গোপালগঞ্জ দমনে প্রমোশন ও বিশেষ সুযোগ সুবিধার টোপ

গোপালগঞ্জ দমনে প্রমোশন ও বিশেষ সুযোগ সুবিধার টোপ
শেয়ার করুন

 

বিশেষ প্রতিবেদক। ঢাকা, ২২ নভেম্বর, ২০২৬।


“প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘মাথা গুঁড়িয়ে দিতে চাই’ বক্তব্যের পর গোপালগঞ্জে বিশেষ অভিযান পরিচালনার গুঞ্জন শোনা যাচ্ছে। বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীকে দায়িত্ব দেওয়া হয়েছে পর্দার আড়ালে থেকে গোপালগঞ্জে আওয়ামীলীগের প্রতিবাদ-প্রতিরোধকে দমন করার।

এই অভিযান সফল হলে লেফটেন্যান্ট জেনারেল পদে পদোন্নতি এবং নানা সুযোগ-সুবিধার প্রতিশ্রুতিও দেয়া হয়েছে বিজিবি মহাপরিচালককে।

ইউনূস আমলেও গোপালগঞ্জে বিশেষ অভিযান চালায় যৌথবাহিনী

গোপালগঞ্জের বর্তমান পরিস্থিতির পেছনে রয়েছে দীর্ঘ রাজনৈতিক উত্তেজনা। ২০২৫ সালের ১৬ জুলাই জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা ‘মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচি নিয়ে জেলা শহরে আসেন। পৌর পার্কে সমাবেশে ‘মুজিববাদ মুর্দাবাদ’ স্লোগান ও নেতাদের বক্তব্যকে কেন্দ্র করে স্থানীয় মানুষের মধ্যে তীব্র ক্ষোভ তৈরি হয়। এর মধ্যে খবর ছড়িয়ে পড়ে, এনসিপির নেতারা টুঙ্গিপাড়ায় গিয়ে বঙ্গবন্ধুর সমাধিসৌধ ভেঙে গুঁড়িয়ে দেওয়ার পরিকল্পনা করছেন। ৩২ নম্বরের বাড়ি ভাঙার ঘটনার সঙ্গে এই আশঙ্কার তুলনা টেনে স্থানীয়দের মধ্যে উত্তেজনা আরও বাড়ে।

একপর্যায়ে পৌর পার্কের সমাবেশস্থলে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। সমাবেশ শেষে এনসিপি নেতাদের গাড়িবহর আক্রান্ত হলে তাঁরা পুলিশ সুপারের কার্যালয়ে আশ্রয় নেন। পরে সেনাবাহিনী ও পুলিশের নিরাপত্তায় সাঁজোয়া যানে গোপালগঞ্জ ছাড়েন। সেদিনের যৌথবাহিনীর গুলিতে পাঁচজন নিহত হন। এরপর যৌথ বাহিনীর অভিযান, গ্রেপ্তার এবং রাজনৈতিক চাপ পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। সেই উত্তেজনার রেশ গোপালগঞ্জে এখনো রয়ে গেছে।

এবার বিএনপি সরকারের বিশেষ অভিযান গোপালগঞ্জে

সম্প্রতি নিরীহ মানুষকে গ্রেপ্তার ও হয়রানির অভিযোগকে কেন্দ্র করে আবারও উত্তেজনা ছড়ায়। গ্রেপ্তার ব্যক্তিদের ছাড়িয়ে নিতে স্থানীয় মানুষ টুঙ্গিপাড়া থানায় জড়ো হন। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়; থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে এবং আটক ব্যক্তিদের ছিনিয়ে নেওয়া হয়। স্থানীয়দের অভিযোগ, পুলিশি হয়রানি ও নির্বিচার গ্রেপ্তারের ক্ষোভ থেকেই এই বিস্ফোরণ।

ঘটনার পর বিএনপি, জামায়াত, এনসিপিসহ জুলাই আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন রাজনৈতিক পক্ষ গোপালগঞ্জে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি তোলে। সরকারও নিরাপত্তা তৎপরতা বাড়ায়। জেলা প্রশাসক ও পুলিশ সুদক বদল করা হয়, একের পর এক বিজিবি সদস্য মোতায়েন করা হয়। ২২ নভেম্বর পর্যন্ত গোপালগঞ্জে দুই ব্যাটালিয়ন বিজিবি, অর্থাৎ ৫৫ প্লাটুন সদস্য মোতায়েনের খবর পাওয়া গেছে। ড্রোন ও বডি-ওর্ন ক্যামেরার মাধ্যমে সদর দপ্তর থেকে পরিস্থিতি পর্যবেক্ষণের ব্যবস্থাও রাখা হয়েছে।

