শীর্ষে তারেক, নিয়ন্ত্রণে কে? বিএনপি’র নেতৃত্বে কর্তৃত্ব সংকট প্রকট হচ্ছে

শীর্ষে তারেক, নিয়ন্ত্রণে কে? বিএনপি’র নেতৃত্বে কর্তৃত্ব সংকট প্রকট হচ্ছে
শেয়ার করুন

উপপ্রধানমন্ত্রী পদ সৃষ্টি নিয়ে বিএনপির শীর্ষ নেতৃত্বের মাঝে মতবিরোধের গুঞ্জন, ১৩ সিনিয়র নেতার পদত্যাগপত্র দিতে প্রস্তুত—দলীয় কোন্দল সামলাতে চাপে তারেক রহমান

 

বিশেষ প্রতিবেদক। ঢাকা, ২২ নভেম্বর, ২০২৬।


বিএনপির অন্দরমহলে ক্রমেই দৃশ্যমান হচ্ছে বিভেদের চোরাস্রোত। দলটির শীর্ষ নেতৃত্ব, মন্ত্রিসভার প্রভাবশালী সদস্য এবং জ্যেষ্ঠ নেতাদের মধ্যে ক্ষমতার ভারসাম্য, পদায়ন ও রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণের প্রশ্নে মতপার্থক্য তৈরি হয়েছে বলে দলীয় সূত্রের বরাতে জানা গেছে।

বিশেষ করে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে কেন্দ্র করে দলের ভেতরে দুটি পৃথক বলয় গড়ে ওঠার দাবি করেছে দলীয় সূত্র। এমন পরিস্থিতি দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্ব এবং সিদ্ধান্ত গ্রহণের কর্তৃত্বও নতুন করে আলোচনায় এসেছে।

দলের অন্দরমহলের আলোচনায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে সালাহউদ্দিন আহমদকে উপপ্রধানমন্ত্রী পদে পদায়নের সম্ভাবনা।

 

এ উদ্দেশ্যে সংবিধান সংশোধন করে নতুন পদ সৃষ্টির বিষয়ে তারেক রহমান আগ্রহী বলে দাবি করা হচ্ছে। তবে দলের একাংশের জ্যেষ্ঠ ও দীর্ঘদিনের নেতারা এই উদ্যোগের সঙ্গে একমত নন বলে জানা গেছে। তাঁদের আপত্তির কারণ হিসেবে দলের অভ্যন্তরীণ ক্ষমতার ভারসাম্য এবং নেতৃত্বের কাঠামো নিয়ে উদ্বেগের কথা আলোচনায় এসেছে।

এর আগে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বিরোধিতার মুখে উপপ্রধানমন্ত্রী পদ সৃষ্টির উদ্যোগ এগোয়নি বলে সংশ্লিষ্ট মহলে আলোচনা রয়েছে। তবে সেই প্রক্রিয়া আবারও এগিয়ে নেওয়ার আগ্রহ রয়েছে তারেক রহমানের। এ নিয়ে বিএনপির অভ্যন্তরে অসন্তোষ আরও ঘনীভূত হয়েছে বলে দলীয় সূত্রের দাবি।

আমীর খসরুর নেতৃত্বে গোপন বৈঠকের অভিযোগ

পরিস্থিতি নতুন মাত্রা পায় বৃহস্পতিবার ও শুক্রবার রাতে আমীর খসরুকে ঘিরে কয়েকজন মন্ত্রী ও প্রতিমন্ত্রীর পৃথক বৈঠকের খবর সামনে আসার পর। দলীয় সূত্র বলছে, ওই বৈঠকে শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, আ ন ম এহছানুল হক মিলনসহ সাতজন মন্ত্রী এবং চারজন প্রতিমন্ত্রী উপস্থিত ছিলেন।

 

বৈঠকের অডিও বা রেকর্ডিং সালাহউদ্দিন আহমদের হাতে পৌঁছেছে বলেও দাবি দলীয় সূত্রের।

এ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে অবিশ্বাস ও উত্তেজনা আরও বেড়েছে বলে দলীয় দাবি সূত্রর।

যদিও বৈঠকের প্রকৃত উদ্দেশ্য, সেখানে আলোচিত বিষয় এবং রেকর্ডিংয়ে কি কি বিষয় রয়েছে, সে সম্পর্কে কোন তথ্য বা সূত্র এখনো পাওয়া যায়নি, তবু এমন একটি বৈঠকের তথ্য বিএনপির অভ্যন্তরীণ নেতৃত্বের সংকট প্রকট হয়ে ওঠার ইঙ্গিত দেয়।

পদত্যাগের প্রস্তুতিতে সিনিয়র নেতারা!

দলীয় সূত্র আরও জানিয়েছে, বিএনপির বেশ কয়েকজন জ্যেষ্ঠ নেতা বর্তমান পরিস্থিতিতে নিজেদের রাজনৈতিক অবস্থান ও সম্মান রক্ষার স্বার্থে পদত্যাগের কথা ভাবছেন। এমন ১৩ জন সিনিয়র নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরীর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন।

তবে কারা এই পদত্যাগপত্র দিয়েছেন, সেগুলো আনুষ্ঠানিকভাবে গৃহীত হয়েছে কি না কিংবা পদত্যাগের সিদ্ধান্তের পেছনে নির্দিষ্ট কোনো কারণ রয়েছে কি না, সে বিষয়ে এখনো নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি।

একদিকে সরকার, অন্যদিকে দলের অন্দরমহলের চাপ

বিএনপির এই অভ্যন্তরীণ টানাপোড়েন এমন এক সময়ে সামনে এসেছে, যখন সরকারকে একাধিক রাজনৈতিক, অর্থনৈতিক ও কূটনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে। আওয়ামী লীগের রাজনৈতিক কর্মসূচি ও রাজপথের তৎপরতা, শ্রমিক আন্দোলন, অর্থনীতির দুর্বলতা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং আন্তর্জাতিক অঙ্গনের বিভিন্ন চাপের পাশাপাশি দলীয় বিভক্তি সরকারের জন্য বাড়তি জটিলতা তৈরি করতে পারে।

অন্যদিকে, বিএনপির দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের মধ্য দিয়ে উঠে আসা জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে নতুন নেতৃত্বের সিদ্ধান্ত গ্রহণের পদ্ধতি ও ক্ষমতার বিন্যাস নিয়ে মতপার্থক্য তৈরি হলে তা দলের সাংগঠনিক সংহতির ওপর প্রভাব ফেলতে পারে।

তারেক রহমানের সামনে এখন বড় প্রশ্ন—দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের রাজনৈতিক উত্তরাধিকার বহনকারী দলটিতে নেতৃত্বের ঐক্য ও আস্থার পরিবেশ কীভাবে বজায় রাখবেন তিনি। একদিকে প্রভাবশালী মন্ত্রীদের পৃথক বলয় তৈরির অভিযোগ, অন্যদিকে জ্যেষ্ঠ নেতাদের অসন্তোষের খবর—সব মিলিয়ে বিএনপির অভ্যন্তরীণ রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত মিলছে।

দলের ভেতরে সত্যিই যদি দুটি ক্ষমতাকেন্দ্র তৈরি হয়ে থাকে, তাহলে সেই বিভাজন কতটা গভীর এবং শেষ পর্যন্ত তারেক রহমানের নেতৃত্বে তার সমাধান কীভাবে হবে, সেটিই এখন দেখার বিষয়।

Visited 34 times, 4 visit(s) today