সূত্রাপুরে মাথায় ককটেল পড়ে গুরুতর আহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের মালি

সূত্রাপুরে মাথায় ককটেল পড়ে গুরুতর আহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের মালি
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক


রাজধানীর সূত্রাপুরে ককটেলের আঘাতে জাহাঙ্গীর ইসলাম (৪৫) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক মালি।

আজ ২২শে নভেম্বর, রোববার বিকেল সাড়ে ৫টার দিকে কবি নজরুল ইসলাম সরকারি কলেজের প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে।

ককটেল বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন সূত্রাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিউর রহমান।

তিনি জানান, কবি নজরুল ইসলাম সরকারি কলেজের প্রধান ফটকের সমানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একজন আহত হয়েছে। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, কবি নজরুল কলেজের প্রধান ফটকের সামনে দাঁড়িয়ে কলেজের নিরাপত্তা কর্মী সুজনের সঙ্গে কথা বলছিলেন জাহাঙ্গীর। এ সময় হঠাৎ ওপর থেকে একটি ককটেল তার মাথার ওপর এসে পড়ে। এতে তার মাথা ও চোখে গুরুতর আঘাত লাগে।

পরে খবর পেয়ে তার ভাই আলমগীর ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে সন্ধ্যা ৬টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। বর্তমানে জাহাঙ্গীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ৪ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

আহত জাহাঙ্গীর ইসলামের লালবাগের ৩৮/২, সমাজকল্যাণ গলি এলাকার বাসিন্দা। তার বাবার নাম আব্দুল আজিজ আকন।

Visited 1 times, 1 visit(s) today