ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি। ২৯ নভেম্বর, ২০২৬।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একটি ঝটিকা মিছিলকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে স্থানীয় রাজনীতি। ওই মিছিলের প্রতিবাদে আয়োজিত এক সমাবেশ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের বাড়িঘর গুঁড়িয়ে দেওয়া এবং পুড়িয়ে দেওয়ার প্রকাশ্য হুঁশিয়ারি দিয়েছেন জেলা বিএনপি ও যুবদলের শীর্ষ নেতারা।
গতকাল শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় আখাউড়া পৌরসভার আদর আলী কমপ্লেক্সের সামনে অনুষ্ঠিত এই প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এমন কড়া বার্তা দেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম। ইতিমধ্যে তাঁর এবং জেলা যুবদলের সভাপতির বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় জেলাজুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে আখাউড়া রেলওয়ে স্কুল-সংলগ্ন লেভেল ক্রসিং এলাকায় হঠাৎ করেই একটি মিছিল বের করেন নিষিদ্ধ ছাত্রলীগের স্থানীয় নেতা-কর্মীরা। মিছিলটিতে নেতৃত্ব দেন নিষিদ্ধ ছাত্রলীগের আখাউড়া জংশন শাখার সাধারণ সম্পাদক রেজায়েন রাব্বি ভুঁইয়া এবং উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেনের ছেলে ছাত্রলীগ কর্মী শেখ ইমরান হোসেন। রাতেই সেই মিছিলের ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়।
এরই জেরে শুক্রবার সন্ধ্যায় আখাউড়া পৌর মুক্তমঞ্চ থেকে বিক্ষোভ মিছিল বের করে জেলা ও উপজেলা বিএনপি। মিছিলটি পৌর শহরের সড়কবাজার ঘুরে মায়াবী সিনেমা হল এলাকা প্রদক্ষিণ শেষে আদর আলী কমপ্লেক্সের সামনে গিয়ে সমাবেশে রূপ নেয়।
সমাবেশে বক্তব্য দিতে গিয়ে ক্ষোভ প্রকাশ করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের ইঙ্গিত করে তিনি বলেন, “এই আপার জন্য মায়াকান্না করে তারা মিছিল করে, রাজপথে আগুন-সন্ত্রাস করে।”
বৃহস্পতিবার রাতের মিছিলে নেতৃত্ব দেওয়া ছাত্রলীগ কর্মীর বাবার প্রসঙ্গ টেনে স্থানীয় নেতা-কর্মীদের উদ্দেশে সিরাজুল ইসলাম প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, “আমি শুনেছি, আখাউড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেনের ছেলে নাকি মিছিলের নেতৃত্ব দিয়েছে। ইকবাল হোসেনের বাড়ির ইট তো থাকার কথা নয়। আপনারা কী করেছেন? আপনারা তো কিছুই করতে পারেননি। এই ইকবাল হোসেনের বাড়ি আখাউড়ায় থাকে কীভাবে?”
দলীয় নেতা-কর্মীদের প্রতি নির্দেশনা দিয়ে তিনি আরও বলেন, “আমি দেখতে চাই, রাজপথে ফ্যাসিস্ট যেখানে মিছিল করবে, সেখানেই প্রতিহত করতে হবে। যাদেরকেই চিহ্নিত করা যাবে, তাদের বাড়ি গুঁড়িয়ে দিতে হবে। কোনো অবস্থাতেই তাদের সঙ্গে আপস করা যাবে না।”
একই সমাবেশে আরও কঠোর ভাষায় হুঁশিয়ারি উচ্চারণ করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবদলের সভাপতি শামীম মোল্লা। পার্শ্ববর্তী দেশ ভারতে অবস্থান করে শেখ হাসিনা ও তাঁর অনুসারীরা দেশে অগ্নিসংযোগ ও নেতা-কর্মীদের হত্যা করছেন বলে অভিযোগ তুলে তিনি বলেন, “আজ থেকে আপনারা প্রস্তুত থাকেন। যদি কোনো মিটিং-মিছিল আখাউড়ার মাটিতে করার চেষ্টা করে, তাহলে তাদের বাড়িঘর পুড়িয়ে শেষ করে দেবেন।”
পাশাপাশি সীমান্তবর্তী এলাকা হওয়ায় আখাউড়ার চেকপোস্টগুলোতে দলীয় নেতা-কর্মীদের সজাগ থাকার আহ্বান জানান তিনি, যাতে কোনো ‘দোসর’ দেশে প্রবেশ করতে না পারে।
সমাবেশে উপস্থিত ছিলেন, আখাউড়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীনের সভাপতিত্বে এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক আকতার হোসেন খানের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সমাবেশে জেলা ও বিভাগীয় পর্যায়ের একাধিক নেতা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক আলী আজম, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান শাহীন এবং জেলা যুবদলের সাধারণ সম্পাদক ইয়াছিন মাহমুদ। এ ছাড়া যুবদলের কুমিল্লা বিভাগের সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম ও জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ তৈমুর প্রমুখ সমাবেশে অংশ নেন।
পাল্টাপাল্টি মিছিল ও প্রকাশ্য হুঁশিয়ারির এই ঘটনায় সীমান্তবর্তী উপজেলা আখাউড়ার সাধারণ মানুষের মধ্যে নতুন করে আতঙ্ক ও উদ্বেগ দেখা দিয়েছে।
