“কোনো হিন্দু বাড়ি পোড়েনি, আওয়ামী লীগ এআই দিয়ে ভুয়া তথ্য ছড়াচ্ছে”, শত শত বাড়িতে আগুন-লুটপাটের পর পুলিশি ভাষ্য

“কোনো হিন্দু বাড়ি পোড়েনি, আওয়ামী লীগ এআই দিয়ে ভুয়া তথ্য ছড়াচ্ছে”, শত শত বাড়িতে আগুন-লুটপাটের পর পুলিশি ভাষ্য
শেয়ার করুন

❐ নিজস্ব প্রতিবেদক


সরকারি মদদে বিএনপির সন্ত্রাসীরা নড়াইলজুড়ে আওয়ামী লীগের সাংসদ, কর্মী-সমর্থকসহ সাধারণ মানুষের শত শত বাড়ি পোড়ানো, লুটপাট ও ধ্বংসযজ্ঞের পর পুলিশ দাবি করেছে হিন্দু বাড়ি-ঘর পোড়েনি, আওয়ামী লীগের নেতাকর্মীরা বিদেশে বসে এআই ব্যবহার করে ভুয়া তথ্য ছড়াচ্ছে।

পুলিশের দাবি, নড়াইলের কালিয়ার বেন্দারচর গ্রামে হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িঘরে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের খবর সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।

পুলিশ জানায়, বেন্দারচর এলাকায় কোনো হিন্দু বসতি নেই। সেখানে কোনো হিন্দু পরিবারের সদস্য কিংবা ব্যবসাপ্রতিষ্ঠানের ওপর হামলার ঘটনাও ঘটেনি। বরং পূর্বে ধারণ করা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ভিডিও ছড়িয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশে-বিদেশে সরকার ও দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছেন।

আজ ২১শে নভেম্বর, শনিবার পুলিশ হেডকোয়ার্টার্স থেকে পাঠানো এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়।

বিবৃতিতে দাবি করা হয়, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নড়াইল জেলার কালিয়া উপজেলার বেন্দারচর গ্রামে হিন্দু ধর্মাবলম্বীদের ঘরবাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটছে বলে তথ্য প্রচার হচ্ছে। যা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। পূর্বে ধারণ করা ও এআই দ্বারা নির্মিত ভিডিও চিত্র আওয়ামী লীগের নেতাকর্মীরা ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে দেশ-বিদেশে সরকার ও দেশের ভাবমূর্তি উদ্দেশ্যপ্রণোদিতভাবে ক্ষুণ্ন করছেন। বেন্দারচর এলাকায় কোনো হিন্দু বসতি নেই। পাশাপাশি ওই ঘটনায় কোনো হিন্দু সদস্যের পরিবারের ওপর হামলা বা কোনো ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার ঘটনাও ঘটেনি।

বিবৃতিতে আরও দাবি করা হয়, গত ১৮ই নভেম্বর সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে নড়াইলের কালিয়া থানাধীন বেন্দারচর সুইচগেট সংলগ্ন বটতলায় আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে বিএনপির সংঘর্ষে বিএনপির দুই কর্মী নিহতের ঘটনায় অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে আসামি দিশা বিশ্বাস (৩১) ও রাকিব বিশ্বাস (২১) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়। তারা বুলু বিশ্বাসের ছেলে এবং কালিয়া উপজেলার বেন্দারচর গ্রামের বাসিন্দা।

বিবৃতির দাবি, ওই হত্যাকাণ্ডের জেরে গত ২০শে নভেম্বর বিকেলে নিহতদের আত্মীয়-স্বজন এবং বিএনপি ও এর সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বেন্দারচর গ্রামে একত্রিত হয়ে হত্যার ঘটনায় জড়িত আওয়ামী লীগের কয়েকটি বাড়িতে হামলা চালিয়ে চলে যান। খবর পেয়ে কালিয়া থানা পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক।

এদিকে ২০শে নভেম্বর, শুক্রবার সন্ধ্যায় উপজেলার বেন্দারচর এলাকায় “বিক্ষুব্ধ জনতা” কয়েকটি বাড়িতে হামলা চালিয়েছে বলে জানিয়েছিল পুলিশ।

সরেজমিনে দেখা যায়, নড়াইলের কালিয়ায় বিএনপির মোটরসাইকেল শোডাউনে হামলায় দুই নেতা নিহতের ঘটনার জেরে নড়াইল-১ আসনের সাবেক সংসদ সদস্য কবিরুল হক মুক্তি ও কালিয়া পৌরসভার সাবেক মেয়র ফকির মুশফিকুর রহমান লিটনের বাড়িসহ অন্তত ১৮০টির বেশি বাড়িতে বিএনপি-জামায়াত, এনসিপিসহ আওয়ামীবিরোধী রাজনৈতিক পক্ষের সন্ত্রাসী হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে।

এই সম্মিলিত হামলায় নেতৃত্ব দেন বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতারা। রীতিমত উৎসবমুখর পরিবেশে এই সংঘবদ্ধ নাশকতা ঘটানো হয়। ফেসবুকে লাইভ পর্যন্ত করা হয়েছে।

যদিও পুলিশ ঘটনার ভয়াবহতা সম্পূর্ণ এড়িয়ে গেছে বলে ক্ষোভ জানান ভুক্তভোগীরা।

Visited 14 times, 1 visit(s) today