বিএনপির অস্ত্রধারীদের গুলিতে লীগ কর্মীদের নিহতের ঘটনাকে ‘কোন্দল’ বলে চালিয়ে দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

বিএনপির অস্ত্রধারীদের গুলিতে লীগ কর্মীদের নিহতের ঘটনাকে ‘কোন্দল’ বলে চালিয়ে দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী
শেয়ার করুন

❐ নিজস্ব প্রতিবেদক


শরীয়তপুরের জাজিরায় বিএনপির অস্ত্রধারীদের গুলিতে আওয়ামী লীগ কর্মীদের প্রাণহানির ঘটনাকে কোন্দল বলে চালিয়ে দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেছেন, আইনশৃঙ্খলা বাহিনী ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছে। বর্তমানে সেখানকার পরিস্থিতি শান্ত রয়েছে।

আজ ২৯শে নভেম্বর, রোববার সচিবালয়ে কক্সবাজারের পর্যটন উন্নয়ন সংক্রান্ত এক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কোনও শঙ্কা নেই। এ কারণে সেনাবাহিনী মোতায়েনেরও কোনও সম্ভাবনা নেই।

কক্সবাজারের পর্যটন খাতের উন্নয়ন প্রসঙ্গে মন্ত্রী জানান, আগামী ডিসেম্বরের মধ্যে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের পর্যটন বিষয়ক মহাপরিকল্পনা (মাস্টারপ্ল্যান) প্রণয়ন করা হবে। এ লক্ষ্যে পরিবেশ আইনের সংশ্লিষ্ট ধারায় পরিবর্তন আনা হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সমুদ্রসৈকত থেকে ৩০০ মিটার পর্যন্ত অবকাঠামো নির্মাণে বিদ্যমান নিষেধাজ্ঞা বাতিল করা হবে। তবে সেন্ট মার্টিন ও সোনাদিয়া দ্বীপে নতুন কোনও অবকাঠামো নির্মাণের অনুমতি দেওয়া হবে না।

এসব এলাকায় বিদ্যমান অবকাঠামো অপসারণেরও আপাতত কোনও পরিকল্পনা সরকারের নেই বলে জানান তিনি।

জাজিরায় বিএনপির অস্ত্রধারী কর্মীদের হামলায় আরও এক আওয়ামী লীগ কর্মী শহিদ

পদ্মা সেতুর জাজিরা প্রান্তে আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের মধ্যে সংঘর্ষে আওয়ামী লীগের দুই কর্মী শহিদ হয়েছেন। বিএনপির নেতাকর্মীদের সন্ত্রাসী হামলায় তাঁরা শহিদ হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

সংঘর্ষে ব্যাপক ককটেল বিস্ফোরণ ও মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে। এ ঘটনায় প্রায় এক ঘণ্টা পদ্মা সেতুতে যান চলাচল বন্ধ ছিল।

আজ ২৯শে নভেম্বর, রোববার ভোরে শরীয়তপুরের জাজিরা প্রান্তের নাওডোবা এলাকায় দুই পক্ষের মধ্যে এ সংঘর্ষ হয়।

শহিদ আওয়ামী লীগ কর্মীরা হলেন শরীয়তপুর সদর উপজেলার রুদ্রকর ইউনিয়নের ঘোড়ারঘাট এলাকার ইব্রাহিম সিপাহী এবং মাদারীপুরের শিবচর উপজেলার শামসুদ্দিন মৌলভীকান্দি এলাকার নিজামউদ্দিন মৃধা।

জাজিরায় বিএনপির অস্ত্রধারী কর্মীদের হামলায় আরও এক আওয়ামী লীগ কর্মী শহিদ

শহিদ ইব্রাহিমের পিতার নাম হাফিজুর সিপাহী এবং শহিদ নিজামউদ্দিনের পিতার নাম দাদন মৃধা। তাঁরা দুজনই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ভোরে নাওডোবা এলাকায় আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীরা মুখোমুখি অবস্থান নেন। পরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। একপর্যায়ে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এ সময় শতাধিক ককটেল বিস্ফোরণ ঘটে এবং অর্ধশতাধিক মোটরসাইকেলে আগুন দেওয়া হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

সংঘর্ষের মধ্যে গুরুতর আহত হন ইব্রাহিম সিপাহী ও নিজামউদ্দিন মৃধা। পরে তাঁদের মৃত্যু হয়।

আওয়ামী লীগের নেতাকর্মীরা জানান, লকডাউনের সমর্থনে আওয়ামী লীগের মিছিল লক্ষ্য করে গুলি ছোড়ে বিএনপির সন্ত্রাসীরা। এতে নিজামউদ্দিন গুলিবিদ্ধ হন। পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

রোববার ভোরে পদ্মা সেতুসংলগ্ন ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের জাজিরার নাওডোবা অংশে লকডাউনের সমর্থনে বিক্ষোভ মিছিল করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় তাদের হাতে লাঠিসোঁটা ছিল। অন্যদিকে বিএনপির সন্ত্রাসী নেতাকর্মীরা গত কয়েকদিন ধরেই মহাসড়কে আগ্নেয়াস্ত্র হাতে পুলিশের সাথে মিলে শোডাউন করছিলেন।

লকডাউনের সমর্থনে আওয়ামী লীগের কর্মীরা সড়কের বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে আগুন দিলে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

ভোরে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীদের ধাওয়া-পাল্টাধাওয়া, ককটেল বিস্ফোরণ ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে জাজিরা উপজেলার এক যুবলীগ কর্মী ও শিবচরের কুতুবপুর এলাকার নিজামউদ্দিন মৃধাসহ কয়েকজন আহত হন। তাদের মধ্যে নিজামউদ্দিন গুলিবিদ্ধ হয়েছিলেন।

কুতুবপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাগর মোড়ল সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নিজামউদ্দিনের মৃত্যুর খবর জানিয়ে লিখেছেন, আমরা আমাদের একজন ভাইকে হারালাম। শিবচর উপজেলা হারাল একজন স্বার্থহীন বীরযোদ্ধাকে।

মাদারীপুরের শিবচর থানার ওসি কামাল হোসেন বলেন, ঘটনাস্থল জাজিরার নাওডোবা এলাকায়। সেখানে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ শিবচর উপজেলার এক বাসিন্দা ঢাকায় নেওয়ার পথে মারা গেছেন বলে জানতে পেরেছি। যেহেতু ঘটনাস্থল জাজিরা থানার অধীন, তাই এ বিষয়ে ওই থানা থেকে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে। সংঘর্ষের কারণে পদ্মা সেতুর জাজিরা প্রান্তে যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় এক ঘণ্টা পর যান চলাচল শুরু হয়।

শরীয়তপুর সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আকরাম এলাহী বলেন, ইব্রাহিম সিপাহী নামের এক যুবকের মরদেহ হাসপাতালে আনা হয়েছে। তাঁর ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে।

শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শেখ শরীফ-উজ-জামান জানান, সংঘর্ষে দুজন নিহত হওয়ার খবর তাঁরা পেয়েছেন। একজন শরীয়তপুরের এবং অন্যজন মাদারীপুরের বাসিন্দা। তাঁরা দুজন আওয়ামী লীগের সমর্থক বলে শুনেছেন। এ ঘটনায় পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

Visited 5 times, 5 visit(s) today