আওয়ামী লীগ ঠেকাতে জামায়াতের পায়ে বিএনপি

আওয়ামী লীগ ঠেকাতে জামায়াতের পায়ে বিএনপি
শেয়ার করুন

❐ নিজস্ব প্রতিবেদক


আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে মোকাবিলা করার প্রশ্নে ক্রমেই কাছাকাছি আসছে বিএনপি ও জামায়াতে ইসলামী। নির্বাচন, জুলাই জাতীয় সনদ, গণভোটসহ বিভিন্ন ইস্যুতে দুই দলের মধ্যে মতবিরোধ থাকলেও আওয়ামী লীগের রাজনৈতিক প্রত্যাবর্তন ঠেকানোর প্রশ্নে তৈরি হচ্ছে অভিন্ন অবস্থান।

সাম্প্রতিক গার্মেন্টস শ্রমিক আন্দোলন, বিভিন্ন জেলায় আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে সহিংসতা এবং রাজনৈতিক অস্থিরতার মধ্যে দুই দলের নেতাদের বক্তব্য ও অবস্থানে সেই সমীকরণ আরও স্পষ্ট হচ্ছে।

সর্বশেষ গত বুধবার জাতীয় সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিরোধীদলীয় নেতা জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক ঐক্যের আহ্বান জানান।

আওয়ামী লীগের পুনরুত্থান ও “নাশকতা” মোকাবিলায় দল-মত নির্বিশেষে সবাইকে এক হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। একইভাবে জামায়াত আমিরও আগের ঐক্যের জায়গায় ফিরে যাওয়ার কথা বলেন। দুই নেতার বক্তব্যে সংসদে সমর্থন জানান উভয় দলের সংসদ সদস্যরা।

এর আগে পোশাকশ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করেও দুই দলের অবস্থান আলোচনায় আসে।

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে শুরু হওয়া আন্দোলন রাজধানীর মিরপুর, গাজীপুর, সাভার, আশুলিয়া ও নারায়ণগঞ্জে ছড়িয়ে পড়ে। কোথাও সড়ক অবরোধ, কোথাও পুলিশের সঙ্গে সংঘর্ষ, গাড়িতে অগ্নিসংযোগ ও কারখানা ভাঙচুরের ঘটনা ঘটে।

আন্দোলনের মধ্যে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অনুপ্রবেশ করে নাশকতা সৃষ্টির অভিযোগ তোলে পুলিশ ও সরকার। বিভিন্ন জেলা থেকে লোক এনে আন্দোলনে যুক্ত করার অভিযোগেও গ্রেপ্তারের ঘটনা ঘটে।

অন্যদিকে শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিকে যৌক্তিক উল্লেখ করে আন্দোলনের প্রতি সমর্থন জানায় জামায়াত। একই সঙ্গে দলটি আন্দোলনকে ব্যবহার করে অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টার বিষয়ে সতর্ক করে। অর্থাৎ শ্রমিকদের দাবির প্রশ্নে সমর্থন থাকলেও আন্দোলনের আড়ালে রাজনৈতিক নাশকতার অভিযোগ তদন্তের দাবি জানায় দলটি।

এদিকে ১৯শে নভেম্বর আওয়ামী লীগের দেশব্যাপী কর্মসূচিকে ঘিরে ছয় জেলায় সহিংসতা, অগ্নিসংযোগ, বোমা বিস্ফোরণ ও হামলার খবর পাওয়া যায়। এসব ঘটনায় ক্ষমতাসীন বিএনপি ও জামায়াত উভয় পক্ষই আওয়ামী লীগকে দায়ী করে। ফলে রাজনৈতিক বিরোধ থাকা সত্ত্বেও দলটির বিরুদ্ধে অবস্থান নেওয়ার প্রশ্নে দুই দলের মধ্যে ঐক্যের ক্ষেত্র তৈরি হচ্ছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আওয়ামী লীগের অনুপস্থিতিতে বিএনপি ও জামায়াতের মধ্যে যে রাজনৈতিক প্রতিযোগিতা তৈরি হয়েছে, দলটির সম্ভাব্য প্রত্যাবর্তনের প্রশ্নে তা সাময়িকভাবে আড়ালে চলে যাচ্ছে।

তবে এই ঐক্য কতটা স্থায়ী হবে, তা নির্ভর করবে জুলাই সনদ, গণভোট, সংস্কার ও ক্ষমতার রাজনৈতিক সমীকরণে দুই দলের অবস্থানের ওপর।

Visited 4 times, 1 visit(s) today