❐ চট্টগ্রাম ব্যুরো
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় আওয়ামী লীগের মশাল মিছিলকে কেন্দ্র করে দলটির নেতাকর্মীদের ওপর এবং তাদের বাড়িঘরে, ব্যবসা প্রতিষ্ঠানে বিএনপির সন্ত্রাসীদের হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগে ঘটনা ঘটেছে।
গতকাল ২৮শে নভেম্বর, শনিবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় এসব ঘটনা ঘটে।
এতে আওয়ামী লীগের নেতাকর্মীদের অনেকেই আহত হওয়ার পাশাপাশি তাদের দোকানপাটে ভাঙচুর-অগ্নিসংযোগ করা হয়। এসব ঘটনায় পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ উঠেছে।
জানা যায়, শনিবার সন্ধ্যার পর উপজেলার বরুমছড়া, রায়পুর ও হাইলধরসহ বিভিন্ন ইউনিয়নে মশাল মিছিল বের করেন সাবেক ভূমিমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা সাইফুজ্জামান চৌধুরী জাবেদের অনুসারীরা। দলটির ঘোষিত ৪৮ ঘণ্টার লকডাউন কর্মসূচির সমর্থনে এসব মিছিল করা হয়। পরে মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।
জানা যায়, গতকাল সন্ধ্যায় হাইলধর ইউনিয়নের মালঘর বাজার এলাকায় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মামুনের নেতৃত্বে দলের নেতাকর্মীরা মিছিল করেন। এ সময় আনোয়ারা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব ফোরকানের নেতৃত্বাধীন বিএনপির সন্ত্রাসীরা মিছিলকারদের ওপর হামলা চালান। এতে আওয়ামী লীগের অন্তত ২০-২৫ জন আহত হন।
এই মিছিলের জেরে আওয়ামী লীগ কর্মী ফয়সালের দোকান আগুনে ভস্মীভূত করে দেয় বিএনপি ও অঙ্গ সংগঠনের সন্ত্রাসীরা। ফয়সালের অপরাধ ছিল, তিনি আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচির মিছিলে অংশ নিয়েছিলেন! শুধু দোকান পুড়িয়েই ক্ষান্ত হয়নি বিএনপির সন্ত্রাসীরা, ক্রমাগত হুমকি দিয়ে যাচ্ছে ফয়সাল ও তার পরিবারকে।
প্রকাশ্যে হুমকি দিয়ে বলে গেছে, ফয়সাল ও তার বড় ভাইকে যেখানেই পাবে, সেখানেই হত্যা করা হবে। এমনকি দোকানের মতো তাদের বাড়িও আগুনে ভস্মীভূত করবে বলে হুমকি দিয়ে গেছে বিএনপির সন্ত্রাসীরা।
জানা গেছে, ফয়সালের স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা, তাদের একটি ২ বছরের কন্যা শিশুও রয়েছে বাড়িতে। হুমকির কারণে তাদের পুরো পরিবার চরম আতঙ্কে দিন কাটাচ্ছে।
এদিকে উপজেলার রায়পুর ইউনিয়নের ওয়াহেদ আলীর হাট এবং বরুমছড়া ইউনিয়নের ছমদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন এলাকাতেও মশাল মিছিলের খবর পাওয়া গেছে। এসব ঘটনার পর রাতের দিকে উপজেলার বিভিন্ন এলাকায় পাল্টা মিছিল বের করেন বিএনপির নেতাকর্মীরা।
আনোয়ারা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. মাহমুদুল হাসান জানান, সাবেক ভূমিমন্ত্রীর বাড়ির আশপাশে দুই পক্ষের মধ্যে ‘সামান্য বাদানুবাদের’ ঘটনা ঘটেছিল। খবর পেয়ে পুলিশের একটি দল সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে দাবি করেন তিনি।
এদিকে, গতকালের মিছিলের জেরে উল্টো ভুক্তভোগী আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৮ কর্মী-সমর্থকের বিরুদ্ধে নাশকতার অভিযোগ এনে আটক করেছে পুলিশ। গতরাতে উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন— মো. ওয়াসিম (২৬), মো. ফারুক মাসুদ (২৭), মো. জসিম উদ্দিন (৪২), মো. আমজাদ হোসেন (৪৩), মো. হেফাজুর রহমান (৩২), মো. ইফতেখার আহম্মদ চৌধুরী সায়মন (১৮), সায়মান ইসলাম (১৮) ও মোহাম্মদ নাজেম উদ্দীন (৪৪)। তাদের মধ্যে ছয়জন আনোয়ারা উপজেলার এবং দুজন চন্দনাইশ উপজেলার বাসিন্দা।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী বলেন, উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। প্রাথমিকভাবে তাদের বিরুদ্ধে নাশকতাসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ পাওয়া গেছে।
ওসি আরও জানান, আইনগত প্রক্রিয়া শেষে আটক ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে।

