❐ নিজস্ব প্রতিবেদক
ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন স্থানে ছাত্রলীগের নেতাকর্মীদের নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ তুলে শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব। একই সময়ে শিক্ষার্থীদের পাশে না থেকে একটি বিশেষ ছাত্র সংগঠনের সমন্বয়কদের ব্যক্তিগত জীবন নিয়ে ব্যস্ত থাকার অভিযোগও তুলেছেন তিনি।
মঙ্গলবার (১০ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এসব মন্তব্য করেন ছাত্রদল সভাপতি।
রাকিবুল ইসলাম রাকিব অভিযোগ করেন, ছাত্রলীগের পলাতক নেতারা বিদেশে বসে সামাজিক যোগাযোগমাধ্যমে হুঙ্কার দিচ্ছেন। পাশাপাশি রাতের আঁধারে ভাড়াটে লোক দিয়ে ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছেন।
তিনি বলেন, গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ও শরীয়তপুরের মতো নির্দিষ্ট কিছু এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করে তারা মূলত কারাগারে থাকা নিজেদের নেতাকর্মীদের পরিস্থিতি আরও কঠিন করে তুলছেন।
গণঅভ্যুত্থানের পর বিশেষ একটি ছাত্র সংগঠনের শীর্ষ নেতৃত্ব ও সমন্বয়কদের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন ছাত্রদল সভাপতি। তাঁর অভিযোগ, ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা সংকট তৈরি হলে একটি পক্ষ আত্মগোপনে চলে যায়।
রাকিব বলেন, বর্তমান উত্তপ্ত পরিস্থিতিতে শিক্ষার্থীদের পাশে না দাঁড়িয়ে কেউ পরিবারকে সময় দিচ্ছেন, আবার কেউ শ্রীমঙ্গলে ঘুরতে যাচ্ছেন। জুলাই-আগস্টের শহীদদের রক্তের সঙ্গে এমন আচরণ বেইমানির শামিল বলেও মন্তব্য করেন তিনি।
সমন্বয়কদের কটাক্ষ করে তিনি আরও বলেন, তাঁদের যদি ‘গুপ্ত রাজনীতি’ করার ইচ্ছা থাকে কিংবা প্রশিক্ষণের প্রয়োজন হয়, তাহলে ছাত্রদলই সেই প্রশিক্ষণের ব্যবস্থা করবে।
ছাত্রদল সভাপতি বলেন, গত সাড়ে ১৫ বছরে তাঁদের শতাধিক নেতাকর্মী গুম ও খুনের শিকার হয়েছেন। ২০২৪ সালের গণঅভ্যুত্থানেও ছাত্রদলের ১৪২ জন নেতাকর্মী শহীদ হয়েছেন বলে দাবি করেন তিনি। তাঁর ভাষ্য, ৫ আগস্টের পর দেশে গণতান্ত্রিক পরিবেশ বিরাজ করছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে কেউ গুম বা হত্যার শিকার হননি।
এ সময় নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনার দাবি জানান রাকিব। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রচেষ্টার জন্য ধন্যবাদও জানান তিনি।

