নিজস্ব প্রতিবেদক
কোটা আন্দোলনের বিরুদ্ধে গঠিত বৈষম্যবিরোধী ছাত্র (বৈছা) আন্দোলনের মাধ্যমে রাজনৈতিক পট-পরিবর্তন শেষে ৫ই আগস্টের পর সর্বপ্রথম উপদেষ্টা নিয়োগ ছাত্র কোটায় হয়েছে বলে মন্তব্য করেছেন আন্দোলনে নেতৃত্বদানকারী অন্যতম ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ সভাপতি বিন ইয়ামিন মোল্যা।
ছাত্র উপদেষ্টা নিয়োগ ছিল ছাত্র প্রতিনিধি কোটার প্রথম প্রয়োগ- এমন মন্তব্য করেন তিনি। জুলাই আন্দোলন-আগস্টের সরকারবিরোধী আন্দোলনকারীদের সন্তানদের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির জন্য আলাদা কোটা রাখারও সমালোচনা করেন তিনি।
৩রা মার্চ, সোমবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে ‘কোটা পুনর্বহালের প্রতিবাদ, ছাত্র-নাগরিক অভ্যুত্থানে শহীদ ও আহতদের সু-চিকিৎসা ও পুনর্বাসনের দাবিতে’ ছাত্র অধিকার পরিষদ আয়োজিত সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন মোল্যা।
সংবাদ সম্মেলনে ইয়ামিন বলেন, বৈছা আন্দোলন ছিল— সব ছাত্র সংগঠনের নেতাকর্মীদের সম্মিলিত প্লাটফর্ম। কিন্তু কোটাপ্রথায় ছাত্র উপদেষ্টা নিয়োগ দিয়ে বলা হয় ওনারা বৈছা প্রতিনিধি। তারা কোটায় উপদেষ্টা হয়ে পরে সেখান থেকে সব ছাত্র সংগঠনের পদধারী নেতাকর্মীদের বের করে দেয়। তারপর চালু করা হয় সমন্বয়ক কোটা। পরবর্তীতে আরেকটি কোটা চালু করা হয়, সেটি হলো বিভিন্ন সংস্কার কমিশনে ছাত্র প্রতিনিধি কোটা। এভাবে কোটাবিরোধী আন্দোলন করে কোটাপ্রথায় হাবুডুবু খাচ্ছি আমরা।
তিনি আরো বলেন, আমরা দেখেছি এই ঢাকা বিশ্ববিদ্যালয়েই রাজনৈতিক ছাত্র সংগঠনের ব্যানারে কোনও কর্মসূচি পালন করতে দেওয়া হয়না। বলা হয়েছে ছাত্র রাজনীতি নিষিদ্ধ, ছাত্র রাজনীতি করা যাবে না। যারা এসব করেছে তারাই এখন নতুন ছাত্র সংগঠনের নেতা। তারাই নেতৃত্ব দিচ্ছে, বিশ্ববিদ্যালয়ে কর্মসূচি চালাচ্ছে। সমন্বয়ক কোটায় নানা কাজ করছে।
সংবাদ সম্মেলনে ঢাবি সংসদের আহ্বায়ক ছানাউল্লাহ হক বলেন, কোটাপ্রথাকে কবর দেওয়ার মাধ্যমে এই সরকার গঠিত হয়েছে। কিন্তু তারা তাদের ব্যর্থতাকে ঢাকার জন্য আবার কোটা ব্যবস্থা চালু করেছে।
ইয়ামিন মোল্যা বলেন, ‘আমরা এখন দেখছি, সমন্বয়ক কোটায় কীভাবে বড় বড় জায়গায় চলে যাওয়া যায়। কীভাবে চাঁদাবাজি করা যায়।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ভর্তি পরীক্ষায় জুলাইয়ে নিহতদের সন্তানদের জন্য ৫ শতাংশ কোটা জুলাইচেতনার পরিপন্থী উল্লেখ তরে তিনি বলেন, এটা আন্দোলনের আদর্শ পরিপন্থী, মূল স্পিরিটের সঙ্গে সাংঘর্ষিক।
এ সময় ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্যা তিনটি দাবি তুলে ধরেন। দাবি গুলো হলো—
১. বৈষম্যমূলক কোটা অনতিবিলম্বে বাতিল করতে হবে।
২. আন্দোলনে আহতদের সুচিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে।
৩. নিহতের পরিবারকে ১ কোটি টাকা এবং আহত পরিবারকে পুনর্বাসনের জন্য ৫০ লাখ টাকা এককালীন প্রদান করা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক সাধারণ নাজমুল হাসান, ঢাবি সংসদের সদস্য সচিব রাকিবুল হাসান প্রমুখ।
