১০ মাসে ২ হাজার ৪১১ নারী ও কন্যাশিশু সহিংসতার শিকার, ধর্ষণের পর হত্যা ৪০ জনকে: মহিলা পরিষদ

১০ মাসে ২ হাজার ৪১১ নারী ও কন্যাশিশু সহিংসতার শিকার, ধর্ষণের পর হত্যা ৪০ জনকে: মহিলা পরিষদ
শেয়ার করুন

বিশেষ প্রতিবেদক। ঢাকা, ২৬ নভেম্বর, ২০২৬।



চলতি বছরের প্রথম ১০ মাসে বাংলাদেশে ২ হাজার ৪১১ জন নারী ও কন্যাশিশু বিভিন্ন ধরনের নির্যাতন ও সহিংসতার শিকার হয়েছেন। অর্থাৎ ২০২৬ সালের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত প্রতিদিন গড়ে প্রায় আটজন নারী ও কন্যাশিশু সহিংসতার শিকার হয়েছেন। ভুক্তভোগীদের মধ্যে ১ হাজার ৩১৫ জন নারী এবং ১ হাজার ৯৬ জন কন্যাশিশু।

বাংলাদেশ মহিলা পরিষদের এক প্রতিবেদনে এ উদ্বেগজনক চিত্র উঠে এসেছে। বুধবার (২৫ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটি এ পরিসংখ্যান প্রকাশ করে। আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে ১৬ দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনের প্রতিপাদ্য ছিল, ‘নারী ও মেয়েশিশুর প্রতি সহিংসতা রুখতে এক হও: বিচার ও সুরক্ষা নিশ্চিত কর, বিচারহীনতার অপসংস্কৃতি ভাঙো’।

পরিসংখ্যান অনুযায়ী, ধর্ষণ, দলবদ্ধ ধর্ষণ, ধর্ষণচেষ্টা, যৌন সহিংসতা, হত্যা ও রহস্যজনক মৃত্যুসহ বিভিন্ন ধরনের সহিংসতার শিকার হয়েছেন নারী ও কন্যাশিশুরা।

প্রতিবেদনে বলা হয়েছে, ১০ মাসে মোট ৫৭৯ জন নারী ও কন্যাশিশু ধর্ষণের শিকার হয়েছেন। তাঁদের মধ্যে ৩৮৩ জন কন্যাশিশু এবং ১৯৬ জন নারী। এ ছাড়া ১৩৭ জন দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। ধর্ষণের পর হত্যা করা হয়েছে ৪০ জনকে, যাঁদের মধ্যে ২৮ জন কন্যাশিশু ও ১২ জন নারী।

একই সময়ে ধর্ষণচেষ্টার শিকার হয়েছেন ১৭০ জন। তাঁদের মধ্যে ১৪০ জন কন্যাশিশু এবং ৩০ জন নারী। যৌন সহিংসতার শিকার হয়েছেন আরও ২০৬ জন।

হত্যাকাণ্ডের পরিসংখ্যানও উদ্বেগজনক। মহিলা পরিষদের তথ্য অনুযায়ী, জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত বিভিন্ন কারণে ৪৯০ জন নারী ও কন্যাশিশু হত্যার শিকার হয়েছেন। তাঁদের মধ্যে ৩৭৭ জন নারী এবং ১১৩ জন কন্যাশিশু। এ ছাড়া ২৫৭ জনের রহস্যজনক মৃত্যু এবং ১০৯ জনের আত্মহত্যার তথ্য পাওয়া গেছে।

মহিলা পরিষদ জানিয়েছে, সংগঠনটির কেন্দ্রীয় লিগ্যাল এইড উপপরিষদে সংরক্ষিত ১৫টি জাতীয় দৈনিক ও দুটি অনলাইন সংবাদমাধ্যমে প্রকাশিত খবরের ভিত্তিতে এসব পরিসংখ্যান তৈরি করা হয়েছে।

সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি ডা. ফওজিয়া মোসলেম বলেন, নারীর প্রতি সহিংসতা একটি গুরুতর সামাজিক সমস্যা। এর প্রভাব শুধু নারীর মধ্যেই সীমাবদ্ধ থাকে না, বরং পুরো সমাজ ক্ষতিগ্রস্ত হয়। এ পরিস্থিতি থেকে স্থায়ীভাবে উত্তরণে পরিবার ও সমাজের সহযোগিতার পাশাপাশি রাষ্ট্রীয় জবাবদিহি নিশ্চিত করা প্রয়োজন।

মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানু নারীর নিরাপত্তা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় বিদ্যমান আইনগুলোর যথাযথ প্রয়োগের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে দীর্ঘদিন ধরে ঝুলে থাকা যৌন হয়রানি প্রতিরোধ আইন ও বৈষম্যবিলোপ আইন প্রণয়ন এবং প্রয়োজনীয় সংস্কারের উদ্যোগ নেওয়ার দাবি জানান।

সংগঠনটি নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি, যৌন নিপীড়ন বন্ধে হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়ন, বাল্যবিবাহ ও যৌতুক বন্ধ এবং পরিবারে ছেলে ও মেয়েসন্তানের সমান অধিকার নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।

এ ছাড়া সহিংসতার শিকার ব্যক্তি ও সাক্ষীদের সুরক্ষায় আইন প্রণয়ন, সাইবার সহিংসতা প্রতিরোধে বিশেষ সাইবার ক্রাইম সেলের কার্যকর উদ্যোগ, অপরাধীদের সামাজিক ও রাজনৈতিকভাবে বয়কট এবং অপরাধের বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছে সংগঠনটি।

মহিলা পরিষদের মতে, আইন ও বিভিন্ন উদ্যোগ থাকা সত্ত্বেও নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা কমছে না। বরং সহিংসতার ধরন ও নৃশংসতা বাড়ছে। এ পরিস্থিতি মোকাবিলায় রাষ্ট্র, ব্যক্তি, প্রতিষ্ঠান ও নাগরিক সমাজের সম্মিলিত উদ্যোগ জরুরি।

 

 

Visited 6 times, 1 visit(s) today