খাগড়াছড়িতে বিএনপি কার্যালয় ও জিপে আগুন

খাগড়াছড়িতে বিএনপি কার্যালয় ও জিপে আগুন
শেয়ার করুন

জেলা প্রতিনিধি

খাগড়াছড়ির গুইমারা উপজেলায় বিএনপির একটি কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। একই রাতে খাগড়াছড়ি শহরে দাঁড়িয়ে থাকা একটি জিপেও আগুন দেওয়া হয়েছে। এ ছাড়া জেলার দুটি সড়কে গাছ কেটে ফেলে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে দুর্বৃত্তরা।

৯ই নভেম্বর, সোমবার মধ্যরাতে গুইমারা উপজেলার হাফছড়ি ইউনিয়নের বড়পিলাক ৬ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এতে কার্যালয়ের আসবাবপত্রসহ পুরো স্থাপনা পুড়ে গেছে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোহরাওয়ার্দী বলেন, রাতের আঁধারে কে বা কারা বিএনপি কার্যালয়ে আগুন দিয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন আটজনকে হেফাজতে নেওয়া হয়েছে।

খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আবছার এ ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীদের দায়ী করেছেন। তিনি বলেন, আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের সন্ত্রাসীরা এ আগুন দিয়েছে।

খাগড়াছড়ির সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা রফিকুল আলম কারাগারে থাকলেও তার সহযোগীরা মামলার পরও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন। তারাই শহরে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছেন। এসব চিহ্নিত ব্যক্তিকে গ্রেপ্তারের দাবি জানান তিনি।

এদিকে সোমবার রাত আড়াইটার দিকে খাগড়াছড়ি শহরের পানখাইয়া সড়কে কেএসটিসি হাসপাতালের সামনে দাঁড়িয়ে থাকা একটি চাঁদের গাড়িতে (জিপ) আগুন দেওয়া হয়। এতে গাড়িটি পুড়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।

খাগড়াছড়ি ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মুকুল কুমার নাথ জানান, ভোর সাড়ে ৪টার দিকে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় পাঁচ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে।

গাড়ির মালিক মোহাম্মদ শাহীন জানান, রাতের আঁধারে ১০ থেকে ১২ জন দুর্বৃত্ত তার গাড়িতে আগুন দেয়। পরিবারের একমাত্র উপার্জনের অবলম্বন গাড়িটি পুড়ে যাওয়ায় তিনি দিশেহারা হয়ে পড়েছেন। এতে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।

এ ছাড়া সোমবার মধ্যরাতে জেলার দীঘিনালা সড়কের সাত মাইল এবং মাটিরাঙা সড়কের রিছাং ঝরনা এলাকায় গাছ কেটে সড়কে ফেলে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা গাছ সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয় বলে জানান কর্মকর্তা মুকুল কুমার নাথ।

Visited 3 times, 2 visit(s) today