❐ স্থানীয় সংবাদদাতা
সুনামগঞ্জের দিরাইয়ে হিন্দু ধর্মাবলম্বীদের মন্দির পরিচালনার ব্যয় নির্বাহের একমাত্র অবলম্বন হাওরের একটি জলাশয় দখল নিতে চাচ্ছে স্থানীয় জামায়াতে ইসলামীর কিছু কর্মী-সমর্থক ও অনুগত সন্ত্রাসীরা।
গতকাল ২১শে নভেম্বর, শুক্রবার সকালে অস্ত্রশস্ত্র নিয়ে তারা জোরপূররবক দখল নিতে চাইলে গ্রামের হিন্দু সমপ্রদায়ের লোকজন বাধা দিলে তাদেরকে মারধর করা হয়। হামলায় হিন্দু সম্প্রদায়ের অন্তত ২০ জন আহত হয়েছেন।
এ ঘটনায় সংখ্যালঘুদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, সরমঙ্গল ইউনিয়নের চিতলিয়া গ্রামের মন্দিরের নামে চিতলিয়া হাওরে একটি জলাশয় আছে। এটি প্রতি বছর মন্দিরের নামে ইজারা দিয়ে ব্যয় পরিচালনা করা হয়। মন্দিরের নামীয় এই জলাশয়টি কয়েকশ বছর ধরে চিতলিয়া গ্রামের লোকজন ইজারা দিয়ে আসছেন।
কিন্তু গত দুই বছর ধরে দিরাই পৌরসভার ঘাগটিয়া গ্রামের জামায়াত কর্মী তাজুল ইসলাম ও সাইফুল ইসলাম জলাশয়টির দিকে নজর দেন। এক পর্যায়ে তারা জলাশয়টিকে ‘মন্দির সংলগ্ন ডোবা’ দাবি করে প্রশাসনে ভুল তথ্য দিয়ে সম্প্রতি ইজারার বন্দোবস্ত করে। খবর পেয়ে গ্রামবাসী বিভাগীয় কমিশনারের কাছে বন্দোবস্ত বাতিলের আবেদন জানালে বন্দেবস্ত বাতিল করে মন্দিরের পক্ষে আদেশ দেওয়া হয়।
কিন্ত্র আদেশ না মেনে সাইফুল ও তাজুলের নেতৃত্বে অর্ধ শতাধিক সন্ত্রাসী দেশীয় অস্ত্রশসস্ত্র নিয়ে জোর করে জলাশয়টি দখল করতে যায়। খবর পেয়ে গ্রামবাসী বাধা দিলে তাদের উপর হামলা করা হয়।
এর জেরে শুক্রবার চিতলিয়া গ্রামের মানুষ বাজারে আসার পথে সাইফুল ও তাজুলের লোকজন হামলা করে এবং জোর করে জলাশয় দখল নিতে চায়। গ্রামের লোকজন বাধা দিলে তাদের উপরও সসস্ত্র হামলা করা হয়।
এতে চিতলিয়া গ্রামের চিতলিয়া গ্রামের সেতু চৌধুরী (৪০), নকুল দাস (৪৮), বিপলু (২৮), ইন্দ্রজিত (৩০), ফুলকান্ত (৫০), জগৎজ্যোতি (৪৫), হেমেন্দ্র দাস (৬০), জয় দেব দাস (৯০), আউলা চরণ দাস (৬০), রতন দাস (৬৫), বিরাজ দাস (২৮), কালি কৃষ্ণ (৫৪) ও ব্রজবাসী (৪৫) আহত হন।
গুরুতর আহত সেতু চৌধুরীকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার প্রশান্ত দাস তালুকদার জানান, দুজনকে সিলেট ওসমানীতে এবং অন্যদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
দিরাই থানার অফিসার ওসি আমিনুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ক্ষতিগ্রস্তরা মামলে করলে মামলা নেওয়া হবে।