এমন পরিস্থিতিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়-সংশ্লিষ্ট সূত্রের বরাতে পদন্নোতির টোপের গুরুতর অভিযোগ সামনে এসেছে।

সূত্রের আরো জানাচ্ছে, সরকার বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীকে তলব করে বিশেষ এই দায়িত্ব দিয়েছে।  আর এই দায়িত্ব সফল করার জন্য ক্যামেরা ও প্রকাশ্য নজরদারি এড়িয়ে গোপালগঞ্জের প্রতিরোধ ভেঙে দেওয়া, প্রয়োজনে কঠোর দমনমূলক অভিযান চালানোর পরিকল্পনা নেয়া হয়েছে।।

এই মিশনে সফল হলে দায়িত্বপ্রাপ্ত বিজিবি মহাপরিচালককে লেফটেন্যান্ট জেনারেল পদে পদোন্নতি এবং নানা ধরনের বিশেষ সুযোগ-সুবিধার প্রতিশ্রুতি দেয়া হয়েছে। এর ফলে বিজিবি মহাপরিচালক পৌছে যাবেন সেনাবাহিনীর দ্বিতীয় সর্বোচ্চ র‍্যাংকে, যাদের মধ্য থেকেই পরবর্তী সেনাপ্রধান নিয়োগ হয়।

এ ধরনের পদোন্নতির প্রলোভন পুলিশের ক্ষেত্রে আগে শোনা গেলেও সেনাবাহিনীর একজন জ্যেষ্ঠ কর্মকর্তাকে ঘিরে এমন অভিযোগ নতুন মাত্রার। অভিযোগের আরও অংশ হলো, জুনিয়র কর্মকর্তাদের কঠোর অবস্থান নিতে এবং ‘পোড়ামাটি নীতি’ অনুসরণে উৎসাহিত করা হচ্ছে।

এই দায়িত্ব পাওয়ার পর মাঠপর্যায়ের পরিস্থিতি বুঝতে ও অভিযানের পরিকল্পনা এগিয়ে নিতে ২০ নভেম্বর শুক্রবার গোপালগঞ্জ সফর করেন আশরাফুজ্জামান সিদ্দিকী। তাঁর সঙ্গে ছিলেন পুলিশের মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকির এবং স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের মহাপরিচালক ফারুক আহমেদ। তাঁরা সেখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করেন এবং সমন্বিতভাবে প্রেস ব্রিফিং করেন। সফরের আড়ালে জুনিয়র কর্মকর্তাদের কঠোর অভিযান পরিচালনায় উদ্বুদ্ধ করার বিষয়টিও অভিযোগে উঠে এসেছে।

এরই মধ্যে ১৮ নভেম্বর জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য রাজনৈতিক পরিস্থিতিকে আরও উত্তপ্ত করেছে। আওয়ামী লীগকে ‘সন্ত্রাসী গোষ্ঠী’ আখ্যা দিয়ে তিনি বলেন, দলটিকে আর মাথা তুলে দাঁড়াতে দেওয়া যাবে না; চব্বিশের চেতনায় তাদের ‘মাথা গুঁড়িয়ে দিতে’ চান। এই বক্তব্যের সঙ্গে গোপালগঞ্জে চলমান নিরাপত্তা তৎপরতা মিলিয়ে দেখলে রাজনৈতিকভাবে একটি কঠোর অবস্থানের চিত্র স্পষ্ট হয়।

সর্বশেষ খবর অনুযায়ী, মাঠপর্যায়ে নিয়োজিত বিজিবির জুনিয়র কর্মকর্তারা কয়েক দফা চেষ্টা করেও প্রত্যাশিত ফল পাননি। তাঁরা এখন পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে নিয়মিত আপডেট দিচ্ছেন বলে জানা গেছে।

গোপালগঞ্জের মানুষের ক্ষোভ, রাজনৈতিক প্রতিরোধ এবং রাষ্ট্রীয় বাহিনীর ভূমিকা—সব মিলিয়ে পরিস্থিতি এখন অত্যন্ত সংবেদনশীল। কিন্তু সবচেয়ে বড় প্রশ্নটি অন্য জায়গায়: রাজনৈতিক প্রতিরোধ দমনের সাফল্যের বিনিময়ে একজন সামরিক কর্মকর্তার পদোন্নতি ও ব্যক্তিগত সুবিধার প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে কি না? রাষ্ট্রীয় বাহিনী কি নাগরিকের নিরাপত্তা রক্ষার বদলে রাজনৈতিক লক্ষ্য পূরণের হাতিয়ার হয়ে উঠছে? এই প্রশ্নগুলো এখন আর শুধু গোপালগঞ্জের নয়, পুরো দেশের।

Visited 4 times, 4 visit(s) today