এতো বোয়িং ক্রয়, তুলাসহ পণ্য আমদানির রেকর্ড সত্ত্বেও ঠেকানো যায়নি একের পর এক মার্কিন শুল্কারোপ!

এতো বোয়িং ক্রয়, তুলাসহ পণ্য আমদানির রেকর্ড সত্ত্বেও ঠেকানো যায়নি একের পর এক মার্কিন শুল্কারোপ!
শেয়ার করুন

❐ নিজস্ব প্রতিবেদক


রেসিপ্রোকাল ট্যারিফ চুক্তি সইয়ের পর এপ্রিল-জুন প্রান্তিকে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের আমদানি দ্বিগুণেরও বেশি হয়েছে। বোয়িংয়ের উড়োজাহাজ কিনতেও বড় অর্ডার দিয়েছে বাংলাদেশ। এরপরও যুক্তরাষ্ট্রের তুলা দিয়ে তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশকে শুল্কমুক্ত সুবিধা দেয়নি ওয়াশিংটন।

বরং ‘অতিরিক্ত উৎপাদন সক্ষমতা’র অভিযোগ তুলে বাংলাদেশি পণ্যের ওপর আরও ১৮ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব করেছে।

ট্রাম্প প্রশাসন চীন থেকে সুতা আমদানি কমিয়ে যুক্তরাষ্ট্র থেকে আরও বেশি সুতা কিনতে ঢাকার ওপর চাপও দিচ্ছে। শিল্প খাতের নেতারা সতর্ক করেছেন, এতে উৎপাদন ব্যয় বাড়বে এবং এমনিতেই সংকটে থাকা দেশের বস্ত্র খাত আরও ঝুঁকিতে পড়বে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে দেশের মোট আমদানি বেড়েছে মাত্র ০ দশমিক ৫০ শতাংশ। তবে যুক্তরাষ্ট্র থেকে আমদানি ব্যয় বেড়েছে ৩২ শতাংশের বেশি। গত অর্থবছরে বাংলাদেশ ৩৩১ কোটি ডলারের সুতা এবং ৩০০ কোটি ডলারের তুলা আমদানি করেছে।

এ ছাড়া বিপুল পরিমাণ কাপড় ও ফাইবারও আমদানি করা হয়েছে, যার বড় অংশ এসেছে চীন থেকে। যুক্তরাষ্ট্র চীনকে ‘নন-মার্কেট ইকোনমি’ বা অ-বাজার অর্থনীতি হিসেবে উল্লেখ করে।

বাংলাদেশ ব্যাংকের দেশভিত্তিক আমদানি পরিসংখ্যান বলছে, ২০২৫-২৬ অর্থবছরে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের আমদানি বেড়ে ৩৬০ কোটি ডলারে দাঁড়িয়েছে। আগের অর্থবছরে এর পরিমাণ ছিল ২৭২ কোটি ডলার। ফেব্রুয়ারিতে রেসিপ্রোকাল ট্যারিফ চুক্তি সইয়ের পর এপ্রিল-জুন প্রান্তিকে আগের প্রান্তিকের তুলনায় আমদানি ১১৩ দশমিক ১১ শতাংশ বেড়ে ১২৯ কোটি ডলারে পৌঁছায়।

জানুয়ারি-মার্চ প্রান্তিকে আমদানি ছিল ৬০৫ দশমিক ৬ মিলিয়ন, অর্থাৎ ৬০ কোটি ৫৬ লাখ ডলার।

এই প্রবৃদ্ধির প্রায় ৯৩ শতাংশই এসেছে জ্বালানি ও তেল আমদানিতে ব্যয় বাড়ার কারণে।

যুক্তরাষ্ট্রের জ্বালানি তথ্য প্রশাসনের (ইআইএ) পরিসংখ্যান অনুযায়ী, ২০২৬ সালের প্রথম ছয় মাসে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি আগের বছরের একই সময়ের তুলনায় ৬১ শতাংশ বেড়ে ৫০ দশমিক ২৩ বিলিয়ন ঘনফুটে (বিসিএফ) দাঁড়িয়েছে। আগের বছরের প্রথমার্ধে আমদানির পরিমাণ ছিল ৩১ দশমিক ২৭ বিসিএফ।

দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তির আওতায় আগামী ১৫ বছরে প্রায় ১৫ বিলিয়ন বা দেড় হাজার কোটি ডলারের মার্কিন এলএনজি আমদানি করবে বাংলাদেশ। এ ছাড়া প্রতিবছর ৭ লাখ টন গম, ২৬ লাখ টন সয়াবিন ও সয়াজাত পণ্য এবং ৩৫০ কোটি ডলারের তুলা কেনার কথা রয়েছে।

একই সঙ্গে ২০২৬ থেকে ২০৩৮ সালের মধ্যে গানভর ইএসএ এলএলসি থেকে ১১৭টি এলএনজি কার্গো আমদানির ১২ বছর মেয়াদি চুক্তিও সরকার অনুমোদন করেছে। তবে চুক্তিটির আর্থিক মূল্য প্রকাশ করা হয়নি।

এদিকে বিমান বাংলাদেশ এয়ারলাইনস বোয়িংয়ের কাছ থেকে ২৫টি উড়োজাহাজ কিনবে। এর মধ্যে ১৪টি উড়োজাহাজের জন্য গত ৩০ এপ্রিল ৩৭০ কোটি ডলার বা প্রায় ৪৫ হাজার ৫১০ কোটি টাকার চুক্তি হয়েছে। এগুলো সরবরাহ করার কথা ২০৩১ থেকে ২০৩৫ সালের মধ্যে। বাকি ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি ২৪ সেপ্টেম্বর নিউইয়র্কে সই হয়েছে, তবে সেগুলোর দাম জানানো হয়নি।

যুক্তরাষ্ট্রের প্রায় ৪ হাজার ৫০০টি পণ্যে শুল্কমুক্ত প্রবেশাধিকার দিতে সম্মত হয়েছে বাংলাদেশ। আরও ২ হাজার ২১০টি পণ্যের শুল্ক আগামী ১০ বছরে ধাপে ধাপে কমানোর কথাও রয়েছে।

বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) হিসাব করেছে, এসব ছাড়ের কারণে চলতি অর্থবছরে আমদানি শুল্ক থেকে সরকারের আয় ১ হাজার ৩২৭ কোটি টাকা কমতে পারে।

অন্যদিকে, সরকার-থেকে-সরকার (জিটুজি) ব্যবস্থায় মার্কিন গম কেনার দামও বেড়েছে। গত ডিসেম্বরে প্রতি টন গমের দাম ছিল ৩১২ দশমিক ২৫ ডলার। ৪ লাখ ৪০ হাজার টনের নতুন চুক্তিতে তা বেড়ে প্রতি টন ৩৪৭ দশমিক ৭৫ ডলার হয়েছে।

ব্যবসায়ীদের অভিযোগ, প্রচলিত আন্তর্জাতিক বাজারদরের তুলনায় বেশি দাম দিয়ে বেশ কিছু মার্কিন পণ্য কেনা হয়েছে।

যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক আরোপের ঘোষণা বুধবার বাংলাদেশ সময় রাতে আসার পরদিন, বৃহস্পতিবার, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সাংবাদিকদের বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার সুযোগ রয়েছে। দেশটির সঙ্গে সই করা চুক্তির কয়েকটি বিষয়কে বাংলাদেশ ‘আনজাস্টিফাইড’ বা অন্যায্য মনে করে। সেগুলো নিয়ে আলোচনা করা যাবে এবং পরবর্তী আলোচনায় বাংলাদেশ বিষয়গুলো তুলবে।

