নিষেধাজ্ঞাপ্রাপ্ত রুশ কর্মকর্তার আন্তর্জাতিক পারমানবিক সংস্থায় নিয়োগ; ‘স্বাভাবিক’ বললেন আইএইএ প্রধান

নিষেধাজ্ঞাপ্রাপ্ত রুশ কর্মকর্তার আন্তর্জাতিক পারমানবিক সংস্থায় নিয়োগ; ‘স্বাভাবিক’ বললেন আইএইএ প্রধান
শেয়ার করুন

বিশেষ প্রতিবেদক। ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬।



আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) উপমহাপরিচালক পদে ইউক্রেনের নিষেধাজ্ঞার আওতায় থাকা রুশ কর্মকর্তা আলেক্সেই ফেরাপোনতভকে নিয়োগ দেওয়ার সিদ্ধান্তের পক্ষে সাফাই দিয়েছেন সংস্থাটির মহাপরিচালক রাফায়েল গ্রোসি। সমালোচনার জবাবে তিনি এই নিয়োগকে ‘স্বাভাবিক প্রশাসনিক নিয়োগ’ বা ‘নিয়মিত জনবল নিয়োগের বিষয়’ বলে অভিহিত করেছেন।

গত ২৭ নভেম্বর বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে গ্রোসি বলেন, কোনো ব্যক্তিকে নিয়োগ দেওয়ার অর্থ তাঁর দেশের নীতিকে সমর্থন করা কিংবা সেই দেশকে পুরস্কৃত করা নয়। আন্তর্জাতিক সংস্থাগুলোতে বিভিন্ন দেশের ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা ও দক্ষতাসম্পন্ন ব্যক্তিরা কাজ করেন।

গ্রোসি বলেন, ‘কাউকে নিয়োগ দেওয়ার সময় আমি কোনো নীতিকে নিয়োগ দিচ্ছি না, কোনো দেশকেও পুরস্কৃত করছি না।’ তিনি আরও বলেন, আন্তর্জাতিক সংস্থার কর্মকর্তারা জাতিসংঘ সনদ অনুযায়ী নিজ নিজ দেশের সরকারের প্রভাবমুক্ত থেকে স্বাধীনভাবে দায়িত্ব পালন করেন।

তাঁর ভাষ্য, ফেরাপোনতভ যে পদে দায়িত্ব নিতে যাচ্ছেন, সেখানে এর আগে আরেকজন রুশ নাগরিক দায়িত্ব পালন করেছেন। তখন এ নিয়ে এমন কোনো প্রকাশ্য বিতর্ক তৈরি হয়নি। তবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে এ ধরনের নিয়োগ নিয়ে মানুষের উদ্বেগের বিষয়টি তিনি বুঝতে পারছেন বলেও স্বীকার করেন।

জাপোরিঝঝিয়া পারমাণবিক কেন্দ্র নিয়ে বিতর্ক

ফেরাপোনতভ বর্তমানে রাশিয়ার ফেডারেল সার্ভিস ফর এনভায়রনমেন্টাল, টেকনোলজিক্যাল অ্যান্ড নিউক্লিয়ার সুপারভিশন—রোস্তেখনাদজোরের উপপ্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। আইএইএর উপমহাপরিচালক হওয়ার পাশাপাশি তিনি সংস্থাটির পারমাণবিক জ্বালানি বিভাগের প্রধানের দায়িত্বও নেবেন।

ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভিযোগ, ইউক্রেনের জাপোরিঝঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র দখলকে বৈধতা দেওয়ার প্রচেষ্টা এবং ওই কেন্দ্রের ওপর রাশিয়ার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় ভূমিকা রাখার কারণে ২০২৩ সালের ফেব্রুয়ারিতে ফেরাপোনতভের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

ইউরোপের বৃহত্তম এই পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি ২০২২ সালের মার্চ থেকে রাশিয়ার দখলে রয়েছে। কেন্দ্রটি বর্তমানে বিদ্যুৎ উৎপাদন না করলেও এর ছয়টি বন্ধ চুল্লি ও ব্যবহৃত পারমাণবিক জ্বালানি ঠান্ডা রাখতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ প্রয়োজন।

ফেরাপোনতভের নিয়োগের সিদ্ধান্তকে ‘অযৌক্তিক’ আখ্যা দিয়েছেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা। তাঁর মতে, ইউক্রেনের পারমাণবিক স্থাপনা দখলকে বৈধতা দেওয়ার সঙ্গে সংশ্লিষ্ট একজন কর্মকর্তাকে আন্তর্জাতিক পরমাণু সংস্থার শীর্ষ পদে বসানো সংস্থাটির বিশ্বাসযোগ্যতার জন্য বড় আঘাত।

ইউরোপীয় ইউনিয়নও এ নিয়োগের সমালোচনা করেছে। ইইউর পররাষ্ট্রবিষয়ক মুখপাত্র ক্রিশ্চিয়ান উইগান্ডের মতে, আন্তর্জাতিক পরিসরে রাশিয়ার ভাবমূর্তি স্বাভাবিক করার প্রচেষ্টার অংশ এই নিয়োগ। তিনি বলেন, ‘আমরা এই নিয়োগের ঘটনায় দুঃখিত।’

গ্রোসির জাতিসংঘ মহাসচিব হওয়ার প্রচেষ্টা নিয়েও প্রশ্ন

আইএইএ প্রধান রাফায়েল গ্রোসির এই সিদ্ধান্ত নিয়ে সম্ভাব্য স্বার্থের সংঘাতের প্রশ্নও তুলেছে আন্তর্জাতিক পরিবেশবাদী সংগঠন গ্রিনপিস। সংস্থাটি ১৭ নভেম্বর আইএইএর পরিচালনা পর্ষদের কাছে পাঠানো এক চিঠিতে ফেরাপোনতভের নিয়োগ পরিকল্পনা বাতিলের আহ্বান জানায়।

গ্রিনপিসের আশঙ্কা, জাতিসংঘের পরবর্তী মহাসচিব হওয়ার প্রচেষ্টায় গ্রোসির রাশিয়ার সমর্থন প্রয়োজন হতে পারে। কারণ, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হিসেবে রাশিয়ার ভেটো ক্ষমতা রয়েছে। ফলে রুশ কর্মকর্তাকে গুরুত্বপূর্ণ পদে নিয়োগের সিদ্ধান্ত নিয়ে স্বার্থের সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে বলে মনে করছে সংগঠনটি।

এদিকে, রাশিয়ার হামলার কারণে ইউক্রেনে পারমাণবিক দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে বলে সম্প্রতি ৩৮টি দেশের পারমাণবিক নিরাপত্তা নিয়ন্ত্রক সংস্থার কর্মকর্তারা সতর্ক করেছেন। এমন পরিস্থিতিতে রাশিয়ার নিষেধাজ্ঞাপ্রাপ্ত একজন কর্মকর্তাকে আইএইএর গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়ায় সংস্থাটির নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।

 

Visited 2 times, 1 visit(s) today