১০ নভেম্বরের সর্বাত্মক ধর্মঘট ও ‘গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধার’-এর দাবিতে পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তে অবস্থান কর্মসূচি পালন করেছেন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। প্রায় এক ঘণ্টা বন্ধ ছিল টোলপ্লাজার কার্যক্রম। ককটেল বিস্ফোরণের শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে সাধারণ মানুষের মধ্যে।
শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা এলাকায় পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজা অবরোধ করে ১০ নভেম্বরের ধর্মঘট পালন করেছেন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ১টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে এ কর্মসূচির চিত্র দেখা যায়।
আন্দোলনকারীরা ছাত্রলীগের ডাকা দেশব্যাপী সর্বাত্মক ধর্মঘটের প্রতি সংহতি জানিয়ে এবং ‘গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধার’-এর দাবিতে এ অবরোধ কর্মসূচি পালন করেন বলে প্রচারিত ভিডিওতে তাদের স্লোগান ও অবস্থান থেকে জানা যায়।
ভিডিওতে দেখা যায়, কয়েক হাজার নেতাকর্মী হাতে বৈঠা নিয়ে টোলপ্লাজার সামনে অবস্থান করছেন। তাদের ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগানের পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ইকবাল হোসেন অপুর নামেও স্লোগান দিতে শোনা যায়।
অবরোধের কারণে প্রায় এক ঘণ্টা টোল আদায় কার্যক্রম বন্ধ থাকে। এতে পদ্মা সেতু দিয়ে যানবাহন চলাচল ব্যাহত হয় এবং সেতু পারাপারের অপেক্ষায় থাকা যাত্রী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়।
এ সময় টোলপ্লাজা এলাকায় একাধিক ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়। তবে কারা এসব বিস্ফোরণ ঘটিয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। কয়েকটি গণমাধ্যমের প্রতিবেদনে গাড়ি ভাঙচুরের কথাও উল্লেখ করা হয়েছে।
এ কর্মসূচির ভিডিও শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ইকবাল হোসেন অপুর ছেলে ‘Danib Bin Iqbal’-এর ফেসবুক অ্যাকাউন্টসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট থেকে ছড়িয়ে পড়ে।
এ বিষয়ে বক্তব্য জানতে পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে অবরোধ, বিস্ফোরণ ও যানবাহন ভাঙচুরের বিষয়ে পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
