বিজয় দিবস উপলক্ষে মাদ্রাসাগুলোতে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশনসহ জরুরি নির্দেশনা

বিজয় দিবস উপলক্ষে মাদ্রাসাগুলোতে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশনসহ জরুরি নির্দেশনা
শেয়ার করুন

 

নিজস্ব প্রতিবেদক।



আসন্ন মহান বিজয় দিবস মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে পালনের জন্য দেশের সব মাদ্রাসাকে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। ১৬ ডিসেম্বর উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, শিক্ষার্থীদের সমাবেশ, কুচকাওয়াজ, বিজয়মেলা, ক্রীড়া প্রতিযোগিতা এবং বিশেষ দোয়া-মোনাজাতের আয়োজন করতে বলা হয়েছে।

বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, বোর্ডের বিশেষ বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দেশের সব মাদ্রাসার প্রতিষ্ঠানপ্রধান, অধ্যক্ষ, সুপার, সভাপতি ও পরিচালনা কমিটির সদস্যদের বলা হয়েছে।

বোর্ডের নির্দেশনা অনুযায়ী, ১৬ই ডিসেম্বর মাদ্রাসাগুলোতে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশন করতে হবে। পাশাপাশি শিক্ষার্থীদের সমাবেশ, কুচকাওয়াজ ও ডিসপ্লে, তিন দিনব্যাপী বিজয়মেলায় অংশগ্রহণ, মুক্তিযুদ্ধভিত্তিক প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান, ক্রীড়া প্রতিযোগিতা এবং বিশেষ দোয়া-মোনাজাতের আয়োজন করতে হবে।

নির্দেশনায় বলা হয়েছে, ১৬ই ডিসেম্বর সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা বিধিমালা মেনে প্রতিটি মাদ্রাসার ভবনে সঠিক মাপ ও রঙের জাতীয় পতাকা তুলতে হবে।

সকাল ৯টায় জেলা ও উপজেলা পর্যায়ে স্থানীয় প্রশাসনের নির্ধারিত স্টেডিয়াম বা সুবিধাজনক স্থানে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনের আয়োজন থাকবে। সেখানে শিক্ষার্থীদের সমাবেশ, কুচকাওয়াজ ও ডিসপ্লেও অনুষ্ঠিত হবে। এসব কর্মসূচিতে মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতে বলা হয়েছে।

জেলা ও উপজেলা পর্যায়ে তিন দিন ধরে চলা বিজয়মেলায় শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। শিশু-কিশোরদের জন্য মুক্তিযুদ্ধবিষয়ক রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজনের নির্দেশনাও দেওয়া হয়েছে।

এ ছাড়া সুবিধাজনক সময়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনেও মাদ্রাসাগুলোকে সক্রিয়ভাবে অংশ নিতে বলা হয়েছে।

বিজয় দিবসের ক্রীড়া কর্মসূচিতে শিক্ষার্থীদের অংশ নিতে উৎসাহিত করতে হবে। জেলা ও উপজেলা পর্যায়ের আয়োজনের মধ্যে রয়েছে প্রীতি ফুটবল ম্যাচ, টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট, কাবাডি এবং হা-ডু-ডু প্রতিযোগিতা।

১৬ই ডিসেম্বর প্রতিটি মাদ্রাসায় সুবিধাজনক সময়ে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করতে বলা হয়েছে। এতে শহিদ মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনার পাশাপাশি বীর মুক্তিযোদ্ধা ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতির জন্য দোয়া করতে হবে।

এদিকে, ১৪ই ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস পালনের জন্যও পৃথক বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। জাতীয় কর্মসূচির সঙ্গে মিল রেখে দেশের সব মাদ্রাসাকে ওই দিবসের নির্ধারিত কর্মসূচি পালনের নির্দেশ দেওয়া হয়েছে।

Visited 6 times, 1 visit(s) today