একদা অস্ত্র পাচারের ট্রানজিট রুট বাংলাদেশ, এবার কি ব্যবহারের ক্ষেত্র হতে যাচ্ছে? রাজশাহীতে বিদেশি গ্রেনেড-পিস্তল উদ্ধার

একদা অস্ত্র পাচারের ট্রানজিট রুট বাংলাদেশ, এবার কি ব্যবহারের ক্ষেত্র হতে যাচ্ছে? রাজশাহীতে বিদেশি গ্রেনেড-পিস্তল উদ্ধার
শেয়ার করুন

একসময় চীনা ও পাকিস্তানি অস্ত্রের চোরাচালান এবং বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর আশ্রয়স্থল হিসাবে বাংলাদেশের নাম ছিল আলোচনায়; ২১শে আগস্ট গ্রেনেড হামলায় ব্যাবহার হয়েছিল পাকিস্তানে তৈরি আরজিএস গ্রেনেড। 

 

বিশেষ প্রতিবেদক। ঢাকা, ২২ নভেম্বর, ২০২৬।


রাজশাহী বিমানবন্দরের প্রধান ফটকের পাশ থেকে দুটি গ্রেনেড উদ্ধার এবং এর কয়েক দিনের মধ্যে একই অঞ্চলে মার্কিন নির্মিত পিস্তল ও গুলি উদ্ধারের ঘটনা বাংলাদেশের অবৈধ অস্ত্রের বিস্তার নিয়ে নতুন উদ্বেগ তৈরি করেছে। ঘটনাগুলো বিচ্ছিন্ন হলেও একই অঞ্চলে ধারাবাহিকভাবে বিস্ফোরক ও আগ্নেয়াস্ত্র উদ্ধারের বিষয়টি সীমান্তবর্তী অস্ত্র চোরাচালান নেটওয়ার্কের সম্ভাব্য বিস্তার নিয়ে প্রশ্ন তুলছে।

গত ১০ নভেম্বর রাজশাহী শাহ মখদুম বিমানবন্দরের প্রধান ফটকের পাশের ফুলের বাগান থেকে দুটি গ্রেনেড উদ্ধার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে বোমা নিষ্ক্রিয়কারী দল সেগুলো বিস্ফোরণের মাধ্যমে নিষ্ক্রিয় করে। প্রাথমিক কারিগরি মূল্যায়নে গ্রেনেড দুটি ১৯৭০–৮০-এর দশকে চীনে তৈরি Type-1 ফ্র্যাগমেন্টেশন গ্রেনেড হতে পারে বলে নিরাপত্তা সূত্রের ধারণা। তবে পুলিশ ও সংশ্লিষ্ট নিরাপত্তা সংস্থা এখনো গ্রেনেডের প্রকৃত উৎপত্তি, বাংলাদেশে প্রবেশের পথ কিংবা কারা সেখানে রেখে গেছে, তা নিশ্চিত করতে পারেনি।

গ্রেনেড দুটির সঙ্গে মিয়ানমারের দীর্ঘদিনের অস্ত্র সরবরাহ নেটওয়ার্কের কোনো সম্পর্ক রয়েছে কি না, তা তদন্ত করা হচ্ছে। ১৯৭০ ও ১৯৮০-এর দশকে চীন মিয়ানমারের কমিউনিস্ট পার্টিকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ করেছিল। ১৯৮৯ সালে দলটি ভেঙে যাওয়ার পর এর অস্ত্রভান্ডারের একটি অংশ বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর নিয়ন্ত্রণে যায়। পরবর্তী সময়ে এসব গোষ্ঠীর সঙ্গে আরাকান আর্মিসহ মিয়ানমারের বিভিন্ন সশস্ত্র সংগঠনের অস্ত্র সরবরাহ ও যোগাযোগের নেটওয়ার্ক গড়ে ওঠে।

 

তদন্তকারীদের একটি সম্ভাব্য ধারণা, মিয়ানমারের রাখাইন ও চিন রাজ্যের সংঘাতপূর্ণ পরিস্থিতিতে সক্রিয় অস্ত্রের কালোবাজার এবং সীমান্তবর্তী চোরাচালান নেটওয়ার্কের মাধ্যমে এ ধরনের অস্ত্র বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে পারে।

 

অস্ত্র চোরাচালানের পুরোনো ইতিহাস: বাংলাদেশের ভূমিকা কি বদলাচ্ছে?

