নিউইয়র্কের আন্তর্জাতিক সেমিনারে শেখ হাসিনা: রাজনৈতিক বন্দিদের মুক্তি দাবি ও ডিসেম্বর দেশে ফেরার ইচ্ছা প্রকাশ; জাতীয় পুনর্মিলনের ওপর গুরুত্বারোপ

নিউইয়র্কের আন্তর্জাতিক সেমিনারে শেখ হাসিনা: রাজনৈতিক বন্দিদের মুক্তি দাবি ও ডিসেম্বর দেশে ফেরার ইচ্ছা প্রকাশ; জাতীয় পুনর্মিলনের ওপর গুরুত্বারোপ
শেয়ার করুন

নিউইয়র্ক প্রতিনিধি। ২৬ নভেম্বর, ২০২৬।



বাংলাদেশে গণতন্ত্র, আইনের শাসন, মানবাধিকার ও অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক পরিবেশ পুনঃপ্রতিষ্ঠার আহ্বান জানানো হয়েছে নিউইয়র্কে অনুষ্ঠিত এক আন্তর্জাতিক সেমিনারে। সেমিনারে ভার্চুয়ালি অংশ নিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে বাংলাদেশে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন। ওই দিন সম্ভব না হলে ডিসেম্বরের অন্য কোনো দিন দেশে ফিরতে প্রস্তুত বলেও জানিয়েছেন তিনি।

২৪ নভেম্বর নিউইয়র্কের চার্চ সেন্টার ফর দ্য ইউনাইটেড নেশনসে ‘বাংলাদেশের ভবিষ্যৎ: গণতন্ত্র, মানবাধিকার ও অন্তর্ভুক্তিমূলক রাজনীতি’ শীর্ষক এ আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়। ইন্টারন্যাশনাল সেন্টার ফর ডেমোক্রেসি, হিউম্যান রাইটস অ্যান্ড সাসটেইনেবিলিটি (ICDHRS) এবং সহ-আয়োজক ‘দ্য নেক্সট থিংকার্স’ (TNT) যৌথভাবে সেমিনারটির আয়োজন করে।

সেমিনারে শেখ হাসিনা অভিযোগ করেন,

২০২৪ সালের জুলাইয়ের আন্দোলন তাঁর সরকার উৎখাতের উদ্দেশ্যে পরিকল্পিতভাবে পরিচালিত হয়েছিল এবং পরবর্তী সময়ে রাজনৈতিক প্রতিপক্ষের ওপর দমন-পীড়ন চালানো হয়েছে। তিনি রাজনৈতিক বন্দিদের মুক্তি, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের সুষ্ঠু বিচার এবং জাতীয় পুনর্মিলনের ওপর গুরুত্বারোপ করেন।

এক মার্কিন সাংবাদিকের প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন,

তাঁর পাসপোর্ট ও পরিচয়পত্রের কার্যকারিতা স্থগিত করা হয়েছে। দেশে ফেরার বিষয়ে বাংলাদেশ সরকারের কাছ থেকে তখনও কোনো জবাব পাননি বলে দাবি করেন তিনি। তাঁকে দেশে ফিরিয়ে নিতে সরকারকে বিমান পাঠানোর অনুরোধ করেছেন বলেও জানান সাবেক প্রধানমন্ত্রী।

সেমিনারে মূল বক্তব্য দেন মিডল ইস্ট ফোরামের নীতি বিশ্লেষণ পরিচালক ও আমেরিকান এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের সিনিয়র ফেলো ড. মাইকেল রুবিন। তিনি অভিযোগ করেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর বাংলাদেশে গণতান্ত্রিক প্রতিষ্ঠান, বিচার বিভাগের স্বাধীনতা ও মানবাধিকার পরিস্থিতির গুরুতর অবনতি হয়েছে। আওয়ামী লীগকে বাদ দিয়ে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচনকে একতরফা বলেও অভিহিত করেন তিনি।

সংখ্যালঘু হিন্দু সম্প্রদায় ও রাজনৈতিক ভিন্নমতাবলম্বীদের ওপর হামলা, দুর্নীতি, তৈরি পোশাক খাত এবং কর্মসংস্থান নিয়েও উদ্বেগ প্রকাশ করেন রুবিন। বাংলাদেশের চলমান অস্থিরতার আঞ্চলিক নিরাপত্তায় প্রভাবের বিষয়ে সতর্ক করে বিশ্বনেতা ও জাতিসংঘকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

রুবিন চারটি দাবি তুলে ধরেন—

১। সব রাজনৈতিক দলের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার।
২। রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা প্রত্যাহার।
৩। বিচার বিভাগের স্বাধীনতা ও নিরপেক্ষতা নিশ্চিত করা এবং তার ভাষায় ‘ক্যাঙ্গারু’ কোর্টের রায় বাতিল।
৪। দেশে ফেরার ক্ষেত্রে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা নিশ্চিত করা। তিনি বলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বা প্রত্যাবর্তনকারীদের কারো এক চুল ক্ষতি হলে দায় বাংলাদেশে সরকার এবং বর্তমান সরকার প্রধান জনাব তারেক রহমানের।

