প্রতিপক্ষের মুখে বল ছুড়েও লাল কার্ড থেকে বাঁচলেন মেসি

প্রতিপক্ষের মুখে বল ছুড়েও লাল কার্ড থেকে বাঁচলেন মেসি
শেয়ার করুন

মেজর লিগ সকার (এমএলএস) কাপের প্লে-অফে শনিবার ইন্টার মিয়ামির ৩-০ গোলে বিধ্বস্ত হওয়ার ম্যাচে প্রতিপক্ষ খেলোয়াড়ের মুখে বল ছুড়েও লাল কার্ড থেকে বেঁচে গেছেন লিওনেল মেসি। এ ঘটনায় আর্জেন্টাইন এই মহাতারকাকে মাঠ থেকে বহিষ্কার করা উচিত ছিল বলে মন্তব্য করেছেন কলম্বাস ক্রুর কোচ লরেন্ট কুর্তোয়া।

ম্যাচের প্রথমার্ধের একদম শেষ মুহূর্তে মেজাজ হারান মেসি। সে সময় ১০ জনের দলে পরিণত হওয়া মিয়ামি ১-০ গোলে পিছিয়ে ছিল। এমন পরিস্থিতিতে থ্রো-ইন করার সময় কলম্বাস ক্রুর ফরোয়ার্ড গঞ্জালো তাপিয়ার মুখ লক্ষ্য করে সজোরে বল ছুড়ে মারেন তিনি।

ঘটনার পর রেফারি অ্যালেন চ্যাপম্যান মেসি ও তাপিয়া—দুজনকেই হলুদ কার্ড দেখান। তবে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে কলম্বাস কোচ কুর্তোয়া বলেন, ‘সবাই জানে হলুদ কার্ডের চেয়েও বড় শাস্তি তার প্রাপ্য ছিল। বিষয়টি সত্যিই দুঃখজনক।’

অবশ্য মেসিকে কেবল হলুদ কার্ড দেখানোর সিদ্ধান্তের পক্ষে সাফাই গেয়েছেন রেফারি চ্যাপম্যান। পুল রিপোর্টারকে তিনি বলেন, ‘বলে খুব সামান্যই শক্তি প্রয়োগ করা হয়েছিল এবং অপরাধটি সহিংস আচরণের পর্যায়ে পড়েনি।’

ঘটনাটি ঘটার আগেই ১০ জনের দলে পরিণত হয়েছিল ইন্টার মিয়ামি। চিলির আন্তর্জাতিক ফুটবলার তাপিয়ার শুরুর দিকের পেনাল্টি গোলে পিছিয়েও ছিল তারা। মিয়ামির নু স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে দ্বিতীয়ার্ধের শুরুতেই তাহা হাবরুনের গোলের পর তাপিয়া নিজের দ্বিতীয় গোলটি করলে বর্তমান চ্যাম্পিয়ন মিয়ামির ৩-০ গোলের বড় হার নিশ্চিত হয়।

এই জয়ের ফলে প্লে-অফের সেরা তিন ম্যাচের সিরিজে এগিয়ে গেল সপ্তম বাছাই ও ২০২৩ সালের চ্যাম্পিয়ন কলম্বাস। আগামী শুক্রবার ওহাইওতে সিরিজের দ্বিতীয় ম্যাচে জিতলেই মেসি ও মিয়ামিকে টুর্নামেন্ট থেকে বিদায় করে দেবে তারা।

ম্যাচ শেষে হতাশা প্রকাশ করে মিয়ামির কোচ কিলি গঞ্জালেজ বলেন, ‘এটি এমন এক ম্যাচ ছিল যেখানে আমাদের কোনো কিছুই ঠিকঠাক কাজ করেনি। আমরাই বরং ওদের গোলের সুযোগ তৈরি করে দিয়েছি।’

তিনি আরও যোগ করেন, ‘আমরা যেমন ভালো পারফরম্যান্স আশা করেছিলাম, তেমনটা খেলতে পারিনি। সবকিছুই ভুল হয়েছে, তবে আমাদের এখান থেকে শিক্ষা নিতে হবে। কারণ পরের ম্যাচে জিততে না পারলে আমরা টুর্নামেন্ট থেকে ছিটকে যাব। দল হিসেবে আমাদের জন্য এর চেয়ে বড় চ্যালেঞ্জ আর হতে পারে না। এটি আমাদের মানসিক দৃঢ়তার পরীক্ষা, আর আমি জানি আমার দলের সেই সামর্থ্য আছে।’

Visited 9 times, 1 visit(s) today