নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ ছাত্রলীগের ডাকা ১০ই নভেম্বরের দেশব্যাপী ধর্মঘটকে কেন্দ্র করে রাজধানী ঢাকায় উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ৯ই নভেম্বর, সোমবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত রাজধানীর বিভিন্ন স্থানে দফায় দফায় ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
এসব ঘটনার পর নগরবাসীর মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
রাজধানীর ফার্মগেট, আদাবর, মিরপুর, যাত্রাবাড়ী, গুলশান, মহাখালী, বনানী, মগবাজার, তিতুমীর কলেজের সামনেসহ বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
এ ছাড়া ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচে লাব্বাইক পরিবহনের একটি বাস এবং মিরপুর-১১ নম্বরে পার্কিং করে রাখা বসুমতি পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়।
আদাবরের টোকিও স্কয়ারের সামনে পরপর চারটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। মগবাজারে পুলিশ চেকপোস্টে ককটেল নিক্ষেপের চেষ্টাকালে চারজনকে আটক করে পুলিশ। তিতুমীর কলেজের সামনেও এক শিবির নেতা জুলাই যোদ্ধাকে আটক করেন শিক্ষার্থীরা।
এসব ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের খবর পাওয়া যায়নি।
ধর্মঘটের দিন ১০ই নভেম্বর, মঙ্গলবার রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়। ফার্মগেট, তেজগাঁও, রামপুরা, মতিঝিল, গুলিস্তান ও মানিক মিয়া অ্যাভিনিউসহ গুরুত্বপূর্ণ এলাকায় পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে।
তবে রাতের সহিংসতার আশঙ্কা থাকলেও মঙ্গলবার সকাল থেকে রাজধানীতে বড় ধরনের কোনো সংঘাতের খবর পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, রাজধানীর বিভিন্ন রুটে বাসসহ গণপরিবহন চলাচল স্বাভাবিক রয়েছে। গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি নিয়মিত টহল অব্যাহত রয়েছে।
এদিকে, রাজধানীর বাইরে দেশের বিভিন্ন জেলায়ও ধর্মঘট ঘিরে সহিংসতার ঘটনা ঘটেছে। গোপালগঞ্জে একাধিক স্থানে ককটেল বিস্ফোরণ, সড়ক অবরোধ ও মশাল মিছিলের ঘটনা ঘটে।
মানিকগঞ্জে ককটেল বিস্ফোরণের পর একটি গাড়িতে আগুন দেওয়া হয়। খাগড়াছড়িতেও যানবাহনে অগ্নিসংযোগ ও সড়কে গাছ ফেলে প্রতিবন্ধকতা তৈরির ঘটনা ঘটে।
