❐ নিজস্ব প্রতিবেদক
গাজীপুর প্রতিনিধি: ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলে আবারও বিক্ষোভ প্রদর্শন করেছেন পোশাক কারখানার শ্রমিকেরা। আন্দোলন চলাকালে শ্রমিকরা কিছু সময়ের জন্য ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন। উদ্ভূত পরিস্থিতি ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ১১টি কারখানায় ছুটি ঘোষণা করা হলেও গাজীপুরের অধিকাংশ কারখানায় উৎপাদন কার্যক্রম স্বাভাবিক ছিল।
শিল্প পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ৮টা থেকে গাজীপুর শিল্পাঞ্চলের অধিকাংশ পোশাক কারখানায় স্বাভাবিকভাবে উৎপাদন শুরু হয়। তবে সকালের দিকে কোনাবাড়ী এলাকার রিপন নিটওয়্যার লিমিটেড ও কাশিমপুরের মন্ডল গ্রুপের কিছু শ্রমিক জড়ো হয়ে বিক্ষোভের চেষ্টা চালান। এ সময় দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাঁদের ছত্রভঙ্গ করে দেন।
সকাল সাড়ে ১০টার দিকে ইসলামপুর এলাকার নর্প ইন্ডাস্ট্রির শ্রমিকেরা ৩০ হাজার টাকা ন্যূনতম বেতনের দাবিতে সোচ্চার হন এবং আন্দোলন শুরু করেন। উত্তপ্ত পরিস্থিতি বিবেচনায় কারখানা কর্তৃপক্ষ দ্রুত ছুটি ঘোষণা করলে শ্রমিকেরা বাইরে বেরিয়ে আসেন। পরবর্তীতে তাঁরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাওজোড় এলাকায় অবস্থান নিয়ে মহাসড়ক অবরোধ করেন এবং আশপাশের কারখানার শ্রমিকদেরও আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানান।
একপর্যায়ে আশপাশের কয়েকটি কারখানার শ্রমিকেরাও জড়ো হতে শুরু করলে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নাওজোড়, ইটাহাটা, চান্দনা চৌরাস্তা ও ভোগড়া বাইপাস এলাকার মোট ১১টি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
ছুটি ঘোষণার পর অধিকাংশ শ্রমিক শান্তভাবে নিজ নিজ আবাসে ফিরে গেলেও আন্দোলনকারীদের একটি অংশ মহাসড়কে অবস্থান অব্যাহত রাখেন। পরে তাঁরা নাওজোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে ভোগড়া বাইপাস এলাকায় গিয়ে অবস্থান নেন।
পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে শিল্প পুলিশের পাশাপাশি থানা পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), আনসার ও গোয়েন্দা সংস্থার সদস্যরা মাঠে নামেন।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গাজীপুর শিল্পাঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও শান্ত রাখতে মোট ১৩ প্লাটুন বিজিবি ও ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। একই সঙ্গে গুরুত্বপূর্ণ মোড় ও এলাকাগুলোতে অতিরিক্ত সদস্য মোতায়েন রাখা হয়েছে।
গাজীপুর শিল্পাঞ্চল পুলিশ-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, সকাল থেকে শিল্পাঞ্চলের পরিবেশ মোটের ওপর স্বাভাবিক ছিল। তবে কয়েকটি স্থানে শ্রমিক বিক্ষোভের কারণে অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানা কর্তৃপক্ষ নিজস্ব সিদ্ধান্তে ছুটি ঘোষণা করে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
