সখীপুরে মাটির নিচ থেকে ‘ইস্ট পাকিস্তান পুলিশ’ মুদ্রিত দুই বাক্স গ্রেনেড উদ্ধার

সখীপুরে মাটির নিচ থেকে ‘ইস্ট পাকিস্তান পুলিশ’ মুদ্রিত দুই বাক্স গ্রেনেড উদ্ধার
শেয়ার করুন

❐ জেলা প্রতিনিধি


টাঙ্গাইলের সখীপুরে মাটি কাটার সময় গ্রেনেডসদৃশ বস্তুসহ ধাতব দুটি বাক্স উদ্ধার করা হয়েছে। বাক্স দুটির গায়ে ‘East Pakistan Police Tangail’ লেখা একটি নেমপ্লেট পাওয়া গেছে।

আজ ২৯শে অক্টোবর, বৃহস্পতিবার উপজেলার কচুয়া থলচালা (টুংগিরচালা) এলাকায় মাটি কাটার সময় শ্রমিকেরা বাক্স দুটি দেখতে পান। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে কৌতূহল তৈরি হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, মাটির গভীর থেকে ভারী ধাতব বাক্স দুটি বেরিয়ে আসে। সেগুলো পরীক্ষা করে স্থানীয়রা গ্রেনেডসদৃশ বস্তু ও পুরোনো নেমপ্লেট দেখতে পান। খবর পেয়ে সখীপুর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে এলাকাটি ঘিরে রাখে।

বাক্স দুটি কত দিনের পুরোনো, সেগুলোর ভেতরে বিস্ফোরক রয়েছে কি না এবং নেমপ্লেটটির সঙ্গে তৎকালীন পূর্ব পাকিস্তান পুলিশের কোনো স্থাপনা বা সরঞ্জামের সম্পর্ক আছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

প্রাথমিকভাবে বস্তুগুলো মুক্তিযুদ্ধের সময়কার হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এ বিষয়ে নিশ্চিত হতে বিশেষজ্ঞদের পরীক্ষা প্রয়োজন।

বিস্ফোরক থাকার আশঙ্কায় বোমা নিষ্ক্রিয়কারী দলের সহায়তা চাওয়া হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

Visited 1 times, 1 visit(s) today