দরিদ্রের আয়ের ২০ শতাংশের বেশি ভ্যাট, ধনীদের ক্ষেত্রে মাত্র ২.৮ শতাংশ

দরিদ্রের আয়ের ২০ শতাংশের বেশি ভ্যাট, ধনীদের ক্ষেত্রে মাত্র ২.৮ শতাংশ
শেয়ার করুন

❐ নিজস্ব প্রতিবেদক


বাংলাদেশের করব্যবস্থায় আয়ের অনুপাতে ধনীদের চেয়ে দরিদ্র পরিবারগুলোকে সাত গুণের বেশি ভ্যাট দিতে হয়। দেশের সবচেয়ে দরিদ্র ১০ শতাংশ পরিবারের আয়ের ২০.৩৭ শতাংশ ভ্যাট হিসেবে সরকারি কোষাগারে জমা পড়ে।

অন্যদিকে, সবচেয়ে ধনী ১০ শতাংশ পরিবারের আয়ের মাত্র ২.৮০ শতাংশ ভ্যাট হিসেবে যায়। অর্থাৎ আয়ের তুলনায় দরিদ্র পরিবারগুলোর ওপর ভ্যাটের চাপ অনেক বেশি।

বেসরকারি গবেষণাপ্রতিষ্ঠান রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্ট (র‍্যাপিড) পরিচালিত এক গবেষণায় এ চিত্র উঠে এসেছে।

ফ্রিডরিখ এবার্ট স্টিফটাং (এফইএস) বাংলাদেশের সহায়তায় ‘মিসিং রেভিনিউ ইন বাংলাদেশ: ট্যাক্স পটেনশিয়াল, গ্যাপস অ্যান্ড ডিস্ট্রিবিউশনাল কনসিকুয়েন্স’ শীর্ষক গবেষণাটির নেতৃত্ব দেন র‍্যাপিডের চেয়ারম্যান এম এ রাজ্জাক।

গবেষণায় দেখা গেছে, গ্রামাঞ্চলের দরিদ্রতম পরিবারগুলো আয়ের ২৩ শতাংশের বেশি ভ্যাট দেয়। শহরাঞ্চলের দরিদ্র পরিবারগুলোর ক্ষেত্রে এ হার ১৬.৫ শতাংশ।

অন্যদিকে, সবচেয়ে দরিদ্র ৭০ শতাংশ পরিবারের কাছ থেকে কার্যত কোনো ব্যক্তিগত আয়কর আসে না। কারণ, তাদের আয় করযোগ্য সীমার নিচে। বিপরীতে, সবচেয়ে ধনী ১০ শতাংশ পরিবার আয়ের ১১.০৩ শতাংশ ব্যক্তিগত আয়কর দেয়।

গবেষণায় আরও বলা হয়েছে, দেশের সর্বোচ্চ আয়ের ১০ শতাংশ পরিবার মোট পারিবারিক আয়ের ৪০ শতাংশের বেশি পায়। প্রচলিত করহার অনুযায়ী, সম্ভাব্য ব্যক্তিগত আয়করের ৯৩ শতাংশেরও বেশি এই পরিবারগুলোর কাছ থেকে আসার কথা।

তবে বাস্তবে কর আদায়ে বড় ঘাটতি রয়েছে। মোট শ্রমশক্তির মাত্র ৩.৫৭ শতাংশ ব্যক্তি সক্রিয় আয়করদাতা হিসেবে নিবন্ধিত।

টিআইএনধারীদের মধ্যে ব্যক্তি ও অন্যান্য শ্রেণির রিটার্ন জমা দেওয়ার হার ৪৩.১ শতাংশ। কোম্পানির ক্ষেত্রে এই হার আরও কম—২৩.৬ শতাংশ।

আয়বৈষম্যের পাশাপাশি সম্পদের বৈষম্যও ব্যাপক। গবেষণার হিসাব অনুযায়ী, দেশের সবচেয়ে সম্পদশালী ১ শতাংশ পরিবারের হাতে রয়েছে মোট প্রকৃত ব্যক্তিগত সম্পদের ৪৭.৪ শতাংশ। শীর্ষ ১০ শতাংশের মালিকানায় আছে মোট সম্পদের ৭৬.৪ শতাংশ।

অন্যদিকে, সবচেয়ে কম সম্পদের মালিক অর্ধেক পরিবারের হাতে রয়েছে মাত্র ৩.৪ শতাংশ।

র‍্যাপিডের প্রাক্কলন অনুযায়ী, নতুন কর আরোপ বা করহার বৃদ্ধি ছাড়াই বিদ্যমান আইন কার্যকর করা, করের আওতা বাড়ানো এবং কর ফাঁকি রোধের মাধ্যমে কর-জিডিপি অনুপাত ৭.৩ শতাংশ থেকে প্রায় ১৩.৫ শতাংশে উন্নীত করা সম্ভব।

২০২১-২২ অর্থবছরের তথ্য তুলে ধরে গবেষণায় বলা হয়েছে, অনাদায়ি ব্যক্তিগত আয়কর ও অভ্যন্তরীণ ভ্যাটের পরিমাণ ছিল জিডিপির ৫.৮৯ শতাংশ। ওই অর্থবছরে সম্ভাব্য ব্যক্তিগত আয়কর ছিল জিডিপির ৪.৮৫ শতাংশ, কিন্তু আদায় হয় ০.৯৮ শতাংশ। অভ্যন্তরীণ ভ্যাট থেকে সম্ভাব্য আয় ছিল জিডিপির ৩.৮২ শতাংশ; প্রকৃত আদায় দাঁড়ায় ১.৮০ শতাংশে।

র‍্যাপিডের মতে, ব্যবসাপ্রতিষ্ঠানের নিবন্ধন না থাকা, বিক্রির তথ্য গোপন করা এবং সংগৃহীত ভ্যাট সরকারি কোষাগারে জমা না দেওয়ার কারণে সরকার রাজস্ব হারাচ্ছে।

গবেষকেরা উচ্চ আয়ের মানুষের ওপর গুরুত্ব দিয়ে আয়করদাতার পরিধি বাড়ানো, ভ্যাট আদায়ব্যবস্থা উন্নত করা, করপোরেট কর ছাড় পর্যালোচনা এবং উত্তরাধিকার কর চালুর বিষয় বিবেচনার সুপারিশ করেছেন।

তাঁরা কর প্রশাসন আধুনিক করা, হয়রানি ও দুর্নীতি বন্ধ করা এবং সরকারি ব্যয়ের মান বাড়ানোর ওপরও জোর দিয়েছেন।

র‍্যাপিডের চেয়ারম্যান এম এ রাজ্জাক বলেন, রাজস্ব আদায়ের সাফল্য শুধু কত টাকা সংগ্রহ হলো, তা দিয়ে বিচার করা যথেষ্ট নয়। করব্যবস্থা কতটা ন্যায্য ও স্বচ্ছ, করদাতারা কতটা হয়রানিমুক্ত এবং করের বিনিময়ে মানুষ কতটা মানসম্মত সরকারি সেবা পাচ্ছে—এসব বিষয়ও সমানভাবে গুরুত্বপূর্ণ।

গবেষণার ফল প্রকাশ উপলক্ষে শনিবার স্থানীয় একটি হোটেলে আলোচনা ও প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন অর্থসচিব মো. খায়েরুজ্জামান মজুমদার, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য সৈয়দ মুশফিকুর রহমান, পিআরআইয়ের চেয়ারম্যান জায়েদি সাত্তার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সায়মা হক বিদিশা এবং ইআরএফের সভাপতি দৌলত আক্তার।

Visited 16 times, 4 visit(s) today