বাংলাদেশের জন্য অবৈধ অস্ত্রের এই উদ্বেগ নতুন নয়। অতীতে দেশটির ভূখণ্ড আঞ্চলিক বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠীর অস্ত্র পরিবহন, মজুত ও সরবরাহের নেটওয়ার্কে ব্যবহৃত হওয়ার অভিযোগ ও নজির রয়েছে।

এর সবচেয়ে আলোচিত উদাহরণ ২০০৪ সালের চট্টগ্রামের ১০ ট্রাক অস্ত্র উদ্ধার। চট্টগ্রামের কর্ণফুলী নদীর তীরে একটি জেটিতে আটক করা ওই বিপুল অস্ত্রের চালানটি ভারতের উত্তর-পূর্বাঞ্চলের বিচ্ছিন্নতাবাদী সংগঠন ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসাম (ULFA) এবং ন্যাশনাল সোশ্যালিস্ট কাউন্সিল অব নাগাল্যান্ডের (NSCN-IM) জন্য নির্ধারিত ছিল বলে পরবর্তী তদন্ত ও বিভিন্ন প্রতিবেদনে উঠে আসে।

চালানটিতে ছিল প্রায় দুই হাজার আগ্নেয়াস্ত্র, ২৫ হাজার গ্রেনেড এবং ১৮ লাখ রাউন্ড ছোট অস্ত্রের গুলি। এর মধ্যে ছিল চীনা Type-56 অ্যাসল্ট রাইফেল, রকেটচালিত গ্রেনেড লঞ্চার এবং বিপুল পরিমাণ গোলাবারুদ। অর্থাৎ বাংলাদেশ শুধু অস্ত্র পরিবহনের পথ নয়, আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীর জন্য অস্ত্র খালাস ও মজুতের স্থান হিসেবেও ব্যবহৃত হয়েছিল—এমন প্রমাণ ইতিহাসে রয়েছে।

এখনকার পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, বাংলাদেশ কি সেই পুরোনো অস্ত্র চোরাচালান নেটওয়ার্কের নতুন কোনো পর্যায়ে প্রবেশ করছে? একসময় যে অস্ত্র বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে অন্য দেশের সশস্ত্র গোষ্ঠীর কাছে পৌঁছানোর কথা ছিল, সেই অস্ত্রই কি এখন দেশের অভ্যন্তরে অবৈধভাবে প্রবেশ করে রাজনীতির সংঘাতে ব্যাবহার হতে যাচ্ছে?

একই অঞ্চলে মার্কিন পিস্তল ও গুলি উদ্ধার

এই উদ্বেগের মধ্যেই ২১ নভেম্বর রাজশাহীর গোদাগাড়ী এলাকায় অভিযান চালিয়ে দুটি মার্কিন নির্মিত ৭.৬৫ মিলিমিটার পিস্তল, চারটি ম্যাগাজিন ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করে গোয়েন্দা পুলিশ। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা জানিয়েছেন, চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী এলাকা থেকে অস্ত্র সংগ্রহ করে সেগুলো বিক্রির জন্য খুলনায় নিয়ে যাচ্ছিলেন। পুলিশ অস্ত্রগুলোর উৎস, সরবরাহকারী এবং সম্ভাব্য ক্রেতাদের শনাক্ত করতে তদন্ত করছে।

তবে পিস্তল উদ্ধারের ঘটনা এবং বিমানবন্দরে গ্রেনেড উদ্ধারের মধ্যে কোনো যোগসূত্র এখনো প্রতিষ্ঠিত হয়নি। একইভাবে এসব অস্ত্র কোনো সংঘাত, রাজনৈতিক সহিংসতা কিংবা সংগঠিত নাশকতার উদ্দেশ্যে আনা হয়েছিল, এমন প্রমাণও প্রকাশিত হয়নি।

অন্তর্বর্তী সরকারের আমলে বিপুল বিদেশি অস্ত্রের উদ্ধার, আড়ালে রয়েছে কতো?

অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর থেকে দেশের বিভিন্ন স্থানে সেনাবাহিনী, পুলিশ, র‍্যাব ও যৌথ বাহিনীর অভিযানে ধারাবাহিকভাবে বিদেশি অস্ত্র, গ্রেনেড, রকেট, ম্যাগাজিন ও বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধারের ঘটনা সামনে এসেছে। উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে যুক্তরাষ্ট্র, চীন, পাকিস্তান, জার্মানি, তুরস্ক, জাপান, যুক্তরাজ্য, আফগানিস্তান ও মিয়ানমারে তৈরি অস্ত্রের উল্লেখ রয়েছে। ২০২৫ সালের মে মাসে খিলগাঁওয়ে যুক্তরাষ্ট্রে তৈরি পিস্তল ও চীনা রাইফেলের গুলি, টেকনাফে মিয়ানমার থেকে আসা জি-৩ রাইফেল ও ৯৭৫ রাউন্ড গুলি, খুলনায় জাপান ও ব্রিটেনে তৈরি পিস্তল এবং যশোরে লুট হওয়া ১০টি গ্রেনেড ও তিনটি বিদেশি পিস্তল উদ্ধারের ঘটনা এর কয়েকটি উদাহরণ।

বিডিডাইজেস্টের গত ১৭ মাসের অস্ত্র উদ্ধারের ঘটনাভিত্তিক অনুসন্ধানেও বিভিন্ন দেশের তৈরি অস্ত্রের উপস্থিতির কথা উঠে এসেছে। 

প্রশ্ন হচ্ছে, মাত্র দুই বছরের মধ্যে এত বিপুল বৈচিত্র্যের বিদেশি অস্ত্র ও গোলাবারুদ দেশের অপরাধী, সন্ত্রাসী কিংবা অজ্ঞাত অস্ত্র মজুতকারীদের হাতে কীভাবে পৌঁছাল? এগুলোর কতগুলো দেশের পুরোনো অস্ত্রভান্ডার থেকে লুট হওয়া, কতগুলো সীমান্ত দিয়ে চোরাচালানের মাধ্যমে এসেছে, আর কতগুলো সমুদ্রপথে আমদানি করা পণ্যের আড়ালে প্রবেশ করেছে—তা নিয়ে পূর্ণাঙ্গ তদন্ত ও স্বচ্ছ তথ্য প্রকাশের প্রয়োজন রয়েছে।

দেদারসে ঢুকছে যুক্তরাষ্ট্র, তুরস্ক, পাকিস্তানসহ বিভিন্ন দেশের অস্ত্র, কোথায় চলেছে স্বদেশ? 

একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের দারা আদম খেল (Darra Adam Khel) অঞ্চলের দীর্ঘদিনের অস্ত্র উৎপাদন ও নকল অস্ত্র তৈরির শিল্প। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরার ২০১৯ সালের অনুসন্ধানী প্রতিবেদনে সেখানে চীনা পিস্তল, মার্কিন M16 রাইফেল ও অস্ট্রিয়ান Glock পিস্তলের অনুকরণে অস্ত্র তৈরির কারখানার বিবরণ উঠে এসেছে। Small Arms Survey-ও পাকিস্তানের এই অঞ্চলে বিভিন্ন দেশের আগ্নেয়াস্ত্রের নকল এবং অবৈধভাবে তৈরি অস্ত্রের বিস্তারের বিষয়টি নথিভুক্ত করেছে। অর্থাৎ কোনো অস্ত্রে মার্কিন, চীনা কিংবা রুশ নকশা বা ব্র্যান্ডের চিহ্ন থাকলেই সেটি সংশ্লিষ্ট দেশে তৈরি হয়েছে, এমন নিশ্চয়তা নেই; আসল উৎপত্তি শনাক্ত করতে ফরেনসিক পরীক্ষা প্রয়োজন।