ইউনূসের অন্তর্বর্তী সরকারের সময়ে সই হওয়া চুক্তি অনুযায়ী, যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা তুলায় তৈরি পোশাক রপ্তানিতে গত সেপ্টেম্বর থেকে বাংলাদেশের শুল্কমুক্ত সুবিধা পাওয়ার কথা ছিল। কিন্তু কবে নাগাদ এ সুবিধা কার্যকর হবে, তা নিশ্চিত করে কেউ বলতে পারছেন না।

এ সুবিধার আশায় বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে বেশি দামের তুলাসহ বিভিন্ন পণ্যের আমদানি বাড়িয়েছে। তবু প্রতিশ্রুত ছাড় এখনও মেলেনি।

বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান বাবু বলেন, “গত মাসে আমরা যুক্তরাষ্ট্র দূতাবাসের সঙ্গে এ বিষয়ে বৈঠক করেছি। তাদের জানিয়েছি, সেপ্টেম্বরের শেষ দিক থেকেই যুক্তরাষ্ট্রের তুলা দিয়ে তৈরি পোশাক রপ্তানিতে শুল্কমুক্ত সুবিধা পাওয়ার কথা ছিল, কিন্তু তা পাচ্ছি না। দূতাবাস জানিয়েছে, যুক্তরাষ্ট্রের কাস্টমস বিভাগ এখনও বিষয়টি নিয়ে কাজ করছে।”

যুক্তরাষ্ট্র বাংলাদেশকে ফাইবার আমদানির শর্ত দিয়েছিল জানিয়ে বিজিএমইএ সভাপতি বলেন, “বাংলাদেশ, ভারতসহ অন্য দেশগুলো এ শর্তে রাজি না হওয়ায় আমাদের লবিস্টের মাধ্যমে তারা সুতা আমদানির প্রস্তাব দিয়েছে। যুক্তরাষ্ট্রের সুতা অনেক ব্যয়বহুল। সেগুলো আমদানি করে পোশাক তৈরি ও রপ্তানি করলে ব্যয় অনেক বেড়ে যাবে।”

তিনি আরও বলেন, “বাংলাদেশের টেক্সটাইল খাতের অবস্থা এমনিতেই খুব খারাপ। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র থেকে সুতা আমদানি করলে এ খাতে বিপর্যয় নেমে আসবে।”

নতুন শুল্ক আরোপের প্রস্তাবে বাংলাদেশি শ্রমিকদের কম মজুরি এবং চীন থেকে কাঁচামাল বা উপকরণ আমদানির বিষয়েও প্রশ্ন তুলেছে যুক্তরাষ্ট্র। অথচ দেশটির শুল্ক আরোপের ঘোষণার আগের দিনই বাংলাদেশের ন্যূনতম মজুরি বোর্ড পোশাকশ্রমিকদের মজুরি বাড়ানোর সুপারিশ করেছিল।

শিল্পসংশ্লিষ্টদের ভাষ্য, চীন থেকে বাংলাদেশের আমদানি হয় এশিয়া-প্যাসিফিক ট্রেড এগ্রিমেন্ট (আপটা) নামের আঞ্চলিক বাণিজ্য চুক্তির আওতায়। তা ছাড়া চীন থেকে আনা কাঁচামালে তৈরি পোশাক বাংলাদেশ যুক্তরাষ্ট্রে খুব বেশি রপ্তানি করে না।

চীন ও রাশিয়াসহ ‘নন-মার্কেট ইকোনমি’ হিসেবে চিহ্নিত দেশগুলো থেকে আমদানি কমাতে বাংলাদেশকে চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র। কিন্তু নিজেদের প্রয়োজন অনুযায়ী যুক্তরাষ্ট্র কখনও এসব দেশের ওপর আমদানি নিষেধাজ্ঞা দিচ্ছে, আবার কখনও তা তুলে নিয়ে আমদানি বাড়াচ্ছে।

