ডোনাল্ড ট্রাম্প ও ইলন মাস্কের বিরুদ্ধে ভুল তথ্য ছড়ানোর অভিযোগ ইউনূস সরকারের

ডোনাল্ড ট্রাম্প ও ইলন মাস্কের বিরুদ্ধে ভুল তথ্য ছড়ানোর অভিযোগ ইউনূস সরকারের
শেয়ার করুন
নিজস্ব প্রতিবেদক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্কের বিরুদ্ধে ভুল তথ্য প্রচারের অভিযোগ এনেছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (ইউএসএআইডি) দ্বারা অর্থায়িত একটি প্রকল্প নিয়ে বিভ্রান্তিকর তথ্য দেওয়ায় বাংলাদেশ সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তাদের সমালোচনা করেছেন।

বাংলাদেশে ‘দুই ব্যক্তির অপরিচিত এক প্রতিষ্ঠানের’ ২৯ মিলিয়ন ডলার সহায়তা পাওয়ার যে তথ্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দিয়েছেন, তা সত্য নয়’ বলে দাবি করেছে ঢাকা।

সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, “২৯ মিলিয়ন ডলারের প্রকল্প বাংলাদেশের দুজন ব্যক্তির মালিকানাধীন কোনো সংস্থাকে দেওয়ার অভিযোগটি সত্য নয়।”

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, “স্ট্রেন্দেনিং পলিটিক্যাল ল্যান্ডস্কেপ (এসপিএল) ইন বাংলাদেশ” নামের একটি প্রকল্প ট্রাম্পের প্রথম মেয়াদে ইউএসএআইডির অর্থায়নে বাস্তবায়িত হয়। প্রকল্পটির মূল উদ্দেশ্য ছিল রাজনৈতিক সহিংসতা হ্রাস, শান্তিপূর্ণ রাজনৈতিক সহাবস্থান তৈরি, এবং প্রতিনিধিত্বমূলক নেতৃত্বের বিকাশে উৎসাহ দেওয়া।

বিবৃতিতে বলা হয়, ট্রাম্পের প্রথম মেয়াদে (২০১৭ সালে) যুক্তরাষ্ট্রে নিবন্ধিত ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল (ডিআই) একটি প্রতিযোগিতামূলক দরপত্র প্রক্রিয়ার মাধ্যমে প্রকল্পটি বাস্তবায়নের দায়িত্ব পায়। এটি কোনো ব্যক্তিবিশেষের মনোনীত সংস্থা ছিল না।

মন্ত্রণালয় আরও জানায়, ইউএসএআইডির প্রকল্পগুলো কঠোর আর্থিক নিয়ন্ত্রণ ও নিরীক্ষার মধ্য দিয়ে পরিচালিত হয়। এ প্রকল্পের জন্য যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের উন্নয়ন সহায়তা সংস্থা ডিএফআইডি (বর্তমানে এফসিডিও) অর্থায়ন করেছিল।

বিবৃতিতে স্পষ্ট করা হয়, “ট্রাম্পের প্রথম মেয়াদেই এই প্রকল্প বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়। তাই এটি বাংলাদেশের কোনো নির্দিষ্ট ব্যক্তির মালিকানাধীন সংস্থাকে দেওয়া হয়েছে—এমন অভিযোগ সত্য নয়।”

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় চুক্তির আওতায় প্রকল্প বাস্তবায়িত হয়েছে বলে জানিয়ে মন্ত্রণালয় বলেছে, “এ ধরনের প্রকল্পে ব্যক্তি বিশেষের কোনো ভূমিকা থাকে না।”

Visited 252 times, 1 visit(s) today