স্বরাষ্ট্র উপদেষ্টার ‘কোয়ালিটি’ নিয়ে প্রশ্ন তুললেন নেটিজেনরা

স্বরাষ্ট্র উপদেষ্টার ‘কোয়ালিটি’ নিয়ে প্রশ্ন তুললেন নেটিজেনরা
শেয়ার করুন
নিজস্ব প্রতিবেদক

প্রশিক্ষণরত ছয় সহকারী পুলিশ সুপার (এএসপি) এবং উপ-পরিদর্শকদের বাদ পড়াদের ‘কোয়ালিটি’ নিয়ে প্রশ্ন তুলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তবে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রম পূর্ণমাত্রায় চালু না হওয়াসহ বিভিন্ন কারণে স্বরাষ্ট্র উপদেষ্টার ‘কোয়ালিটি’ নিয়েও পাল্টা প্রশ্ন তুলেছেন নেটিজেনরা।

রোববার দেশের বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি ‘আওয়ামী লীগ আমলের চেয়েও খারাপ’ বলে মন্তব্য করেছে ইডেন কলেজের শিক্ষার্থীরা। ইডন কলেজের প্রধান ফটকের সামনে দাঁড়িয়ে এক বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থীরা এমন দাবি করেন। নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করে তারা বলেন, রাতে তো নয়ই, বরং দিনের বেলাতেও এখন কেউ নিরাপদ নয়।

সারাদেশে লাগামহীন ধর্ষণের ঘটনার পরেও প্রশাসন নির্বিকার। শুধু জানুয়ারি মাসেই দুই শতাধিক ধর্ষণের ঘটনা ঘটেছে, যা নিয়ন্ত্রণে প্রশাসন সম্পূর্ণ ব্যর্থ। নতুন বাংলাদেশে দ্রুত গণতান্ত্রিক পরিবেশ তৈরির আহ্বান জানিয়ে শিক্ষার্থীরা আরও বলেন, আপনারা তো আমাদের নিরাপত্তা দেয়ার জন্যই বসে আছেন। আপনার তো এজন্যই চেয়ার দখল করে আছেন। তাহলে কাজের বেলায় কেন জিরো পার্সেন্ট দেখতেছি?

দিন দিন দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটছে। প্রতিদিনই দেশজুড়ে অসংখ্য খুন, ধর্ষণ, ছিনতাই, ডাকাতির ঘটনা ঘটছে। এমন পরিস্থিতিতে রোববার রাজশাহীর সারদায় ৪০তম বিসিএস পুলিশের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন- কোয়ালিটি না থাকায় ৬ এএসপি ও প্রশিক্ষণরত এসআইরা বাদ পড়েছে।

তিনি বলেন, প্রশিক্ষণে যারা ভালো করবে, তারা উত্তীর্ণ হয়ে যাবে। আর প্রশিক্ষণে ভালো না করলে, উত্তীর্ণ না হতে পারলে তো হবে না। সবজায়গায় জিপিএ-৫ নিয়ে প্রতিযোগীতা। তাই কোয়ালিটির দিকে খেয়াল রাখতে হবে। ভালো কোয়ালিটি থাকলে অসুবিধা হবে না, তবে কোয়ালিটি ভালো না থাকলে তাকে নেয়া যাবে না।

‘কোয়ালিটি না থাকায় ৬ এএসপি ও প্রশিক্ষণরত এসআইরা বাদ পড়েছেন’- স্বরাষ্ট্র উপদেষ্টার এমন মন্তব্যে নেটিজেনরা তার নিজের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে পাঠকরা স্বরাষ্ট্র উপদেষ্টা ‘অযোগ্য ও অথর্ব’ বলে মন্তব্য করেন।

তাসনিয়া মিম আঁখি নামের এক নাগরিক মন্তব্যের ঘরে লিখেছেন- অথচ স্বরাষ্ট্র উপদেষ্টার নিজেরই কোন যোগ্যতা নেই। রায়হান শিহাব নামের আরেকজন লিখেছেন- যে কিনা কথা বলতে পারে না সে কিনা কোয়ালিটির কথা বললো।

Visited 32 times, 1 visit(s) today