গত বছরের এপ্রিলে রেসিপ্রোকাল ট্যারিফ আরোপের পর থেকেই যুক্তরাষ্ট্রের পণ্যে শুল্ক কমানোর পাশাপাশি দেশটি থেকে আমদানি বাড়িয়েছে বাংলাদেশ।

ইউনূসের অন্তর্বর্তী সরকার গত ৯ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের সঙ্গে রেসিপ্রোকাল ট্যারিফ চুক্তি সই করে। এরপর দেশটি থেকে বোয়িংয়ের উড়োজাহাজ কেনার চুক্তি করা হয়। আন্তর্জাতিক বাজারদরের চেয়ে বেশি দামে গম, এলএনজি, সয়াবিন, কৃষিপণ্য ও সরঞ্জামসহ বিভিন্ন পণ্যের আমদানিও প্রায় দ্বিগুণ করা হয়েছে।

সিপিডির সম্মাননীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ফেব্রুয়ারির চুক্তিটি যেভাবে সাজানো হয়েছিল, তাতে শুল্কের এই হুমকি অপ্রত্যাশিত হওয়ার কথা নয়।

তিনি বলেন, “চুক্তির সময় যে রাজনৈতিক সমঝোতা হয়েছিল, তাতে এ ধরনের কিছু ঘটতে পারে বলে তখনই অনুমান করা যাচ্ছিল। যাঁরা চুক্তিটি করেছিলেন, তাঁরা একে ‘হাইলি ট্রানজ্যাকশনাল, নট স্ট্র্যাটেজিক’—অর্থাৎ কৌশলগত নয়, বরং লেনদেনভিত্তিক—বলে ব্যাখ্যা করেছিলেন। এখন আমরা এই পরিস্থিতিতে আটকা পড়েছি। যুক্তরাষ্ট্র বাংলাদেশের বিষয়ে আরও নানা পদক্ষেপ নিচ্ছে। এ বিষয়ে আমাদের সমন্বিত কৌশল নেওয়া দরকার।”

বাণিজ্য মন্ত্রণালয়ের ডব্লিউটিও সেলের সাবেক মহাপরিচালক মো. হাফিজুর রহমান বলেন, বাংলাদেশ এখনও রেসিপ্রোকাল ট্যারিফ চুক্তি অনুমোদন বা রেটিফাই করেনি। তাঁর ধারণা, চুক্তিটি দ্রুত কার্যকর করতে চাপ দিতেই যুক্তরাষ্ট্র নতুন করে শুল্ক আরোপের কথা বলে থাকতে পারে।

তিনি আরও জানান, নকল পোশাক তৈরি ও রপ্তানির অভিযোগও বাংলাদেশের বিরুদ্ধে তুলেছে যুক্তরাষ্ট্র। এ অভিযোগের জবাব দিয়েছে বাংলাদেশ। এরপর থেকে দেশটি বাংলাদেশকে ওয়াচলিস্টে রেখেছে। ফলে এ-সংক্রান্ত শুল্কের হুমকিও রয়ে গেছে।

বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি শামীম ইসলাম বলেন, প্রতিশ্রুত ছাড় না পেলেও ঢাকা চুক্তিতে নিজেদের অংশের অঙ্গীকার পূরণ করেছে। বাংলাদেশের শিল্প খাতের সীমাবদ্ধতাগুলো ব্যাখ্যা করতে তিনি দ্রুত কূটনৈতিক তৎপরতা চালানোর আহ্বান জানান।

বাণিজ্য বিশ্লেষকেরা বলছেন, চীন ও রাশিয়াকে ‘নন-মার্কেট ইকোনমি’ আখ্যা দিয়ে এসব দেশের সঙ্গে বাণিজ্যের কারণে তৃতীয় দেশগুলোর ওপর চাপ দিচ্ছে ওয়াশিংটন। অথচ চীন ও রাশিয়ার সঙ্গে নিজেদের বাণিজ্যের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র বাস্তববাদী নীতি অনুসরণ করছে—এমন উদাহরণও রয়েছে। বিশ্লেষকেরা এই বৈপরীত্যের দিকেই ইঙ্গিত করেছেন।

