ঢাকা মেডিকেলে নেওয়ার পর ২৪ বছর বয়সী আবদুল্লাহ আল মামুনকে মৃত ঘোষণা; কারারক্ষীর দাবি, ক্যান্সার ও কিডনি জটিলতায় ভুগছিলেন তিনি
বিশেষ প্রতিবেদক। ঢাকা, ২৬ নভেম্বর, ২০২৬।
ঢাকার কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়ার পর হাসপাতালে নেওয়া এক ছাত্রলীগ নেতার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে মো. আবদুল্লাহ আল মামুন (২৪) নামের ওই হাজতিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
বৃহস্পতিবার সকাল ৭টার দিকে কারাগারের ভেতরে হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে অচেতন হয়ে পড়েন মামুন। পরে কারা কর্তৃপক্ষের নির্দেশে তাঁকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে সকাল সোয়া ৮টার দিকে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
কারারক্ষী মো. আমিনুল ইসলাম জানিয়েছেন, মামুন ক্যান্সার ও কিডনি জটিলতায় ভুগছিলেন। তাঁর হাজতি নম্বর ৩৩৬/২৬। রাজধানীর রামপুরা এলাকায় তাঁর বাড়ি। বাবার নাম মৃত মোকলেস শেখ।
মোঃ আবদুল্লাহ আল মামুন ঢাকা মহানগর দক্ষিণ এর রামপুরা থানা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও ৯৮ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক। ২০২৪ সালের অক্টোবর মাসে মামুনকে গ্রেফতার করা হয়।
তবে কোন মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্ত সম্পন্ন করা হবে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
কারা হেফাজতে মৃত্যুর ধারাবাহিকতা
সাম্প্রতিক সময়ে কারাগারে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মৃত্যুর ঘটনা নিয়ে ধারাবাহিকভাবে উদ্বেগ ও প্রশ্ন উঠেছে। গত ২৪ নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি ঢাকা মহানগর দক্ষিণের ৩২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ মন্টু মিয়ার (৫৩) মৃত্যু হয়। অসুস্থ অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছিল।
এর আগে বিভিন্ন সময়ে কারাগারে মারা যাওয়া আওয়ামী লীগ নেতাকর্মীদের পরিবারের পক্ষ থেকে নির্যাতন, যথাযথ চিকিৎসা না পাওয়া এবং অসুস্থ বন্দিদের হাসপাতালে নিতে বিলম্বের অভিযোগ উঠেছে। তবে এসব অভিযোগের বিষয়ে কারা কর্তৃপক্ষ বিভিন্ন সময়ে নির্যাতনের অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, অসুস্থ বন্দিদের প্রয়োজন অনুযায়ী হাসপাতালে পাঠানো হয় এবং প্রতিটি মৃত্যুর ঘটনা তদন্ত করা হয়।
মানবাধিকার সংগঠনগুলোর তথ্যেও কারা ও পুলিশ হেফাজতে মৃত্যুর বিষয়টি উঠে এসেছে। মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের (এমএসএফ) তথ্য অনুযায়ী, ২০২৪ সালের আগস্ট থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত পুলিশ ও কারা হেফাজতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৪৩ জন নেতাকর্মীর মৃত্যু হয়েছিল। পরবর্তী সময়ে আরও মৃত্যুর ঘটনা সামনে এসেছে।
সাম্প্রতিক ঘটনাগুলোর ধারাবাহিক হিসাবে আওয়ামী লীগ নেতাকর্মীদের কারা হেফাজতে মৃত্যুর সংখ্যা ৬৪-তে পৌঁছেছে, এই পরিসংখ্যানের সর্বশেষ সংযোজন ২৪ বছর বয়েসী যুবক আবদুল্লাহ আল মামুন।