Small Arms Survey (২০১৮): Beyond State Control: Improvised and Craft-produced Small Arms and Light Weapons – পাকিস্তানের দারা আদম খেল অঞ্চলে বিভিন্ন আধুনিক আগ্নেয়াস্ত্রের অনুকরণে অস্ত্র তৈরির তথ্য। (ইনসেটে)- অন্তর্বর্তী সরকারের আমলে সেনা অভিযানে উদ্ধারকৃত বিদেশি পিস্তল ও পাকিস্তান অর্ডন্যান্স ফ্যাক্টরির (পিওএফ) তৈরি তিন রাউন্ড ৭.৬২ এম.এম বুলেট উদ্ধার

গত দুই বছরে বিভিন্ন স্থানে উদ্ধার হওয়া বিদেশি অস্ত্রের উৎস, আমদানি ও পরিবহনপথ এবং সম্ভাব্য সরবরাহকারী নেটওয়ার্ক শনাক্তে সমন্বিত তদন্ত এখন জরুরি। বাংলাদেশের বন্দর ও সীমান্ত কি কেবল অস্ত্র চোরাচালানের ট্রানজিট রুট, নাকি দেশটির অভ্যন্তরেই গড়ে উঠছে অবৈধ বিদেশি অস্ত্রের নতুন বাজার ও মজুতভান্ডার—এই প্রশ্নের উত্তর এখন জাতীয় নিরাপত্তার স্বার্থেই খুঁজে বের করা প্রয়োজন।

বাংলাদেশের নিরাপত্তার জন্য নতুন প্রশ্ন

বাংলাদেশের চারপাশের নিরাপত্তা পরিস্থিতিও এ উদ্বেগকে আরও গুরুত্বপূর্ণ করে তুলেছে। মিয়ানমারের রাখাইন রাজ্যে আরাকান আর্মির সামরিক নিয়ন্ত্রণ ও সংঘাত, সীমান্তবর্তী অস্ত্রের কালোবাজার এবং ভারতের উত্তর-পূর্বাঞ্চলের দীর্ঘদিনের বিচ্ছিন্নতাবাদী তৎপরতা—সব মিলিয়ে বাংলাদেশকে একটি জটিল আঞ্চলিক নিরাপত্তা পরিবেশের মধ্যে অবস্থান করতে হচ্ছে।

এ অবস্থায় সীমান্ত দিয়ে অস্ত্র প্রবেশ, দেশের ভেতরে সেগুলোর পরিবহন, মজুত এবং সম্ভাব্য ক্রেতাদের কাছে সরবরাহের নেটওয়ার্ক কতটা সক্রিয়, তা নির্ধারণ করা জরুরি।

বিশেষ করে বাংলাদেশের ইতিহাসে যখন অস্ত্র চোরাচালানের ট্রানজিট ও নিরাপদ মজুতস্থল হিসেবে ভূখণ্ড ব্যবহারের নজির রয়েছে, তখন নতুন করে প্রশ্ন উঠছে—দেশটি কি এখন অবৈধ অস্ত্রের চূড়ান্ত গন্তব্য এবং অভ্যন্তরীণ ব্যবহারের ক্ষেত্রেও পরিণত হওয়ার ঝুঁকিতে রয়েছে?

রাজশাহীর গ্রেনেড ও পিস্তল উদ্ধারের ঘটনাগুলো এখন পর্যন্ত এই পরিবর্তনের চূড়ান্ত প্রমাণ নয়। কিন্তু সীমান্তবর্তী অস্ত্রের উৎস, সরবরাহকারী, পরিবহনপথ এবং দেশের অভ্যন্তরে সম্ভাব্য ব্যবহারকারীদের শনাক্ত করতে ব্যর্থ হলে অবৈধ অস্ত্রের নেটওয়ার্ক ভবিষ্যতে আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না।

Visited 32 times, 8 visit(s) today