❐ জেলা প্রতিনিধি
রাজশাহীর তানোর উপজেলায় বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের একটি কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে কার্যালয়ের ভেতরে থাকা আসবাব ও নথিপত্র পুড়ে গেছে।
১০ই নভেম্বর, মঙ্গলবার ভোরে উপজেলার কলমা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আজিজপুর গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, একতলা একটি ভবনের দোকানঘরে বিএনপি ও এর অঙ্গসংগঠনের কার্যালয়টি স্থাপন করা হয়েছিল। সোমবার দিবাগত রাতে দুর্বৃত্তরা কার্যালয়টিতে আগুন দেয়। এতে ভেতরে থাকা আসবাব ও নথিপত্র পুড়ে যায়। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
ঘটনার খবর পেয়ে মঙ্গলবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাঈমা খান।
উপজেলা ছাত্রদলের সদস্যসচিব মোতালেব হোসেন অভিযোগ করেন, আওয়ামী লীগের লোকজন নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে। তার দাবি, তারাই কার্যালয়টিতে আগুন দিয়েছে।
তবে কারা এবং কী কারণে আগুন দিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, শেষরাতের দিকে দুর্বৃত্তরা কার্যালয়টিতে অগ্নিসংযোগ করে। এতে ভেতরের আসবাব ও নথিপত্র পুড়ে গেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
