‘গোপালগঞ্জ সংশ্লিষ্টতা’ সন্দেহ: আরও দুই পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তার করল ডিবি

‘গোপালগঞ্জ সংশ্লিষ্টতা’ সন্দেহ: আরও দুই পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তার করল ডিবি
শেয়ার করুন

 

নিজস্ব প্রতিবেদক। ঢাকা, ২৬ নভেম্বর, ২০২৬।



স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নে (এসআরবি) কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসানের পর এবার আরও দুই পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (২৫ নভেম্বর) গাজীপুর ও নোয়াখালী থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

‘গোপালগঞ্জ সংশ্লিষ্টতা’ সন্দেহে তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ সূত্র। গোপালগঞ্জে আওয়ামী লীগের আন্দোলন-মিছিল ও বিক্ষোভের নেপথ্যে তাদের হাত থাকতে পারে বলে দাবি সরকারপক্ষের।

গ্রেপ্তারকৃত দুই কর্মকর্তা হলেন— ২৫তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ এবং ৩৩তম বিসিএসের কর্মকর্তা মো. রাকিবুল হাসান। এর মধ্যে আবুল কালাম আজাদের বাড়ি ঝালকাঠি সদর উপজেলায় এবং রাকিবুল হাসানের বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় বলে জানা গেছে।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, আবুল কালাম আজাদ বর্তমানে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) কর্মরত আছেন। তাকে গাজীপুর থেকে আটক করা হয়। অন্যদিকে, রাকিবুল হাসানকে নোয়াখালী ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার থেকে আটক করা হয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) শফিকুল ইসলাম দুই পুলিশ কর্মকর্তাকে হেফাজতে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

বিডিডাইজেস্ট ১৬ নভেম্বর, ২০২৬, প্রকাশিত সংবাদে জানিয়েছিল , বাংলাদেশ পুলিশের প্রায় ২২ হাজার সদস্যকে বিশেষ নজরদারিতে রাখা হয়েছে। আওয়ামী লীগ সরকারের ১৫ বছরে নিয়োগ পাওয়া এসব পুলিশ সদস্যের বিরুদ্ধে দলটির নেতাকর্মীদের সঙ্গে গোপনে যোগাযোগ রাখার অভিযোগে গোয়েন্দা তৎপরতা চলছে। পাশাপাশি কয়েক হাজার পুলিশ কর্মকর্তা ও সদস্যের বিরুদ্ধে অভ্যন্তরীণ তদন্তও শুরু হয়েছে। সংবাদের লিংকঃ ২২ হাজার পুলিশ বিশেষ নজরদারিতে

এই তদন্তের অংশ হিসাবেই এই পুলিশ সদস্যদের গ্রেফতার কার্যক্রম চলছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) শফিকুল ইসলাম জানান, আটক দুই কর্মকর্তার মধ্যে আবুল কালাম আজাদের বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) মামলার রিকুইজিশন ছিল। আটকের পর তাকে সংশ্লিষ্ট থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আর অপর কর্মকর্তা রাকিবুল হাসানকে নিয়মিত মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

এর আগে গত ২৪শে নভেম্বর, সোমবার গোপালগঞ্জ জেলায় সাম্প্রতিক নাশকতায় সংশ্লিষ্টতার অভিযোগে এসআরবি-১৪ ভৈরব কোম্পানির কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসানকে গ্রেপ্তার করে ডিবি।

Visited 22 times, 1 visit(s) today