বাস থামিয়ে ছাত্রদল নেতাকে ‘মিষ্টি খাওয়াতে’ নিয়ে গেল গোপালগঞ্জের একটি ‘প্রেশার গ্রুপ’

বাস থামিয়ে ছাত্রদল নেতাকে ‘মিষ্টি খাওয়াতে’ নিয়ে গেল গোপালগঞ্জের একটি ‘প্রেশার গ্রুপ’
শেয়ার করুন

❐ জেলা প্রতিনিধি


ঢাকা থেকে গ্রামের বাড়ি ফেরার পথে গোপালগঞ্জে বাস থামিয়ে ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের এক নেতাকে তুলে নিয়ে গেছে একটি ‘প্রেশার গ্রুপ’। কথা ছিল ‘মিষ্টি খাওয়ানোর’। যদিও ভুক্তভোগীর দাবি, তাকে নির্যাতন করে ৫ লাখ টাকা মুক্তিপণ চাওয়া হয়েছে।

ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার কারণে তাকে মারধর করে জোরপূর্বক ফেসবুকে আপত্তিকর বক্তব্য প্রচার করানো হয় বলে অভিযোগ তার। পরে পালিয়ে পিরোজপুরে পৌঁছালে তাকে জেলা হাসপাতালে নেওয়া হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে খবরটি ছড়িয়ে পড়তেই কেউ কেউ এই ঘটনাকে গোপালগঞ্জের ‘প্রেশার গ্রুপের’ কাজ বলে আখ্যা দেন।

ছাত্রদল নেতা মোহাম্মদ সাব্বির খান ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহসাধারণ সম্পাদক। তিনি ঝালকাঠির রাজাপুর উপজেলার মৃত মো. আলকাস খানের ছেলে।

সাব্বিরের দাবি, বৃহস্পতিবার রাত ৮টার দিকে গোপালগঞ্জের মুকসুদপুরে পুলিশ লাইন ও ব্যাতগ্রাম এলাকার মাঝামাঝি স্থানে ইমাদ পরিবহনের একটি বাস থামিয়ে তাকে নামানো হয়। বিকেল ৫টার দিকে ঢাকার নদ্দা থেকে রাজাপুরের উদ্দেশে বাসে উঠেছিলেন তিনি।

তিনি আরো জানান, বাসে পাশের আসনে বসা এক ব্যক্তির সঙ্গে কথোপকথনে বিএনপির রাজনীতির সঙ্গে তার সম্পৃক্ততা ফাঁস হয়ে যায়। পরে ওই ব্যক্তির কাছ থেকে তথ্যটি চলে যায় গোপালগঞ্জে। সেখানে বাস থামিয়ে আওয়ামী লীগের নেতাকর্মী পরিচয়ে কয়েকজন তাকে নামিয়ে নিয়ে যান।

সাব্বিরের দাবি, প্রায় ২০ জনের একটি দল জিম্মি করে তাকে ‘আপ্যায়ন’ করার কথা বলে নামিয়ে নিয়ে মারধর করে এবং ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।

তার অভিযোগ, ফেসবুক আইডি থেকে বিএনপি ও ছাত্রদলকে নিয়ে গালিগালাজমূলক বক্তব্য দিতে বাধ্য করা হয় তাকে। বক্তব্যের ভিডিও ধারণ করে তার অ্যাকাউন্ট থেকেই প্রকাশ করা হয়।

ছেড়ে দেয়ার পর তিনি অন্য একটি বাসে রাত সাড়ে ১২টার দিকে পিরোজপুরে পৌঁছান। পিরোজপুর জেলা ছাত্রদলের নেতারা তাকে শহরের সি অফিস চত্বর থেকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে যান।

যদিও কারো কারো দাবি, ছাত্রদল নেতা সাব্বির নিজে নেশাগ্রস্ত অবস্থায় ফেসবুকে গালাগাল করেছেন। পরে হুঁশ আসায় নাটক ফেঁদেছেন।

এদিকে, পিরোজপুর জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার জানান, সাব্বিরকে তুলে নিয়ে নির্যাতন, মুক্তিপণ দাবি ও জোরপূর্বক বক্তব্য প্রচারের ঘটনায় তারা ক্ষুব্ধ। কেন্দ্রীয় নির্দেশনা পেলে হাজারো নেতাকর্মী নিয়ে গোপালগঞ্জে যাওয়ার কথাও জানান তিনি।

এদিকে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক ভিডিও কলে সাব্বিরের খোঁজখবর নিয়েছেন। তার চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করা এবং অভিযুক্তদের প্রতিহত করতে জেলা ছাত্রদলের নেতাদের প্রস্তুত থাকার নির্দেশনা দিয়েছেন বলে জানানো হয়।

পিরোজপুর সদর থানার ওসি শরিফুল ইসলাম বলেন, ‘হাসপাতালে পুলিশ পাঠিয়ে সাব্বিরের কাছ থেকে ঘটনার বিবরণ শোনা হয়েছে। এ ঘটনায় এখনো থানায় লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Visited 44 times, 7 visit(s) today