❐ নিজস্ব প্রতিবেদক
উত্তর সুমাত্রার বেলাওয়ান জলসীমায় ৪০৫ টন বিস্ফোরকবোঝাই রাসায়নিক বহনকারী একটি কার্গো জাহাজ জব্দ করেছে ইন্দোনেশিয়ার নৌবাহিনী।
‘এমভি স্টার লাইন’ নামের জাহাজটিতে থাকা ৩৬টি কনটেইনারের মধ্যে ১৫টিতে মোট ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট পাওয়া গেছে বলে দাবি করেছে দেশটির কর্তৃপক্ষ।
জাহাজটির গন্তব্য বাংলাদেশ ছিল, এমনটি জানিয়েছে তারা।
ইন্দোনেশিয়ার সম্প্রচারমাধ্যম টিভিওয়ান নিউজের প্রতিবেদনে বলা হয়, গত ৭ই নভেম্বর উত্তর সুমাত্রার বেলাওয়ান জলসীমায় কমোরোসের পতাকাবাহী জাহাজটি আটক করা হয়। জাহাজটিতে ১৫টি কনটেইনারে ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেটের পাশাপাশি লাখ লাখ খালি ৪জি এলটিই সিম কার্ড ছিল।
সোডিয়াম পারক্লোরেট একটি রাসায়নিক যৌগ। এটি মূলত রকেটের জ্বালানি বা প্রপেল্যান্ট এবং শক্তিশালী বিস্ফোরক তৈরিতে ব্যবহৃত হয়। অভিযানের সময় জাহাজটির ৩৬টি কনটেইনারই জব্দ করা হয় বলে জানিয়েছে আন্তারা নিউজ।
প্রতিবেদনে আরও বলা হয়, সুমাত্রায় চোরাচালানের দুটি চেষ্টা ব্যর্থ করে দিয়েছে ইন্দোনেশিয়ার নৌবাহিনী। গত ৭ই নভেম্বর প্রথম অভিযানটিতে উত্তর সুমাত্রার বেলাওয়ান জলসীমায় কমোরোসের পতাকাবাহী এমভি স্টার লাইনকে আটক করে তারা।
অন্যদিকে, গত ৫ই নভেম্বর আচেহ তামিয়াংয়ের কুয়ালা রাজা মুদা উপকূলে মাদক চোরাচালানের একটি চেষ্টা ব্যর্থ করে দেন লোকসেউমাওয়ে নৌঘাঁটির সদস্যরা। এ সময় তারা ২০.০৭ কেজি ক্রিস্টাল মেথামফেটামিন উদ্ধার করেন। কর্মকর্তারা একটি বস্তার ভেতর চীনা টি-ব্যাগে মোড়ানো মাদকটির ২০টি প্যাকেট পান।
ইন্দোনেশীয় নৌবহরের কমান্ডার রিয়ার অ্যাডমিরাল দেনিহ হেন্দ্রাতা বলেন, সামুদ্রিক নজরদারি জোরদার ও সামুদ্রিক অপরাধ দমনে বিভিন্ন সংস্থার সম্মিলিত প্রচেষ্টার ফলেই এই দুটি অভিযান সফল হয়েছে।
