খাগড়াছড়ির মন্দিরে তালা ভেঙে দুর্ধর্ষ চুরি, বিগ্রহের গয়নাসহ খোয়া গেল ৫ লাখ টাকার সামগ্রী

খাগড়াছড়ির মন্দিরে তালা ভেঙে দুর্ধর্ষ চুরি, বিগ্রহের গয়নাসহ খোয়া গেল ৫ লাখ টাকার সামগ্রী
শেয়ার করুন

 

স্থানীয় সংবাদদাতা। খাগড়াছড়ি, ২৬ নভেম্বর, ২০২৬।



প্রতিদিন সকাল ছয়টায় মন্দিরে গিয়ে পূজা করেন তিনি। বৃহস্পতিবারও যথারীতি ওই সময় মন্দিরে পৌঁছান। পূজার জন্য হাতে শাঁখ নিয়ে ঘণ্টা খুঁজতে গিয়ে দেখেন, সেটি নেই। এরপর বেদির দিকে তাকিয়ে দেখেন, বিগ্রহের গায়ে থাকা সোনা-রুপার গয়নাগুলোও উধাও। তখনই বুঝতে পারেন, মন্দিরে চুরি হয়েছে।

খাগড়াছড়ির তিনটহরী ইউনিয়নের বড়ডলু হিন্দুপাড়ার এক নারী পুণ্যার্থী এ কথা জানান। ওই পাড়ার বাসুদেব স্বরূপ গীতা আশ্রম মন্দিরে চুরির ঘটনা ঘটেছে।

মন্দির পরিচালনা কমিটির সদস্য ও পুণ্যার্থীদের ভাষ্য, রাতের কোনো এক সময়ে তালা ভেঙে চোর ভেতরে ঢোকে এবং মন্দিরের মূল্যবান সামগ্রী নিয়ে যায়।

এক পুণ্যার্থী বলেন, “ঠাকুরকে ভোগ দেওয়ার বাটিটিও চুরি করে নিয়ে গেছে। ঘটনাটি আমাদের জন্য খুবই হতাশাজনক। আমরা চাই, পুলিশ দ্রুত ব্যবস্থা নিক।”

মন্দির পরিচালনা কমিটির সভাপতি আশীষ দাশ জানান, প্রতিমার ব্যবহৃত সোনার আংটি, লকেট, গলার সেট, চেইন, চুড়ি, মাথার তাজ ও রুপার আংটির পাশাপাশি পিতল ও কাঁসার প্রতিমা এবং পূজার নানা সামগ্রী চুরি হয়েছে। কমিটির হিসাবে, এসব সামগ্রীর মূল্য অন্তত ৫ লাখ টাকা।

খবর পেয়ে মন্দিরটি পরিদর্শন করেন মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদ খান চৌধুরী। তিনি বলেন, “মন্দির পরিচালনা কমিটির নেতাদের সঙ্গে কথা বলেছি। প্রতিমার স্বর্ণালংকারসহ বিভিন্ন সামগ্রী চুরির ঘটনায় তাঁরা এখনো লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Visited 12 times, 1 visit(s) today