

Visited 1 times, 1 visit(s) today