ফিফায় সাইবার হামলা, অভ্যন্তরীণ তথ্য চুরি

ফিফায় সাইবার হামলা, অভ্যন্তরীণ তথ্য চুরি
শেয়ার করুন

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা সাইবার হামলার শিকার হয়েছে এবং এর ফলে তাদের ব্যক্তিগত ও ব্যবসায়িক তথ্য চুরি হয়েছে। সংস্থাটি নিজেই এ তথ্য নিশ্চিত করেছে বলে বিবিসি জানিয়েছে।

তবে বিবিসি স্পোর্ট জানতে পেরেছে, তথ্য চুরির এ ঘটনায় বিতর্কিত ‘ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ’ প্রস্তাবনা সংক্রান্ত কোনো নথি বেহাত হয়নি। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিশ্বকাপ বিক্রির ব্যর্থ পরিকল্পনা ছিল এটি।

তথ্য প্রকাশ না করার (নন-ডিসক্লোজার অ্যাগ্রিমেন্ট) শর্তে চলতি সপ্তাহেই ফুটবল অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ডেবি হিউইটকে ওই নথিগুলো দেখার অনুমতি দেওয়া হয়েছিল।

জানা গেছে, বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটির কোনো সিস্টেম বা প্রযুক্তিগত ত্রুটির কারণে এ ঘটনা ঘটেনি। বরং অপরাধীরা কর্মীদের ছদ্মবেশ ধরে ও তাদের সরলতার সুযোগ নিয়ে নথিগুলোতে প্রবেশাধিকার পেতে সক্ষম হয়।

এক বিবৃতিতে ফিফা বলেছে, ‘ফিফা নিশ্চিত করছে যে সংস্থাটি একটি অপরাধমূলক সাইবার হামলার শিকার হয়েছে, যার ফলে সীমিত পরিসরে কিছু ব্যক্তিগত ও ব্যবসায়িক তথ্যে অননুমোদিত প্রবেশাধিকার নেওয়া হয়েছে।’

‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে ফিফা নিবিড়ভাবে কাজ করছে।’

‘বেআইনিভাবে তথ্য সংগ্রহ ও প্রকাশের, বিশেষ করে ব্যক্তিগত তথ্যের ক্ষেত্রে, তীব্র নিন্দা জানায় ফিফা।’

‘এ ধরনের কর্মকাণ্ড গোপনীয়তার মারাত্মক ও অগ্রহণযোগ্য লঙ্ঘন এবং এটি সংশ্লিষ্ট ব্যক্তিদের জন্য গুরুতর পরিণতি বয়ে আনতে পারে।’

অনলাইনে এ হামলার দায় স্বীকার করেছে ‘হ্যান্ডসাম বয় হ্যাকিং ক্লাব’ নামের একটি গ্রুপ। গত সপ্তাহে তারা ফিফার কিছু ফাইলের স্ক্রিনশটও পোস্ট করেছিল।

গ্রুপটির দাবি, তারা ১২ গিগাবাইট (জিবি) তথ্যের নাগাল পেয়েছে। তবে বিশ্লেষণে দেখা গেছে, এটি ফিফার কাছে থাকা মোট তথ্যের ০.১ শতাংশেরও কম এবং ব্যক্তিবিশেষের চেয়ে সংস্থাটিকেই লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছিল।

Visited 3 times, 1 visit(s) today