 

বাংলাদেশে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত হ্যারি কে. টমাস জুনিয়র বলেন, শ্রম অধিকার ও কর্মক্ষেত্রের নিরাপত্তায় সংস্কারের ফলে বাংলাদেশে মার্কিন উন্নয়ন অর্থায়ন সংস্থা ডিএফসির মাধ্যমে জ্বালানি, অবকাঠামো ও প্রযুক্তি খাতে বিনিয়োগের সুযোগ তৈরি হয়েছে। বিদ্যুৎকেন্দ্র সচল রাখতে গ্যাসের ঘাটতি মোকাবিলায় মার্কিন বিনিয়োগ ও প্রযুক্তিগত সহযোগিতার ওপর গুরুত্ব দেন তিনি।

রাজনৈতিক প্রতিপক্ষকে শত্রু হিসেবে দেখার সংস্কৃতির অবসান এবং সরকার ও বিরোধী দলের মধ্যে সংলাপের প্রয়োজনীয়তা তুলে ধরে টমাস বলেন,

দলমত নির্বিশেষে সবার রাজনৈতিক অধিকার নিশ্চিত করা জরুরি। এ যাত্রায় যুক্তরাষ্ট্র বাংলাদেশের পাশে থাকবে বলেও জানান তিনি।

 

রোড আইল্যান্ডের সাবেক আইনপ্রণেতা ও মার্কিন নৌবাহিনীর সাবেক চ্যাপলিন রেভারেন্ড ড. রবার্ট ল্যান্সিয়া বাংলাদেশের জনগণের প্রতি সংহতি প্রকাশ করেন। তিনি বলেনঃ

১৯৭১ সালে অর্জিত স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় সাহসী নেতৃত্বের প্রয়োজন। দেশে ফিরে জনগণের সেবা করার ইচ্ছা প্রকাশ করায় তিনি শেখ হাসিনার সাহসের প্রশংসা করেন। শান্তি প্রতিষ্ঠায় গণতন্ত্র, মানবাধিকার, অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক অংশগ্রহণ ও আইনের শাসনের ওপর জোর দিয়ে তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশের নাগরিকরা নির্ভয়ে মত প্রকাশ করতে ও ভোত দিতে পারবেন এবং সাংবাদিকরা নিরাপদে কাজ করতে পারবেন।

 

বাংলাদেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘে নিযুক্ত সাবেক স্থায়ী প্রতিনিধি ড. এ কে আব্দুল মোমেন গণতান্ত্রিক বৈধতা পুনরুদ্ধারের কূটনৈতিক ও সাংবিধানিক গুরুত্ব তুলে ধরেন। মৌলিক অধিকার ও প্রাতিষ্ঠানিক স্থিতিশীলতা রক্ষায় আন্তর্জাতিক সম্প্রদায়ের সক্রিয় সম্পৃক্ততার আহ্বান জানান তিনি।

বিশ্বব্যাংকের সাবেক বিকল্প পরিচালক ও বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস সাংবিধানিক শাসন এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ওপর গুরুত্ব দেন। তাঁর মতে, ২০০৭-২০০৮ সালের তত্ত্বাবধায়ক সরকারের মতো ২০২৪ সালের অন্তর্বর্তী সরকারও সাংবিধানিক সীমা লঙ্ঘন করেছে।

তিনি সংখ্যালঘুদের ওপর হামলা, শিক্ষক ও সরকারি কর্মকর্তাদের ভয়ভীতি প্রদর্শন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িসহ সাংস্কৃতিক ঐতিহ্য ধ্বংসের অভিযোগ তুলে ধরেন। আওয়ামী লীগ ও বিপুলসংখ্যক সমর্থককে বাদ দিয়ে অনুষ্ঠিত কোনো নির্বাচন পূর্ণ গণতান্ত্রিক ম্যান্ডেট দাবি করতে পারে না বলেও মন্তব্য করেন তিনি।

 

সেমিনারে সভাপতিত্ব করেন ICDHRS-এর বোর্ড চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা, বিজ্ঞানী ও লেখক ড. নূরুন নবী। তিনি আগস্ট-পরবর্তী পরিস্থিতিকে ‘মব শাসন’ হিসেবে অভিহিত করে সহিংসতা ও রাজনৈতিক অস্থিরতার নিন্দা জানান। তাঁর মতে, আইনহীনতা দেশের স্থিতিশীলতা ও গণতান্ত্রিক ভবিষ্যৎকে হুমকির মুখে ফেলছে।

সেমিনারে সাবেক সরকারপ্রধান, কূটনীতিক, জ্যেষ্ঠ বেসামরিক কর্মকর্তা, আইনপ্রণেতা, নীতি গবেষক, সাংবাদিক ও প্রবাসী বাংলাদেশি কমিউনিটির প্রতিনিধিরা সরাসরি ও অনলাইনে অংশ নেন। আলোচনায় ২০২৪ সালের আগস্ট-পরবর্তী বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, সাংবিধানিক শাসন ও মানবাধিকার সুরক্ষার বিষয়গুলো উঠে আসে।

Visited 26 times, 4 visit(s) today