জেনেভা প্রতিনিধি। সুইজারল্যান্ড, ২৮ নভেম্বর, ২০২৬।
জেনেভায় জাতিসংঘের ১৯তম সংখ্যালঘু বিষয়ক ফোরামে বাংলাদেশে হিন্দু ও অন্যান্য ধর্মীয় সংখ্যালঘুদের ওপর সহিংসতা, নিপীড়ন ও বৈষম্যের অভিযোগ তুলে ধরেছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো। একই সঙ্গে এসব ঘটনার নিরপেক্ষ তদন্ত, সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে আন্তর্জাতিক পর্যবেক্ষণ এবং কারাবন্দি হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস প্রভুর অবিলম্বে মুক্তির দাবি জানানো হয়েছে।
গত ২৬ ও ২৭ নভেম্বর সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘের সদর দপ্তরে অনুষ্ঠিত ১৯তম ‘ইউএন ফোরাম অন মাইনরিটি ইস্যুজ’-এ বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন বিভিন্ন দেশের মানবাধিকার সংগঠন ও নাগরিক সমাজের প্রতিনিধিরা।
এ উপলক্ষে ব্যুরো অব হিউম্যান রাইটস অ্যান্ড জাস্টিস (বিএইচআরজে)-সহ বিভিন্ন মানবাধিকার ও প্রবাসী সংগঠন জাতিসংঘ কার্যালয়ের সামনে ঐতিহাসিক ‘ব্রোকেন চেয়ার’ ভাস্কর্যের পাদদেশে প্রতিবাদ কর্মসূচি পালন করে। কর্মসূচি থেকে বাংলাদেশে হিন্দু ও অন্যান্য ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হামলা বন্ধ, অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত এবং তাদের অধিকার সুরক্ষায় আন্তর্জাতিক হস্তক্ষেপের আহ্বান জানানো হয়।
ফোরামে বিএইচআরজের সভাপতি দীপন মিত্র জাতিসংঘের কাছে একটি জরুরি আবেদন পেশ করেন। সংগঠনটির জমা দেওয়া তথ্যে বলা হয়, ২০২৬ সালের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের বিরুদ্ধে অন্তত ২ হাজার ১৩৪টি সহিংসতার ঘটনা নথিভুক্ত হয়েছে। এর মধ্যে ২৯৬টি হত্যাকাণ্ড এবং ১০৫টি ধর্ষণের ঘটনা রয়েছে বলে আবেদনে উল্লেখ করা হয়।
এ ছাড়া হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর, ব্যবসাপ্রতিষ্ঠান ও উপাসনালয়ে হামলা, লুটপাট, ভাঙচুর এবং অগ্নিসংযোগের অভিযোগও তুলে ধরে সংগঠনটি। একই সঙ্গে চিন্ময় কৃষ্ণ দাস প্রভুর অব্যাহত আটক নিয়ে উদ্বেগ প্রকাশ করে তাঁর মৌলিক অধিকার, যথাযথ আইনি প্রক্রিয়া এবং নিরপেক্ষ বিচারিক পর্যালোচনা নিশ্চিত করার আহ্বান জানানো হয়।
অ্যালগরিদম ও অনলাইন বিদ্বেষের বিপদ তুলে ধরলেন নিজামউদ্দিন
ফোরামে বিএইচআরজের আরেক প্রতিনিধি এমডি নিজামউদ্দিন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ডিজিটাল প্ল্যাটফর্ম এবং অ্যালগরিদমের পক্ষপাত কীভাবে সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে বৈষম্য ও বিদ্বেষ ছড়িয়ে দিতে পারে, সে বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করেন।
নেদারল্যান্ডসের একটি ঘটনার উদাহরণ দিয়ে তিনি বলেন, সেখানে অ-ডাচ নাগরিকত্বকে বিবেচনায় নেওয়া একটি ব্যবস্থার কারণে হাজার হাজার সংখ্যালঘু পরিবার অন্যায়ভাবে চিহ্নিত হয়েছিল। এতে প্রায় ৪২ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হন বলে তিনি উল্লেখ করেন।
তিনি আরও সতর্ক করেন, মিয়ানমার ও বাংলাদেশে সামাজিক যোগাযোগমাধ্যমের ভাইরাল অ্যালগরিদমগুলো রোহিঙ্গাবিরোধী ও হিন্দুবিরোধী বিদ্বেষমূলক বক্তব্য ছড়িয়ে দিতে ভূমিকা রেখেছে। অনলাইনে ছড়িয়ে পড়া বিদ্বেষ বাস্তব জীবনের সহিংসতায় রূপ নিতে পারে বলেও মন্তব্য করেন তিনি। পাশাপাশি স্থানীয় ভাষায় ঘৃণামূলক বক্তব্য শনাক্ত ও নিয়ন্ত্রণে কনটেন্ট মডারেশন ব্যবস্থার ব্যর্থতার বিষয়টিও তুলে ধরেন।
আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান
ফোরামে অংশগ্রহণকারী সংগঠনগুলো বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ ও আদিবাসীসহ বিভিন্ন সংখ্যালঘু জনগোষ্ঠীর বিরুদ্ধে সহিংসতা ও বৈষম্য বন্ধে জাতিসংঘ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর ভূমিকা দাবি করে। পাশাপাশি হামলার অভিযোগগুলো নিরপেক্ষভাবে তদন্ত, দায়ীদের জবাবদিহি এবং ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর নিরাপত্তায় কার্যকর আন্তর্জাতিক পর্যবেক্ষণ ব্যবস্থা প্রতিষ্ঠার আহ্বান জানানো হয়।
এই উদ্যোগে বিএইচআরজে ছাড়াও কেয়ারস গ্লোবাল, ওয়ার্ল্ড হিন্দু ফেডারেশন, হিউম্যান রাইটস কংগ্রেস ফর বাংলাদেশ মাইনরিটিজ, জাস্টিস মেকার্স বাংলাদেশ ইন ফ্রান্স, দলিত বাংলাদেশ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ইউরোপ এবং গ্লোবাল ডায়াসপোরা কমিউনিটি (বাংলাদেশ)-সহ বিভিন্ন সংগঠন অংশ নেয়।
২৭ নভেম্বর জেনেভা থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএইচআরজে জানায়, বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও মানবাধিকার সুরক্ষায় জাতিসংঘের জরুরি মনোযোগ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর পদক্ষেপ প্রয়োজন।