ইউক্রেনে যুদ্ধ শুরুর পর রাশিয়ার ওপর ব্যাপক নিষেধাজ্ঞা আরোপ করা হলেও, ইরানের সঙ্গে যুদ্ধ শুরুর পর হরমুজ প্রণালিতে অচলাবস্থার কারণে সরবরাহ সংকট তৈরি হয়। সেই সংকট সামাল দিতে ট্রাম্প প্রশাসন রাশিয়ার তেল ও জ্বালানি পণ্য যুক্তরাষ্ট্রে আমদানির অনুমতি দেয়।

গত অক্টোবরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছানোর পর সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ পদক্ষেপটির পক্ষে যুক্তি দেন ট্রাম্প। তিনি লেখেন, আমেরিকান কৃষক, খামারি ও ট্রাকচালকদের জন্য ডিজেলের দাম কমানো তাঁর “সর্বোচ্চ অগ্রাধিকার”।

তবে ওয়াশিংটনের এই নীতিবদল ইউক্রেন, ইউরোপীয় ইউনিয়ন ও বিরোধী ডেমোক্র্যাট দলের তীব্র সমালোচনার মুখে পড়ে। কারণ, জানুয়ারি-সেপ্টেম্বর সময়ে রাশিয়ার তেল বিক্রির রাজস্ব ১০ হাজার কোটি ডলার ছাড়িয়ে যায়।

যুক্তরাষ্ট্র ও চীনের বাণিজ্যেও একই ধরনের বাস্তববাদী দৃষ্টিভঙ্গি দেখা যায়। ২০২৫ সালের এপ্রিলে চীন থেকে পণ্য আমদানিতে ১৪৫ শতাংশ শুল্ক আরোপ করে ট্রাম্প প্রশাসন। পাল্টা হিসেবে যুক্তরাষ্ট্র থেকে আমদানিতে শুল্ক বাড়িয়ে সর্বোচ্চ ১২৫ শতাংশ করে চীন। পরে দুই দেশ শুল্কযুদ্ধে সাময়িক বিরতিতে সম্মত হয়।

শুল্কছাড় এবং ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে একাধিক বৈঠকের পর ২০২৬ সালের আগস্ট নাগাদ চীনা পণ্যে যুক্তরাষ্ট্রের গড় শুল্ক নেমে প্রায় ৩৫ দশমিক ২ শতাংশে দাঁড়ায়। একই সময়ে মার্কিন পণ্যে চীনের গড় শুল্ক কমে ৩১ দশমিক ৯ শতাংশে আসে।

এমনকি মার্কিন সুপ্রিম কোর্ট কিছু জরুরি শুল্ক বাতিল করার পরও ২০২৬ সালের প্রথম নয় মাসে দুই দেশের দ্বিপক্ষীয় পণ্যবাণিজ্য ২৯ হাজার ৮০০ কোটি বা ২৯৮ বিলিয়ন ডলার ছাড়ায়। এর মধ্যে যুক্তরাষ্ট্রের রপ্তানি ছিল ৮ হাজার ৩৫০ কোটি ডলার এবং চীন থেকে আমদানি ২১ হাজার ৫০০ কোটি ডলার।

অন্যদিকে, বাংলাদেশের মতো ছোট বাণিজ্যিক অংশীদারদের ক্ষেত্রে ওয়াশিংটনের বার্তা এখনও কঠোর। যুক্তরাষ্ট্র একদিকে বেইজিংয়ের সঙ্গে বিপুল বাণিজ্য বজায় রেখেছে, অন্যদিকে চীনের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আছে বলে তৃতীয় দেশগুলোকে শাস্তিমূলক শুল্কের হুমকি দিচ্ছে।

Visited 10 times, 1 visit(s) today