❐ নিজস্ব প্রতিবেদক
কক্সবাজার জেলা ছাত্রলীগের ৮৩৭ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদনের তথ্য প্রকাশ্যে এসেছে। কমিটি ঘিরে তৃণমূলের মাঝে দেখা দিয়েছে ব্যাপক উদ্দীপনা। নতুন নেতৃত্ব আসায় ছাত্রলীগসহ আওয়ামী লীগের অপর অঙ্গ-সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনেও নতুন করে সৃষ্টি হয়েছে প্রাণচাঞ্চল্য।
জানা গেছে, কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদকের পাশাপাশি ১৯২ জনকে সহসভাপতি করা হয়েছে।
৮ই অক্টোবর, বৃহস্পতিবার প্রকাশিত তথ্য অনুযায়ী, দীর্ঘ ছয় বছর পর কক্সবাজার জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়। কমিটিতে ২২ জনকে যুগ্ম সাধারণ সম্পাদক এবং ২০ জনকে সাংগঠনিক সম্পাদক রাখা হয়েছে।
কমিটির বিভিন্ন বিষয়ভিত্তিক সম্পাদক ও উপসম্পাদক পদে রয়েছেন ২৬৭ জন। এ ছাড়া ১৮০ জনকে সহসম্পাদক এবং ১৭৫ জনকে সদস্য পদ দেওয়া হয়েছে। কমিটির সভাপতি সাদ্দাম হোসাইন এবং সাধারণ সম্পাদক আবু মো. মারুফ আদনান।
প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২০ সালের ২ নভেম্বর কক্সবাজার জেলা ছাত্রলীগের আগের কমিটি বিলুপ্ত করে এক বছরের জন্য ১৪ সদস্যের নতুন কমিটি ঘোষণা করা হয়েছিল। ওই কমিটিতে সাদ্দাম হোসাইনকে সভাপতি এবং আবু মো. মারুফ আদনানকে সাধারণ সম্পাদক করা হয়।
তবে নির্ধারিত এক বছরের মেয়াদের মধ্যে ওই কমিটি পূর্ণাঙ্গ করা হয়নি। প্রায় ছয় বছর পর ৮৩৭ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদনের তথ্য সামনে এলো।
কমিটি গঠনের বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে সংগঠনটির একাধিক নেতা দাবি করেছেন, কমিটিতে থাকতে আগ্রহী কাউকে বাদ দেওয়া হয়নি। যারা কমিটিতে অন্তর্ভুক্ত হতে চেয়েছেন, তাদের সবাইকে রাখা হয়েছে।
