দীর্ঘদিন পর বঙ্গবন্ধুর সমাধি পরিষ্কার-পরিচ্ছন্ন করে এলাকায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জানান দিল গোপালগঞ্জ

দীর্ঘদিন পর বঙ্গবন্ধুর সমাধি পরিষ্কার-পরিচ্ছন্ন করে এলাকায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জানান দিল গোপালগঞ্জ
শেয়ার করুন

❐ নিজস্ব সংবাদদাতা


প্রায় আড়াই বছর পর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ প্রাঙ্গণে চলছে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি। স্থানীয় লোকজনের স্বেচ্ছাশ্রমে সমাধিসৌধ প্রাঙ্গণ ধুয়ে-মুছে পরিষ্কার করা হয়।

এর মাধ্যমে এলাকায় নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠারই জানান দিলো গোপালগঞ্জবাসী।

আজ ২১শে নভেম্বর, শনিবার সকালে এ কার্যক্রম শুরু হয়। সকাল ১০টা থেকে সমাধিসৌধ এলাকায় ছাত্রলীগের নেতাকর্মী ও স্থানীয় লোকজনের উপস্থিতি বাড়তে থাকে। একপর্যায়ে শতাধিক স্থানীয় লোকজন একত্রিত হয়ে সমাধিসৌধ প্রাঙ্গণ ধুয়ে-মুছে পরিষ্কার করার কাজে অংশ নেন।

এসময় তারা সমস্বরে দেশাত্মবোধক গান গাওয়ার পাশাপাশি “জয় বাংলা, জয় বঙ্গবন্ধু” এবং জননেত্রী শেখ হাসিনার নামে স্লোগান দেন।

অংশগ্রহণকারীরা জানান, বঙ্গবন্ধুর সমাধিসৌধ প্রাঙ্গণ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার কাজে অংশ নিতে পেরে তারা আনন্দিত। কোনও রাজনৈতিক পরিচয় বা দলীয় বিবেচনা থেকে নয়; বরং নিজস্ব আগ্রহ ও জাতির জনকের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা থেকেই তারা এ উদ্যোগে শামিল হয়েছেন।

তাদের ভাষ্য, কর্মসূচিতে অংশ নেওয়ার অনুভূতি একেবারেই অন্যরকম। সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, পারস্পরিক সহযোগিতা ও আনন্দঘন পরিবেশে কাজটি করেছেন তারা। বিভিন্ন বয়স ও পেশার মানুষের অংশগ্রহণে স্বেচ্ছাশ্রমে পরিচালিত এ পরিচ্ছন্নতা কর্মসূচিকে ঘিরে সমাধিসৌধ প্রাঙ্গণে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ।

দীর্ঘদিন এই সমাধি প্রাঙ্গনে উপস্থিতি পর্যন্ত নিষিদ্ধ ছিল। আইনশৃঙ্খলা বাহিনী এবং বিএনপি-জামায়াতের সন্ত্রাসীরা ত্রাসের রাজত্ব কায়েম করে রেখেছিলেন, জানান তারা।

গত ১৫ই নভেম্বর রাতে ছাত্রলীগ, আওয়ামী লীগ এবং যুবলীগের নেতাকর্মীরা সমাধিসৌধ কমপ্লেক্সে প্রবেশ করে শ্রদ্ধা নিবেদন ও কর্মসূচি পালন করেছিলেন। এরই ধারাবাহিকতায় ২১শে নভেম্বর এই পরিচ্ছন্নতা কর্মসূচির আয়োজন করেন স্থানীয় লোকজন।

২০২৪ সালের ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে বঙ্গবন্ধুর সমাধিসৌধে প্রবেশ কার্যক্রম বন্ধ হয়ে যায়। এরপর দীর্ঘ সময় ধরে সাধারণ মানুষের জন্য সমাধিসৌধের অভ্যন্তরে প্রবেশ নিষিদ্ধ ছিল।

পরবর্তীতে গত ১৬ই নভেম্বর আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা সমাধিসৌধটি জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেন। এরই ধারাবাহিকতায় আজ সমাধিসৌধের সৌন্দর্য ফিরিয়ে আনা এবং নতুন সাজে সাজানোর লক্ষ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করা হয়।

দীর্ঘদিন পর সমাধিসৌধ প্রাঙ্গণে এমন পরিচ্ছন্নতা কার্যক্রম ঘিরে নেতাকর্মী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে।

Visited 6 times, 3 visit(s) today