আজও পুলিশের পিটুনিতে আহত হয়েছেন ন্যায্য মজুরির দাবিতে রাস্তায় নামা অসহায় শ্রমিকরা

আজও পুলিশের পিটুনিতে আহত হয়েছেন ন্যায্য মজুরির দাবিতে রাস্তায় নামা অসহায় শ্রমিকরা
শেয়ার করুন

❐ নিজস্ব সংবাদদাতা


ন্যায্য মজুরি বৃদ্ধির দাবিতে পোশাক শ্রমিকদের চলমান আন্দোলনের মধ্যে আজও শিল্পাঞ্চল আশুলিয়ায় আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী শ্রমিকদের ওপর চড়াও হওয়ার ঘটনা ঘটেছে। সরকারি বাহিনীর পিটুনিতে আহত হয়েছেন নারী-পুরুষসহ অসংখ্য শ্রমিক। একপর্যায়ে তারাও পাল্টা প্রতিরোধ গড়ে তোলায় ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে টিয়ারশেল নিক্ষেপ করেছে পুলিশ।

আজ ২১শে নভেম্বর, শনিবার সকাল ১১টার দিকে আশুলিয়ার জিরাবো-বিশমাইল সড়কের কাঠগড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া।

পুলিশ জানায়, মজুরি বৃদ্ধির আন্দোলনে একাত্মতা প্রকাশ করে কাঠগড়া এলাকার কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা কর্মবিরতি পালন করেন। একপর্যায়ে কারখানাগুলো ছুটি ঘোষণা করা হলে পৌনে ১১টার দিকে বিক্ষোভ মিছিল নিয়ে সড়ক অবরোধের চেষ্টা করেন শ্রমিকরা। পুলিশ বাধা দিলে ধাওয়া-পাল্টাধাওয়া হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ।

এসপি মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, পরিস্থিতি এখন শান্ত ও স্বাভাবিক রয়েছে। কিছু উচ্ছৃঙ্খল শ্রমিক কাঠগড়া এলাকার চালু পোশাক কারখানাগুলোতে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছিলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শিল্প পুলিশ ও অন্যান্য বাহিনী মোতায়েন রয়েছে।

Visited 1 times, 1 visit(s) today