নিজস্ব প্রতিবেদক
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আজ ২১শে ডিসেম্বর, রোববার এক জরুরি সংবাদ সম্মেলন আহ্বান করা হয়। তবে এই গুরুত্বপূর্ণ ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন না খোদ স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। একই সঙ্গে অনুপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বখস চৌধুরী এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি।
আজ সন্ধ্যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ চিত্র দেখা যায়।
সাধারণত আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আয়োজিত মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টাই ব্রিফিং দেন। তার অনুপস্থিতিতে এ দায়িত্ব পালন করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অথবা স্বরাষ্ট্র সচিব। তবে এদিনের ব্রিফিংয়ে এই তিনজনের কেউই উপস্থিত ছিলেন না।
পরিবর্তে সংবাদ সম্মেলনে ব্রিফিং দেন বিজিবির ময়মনসিংহ সেক্টরের কমান্ডার কর্নেল মুস্তাফিজুর রহমান, পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (ডিবি) প্রধান মো. শফিকুল ইসলাম এবং পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) খন্দকার রফিকুল ইসলাম।
এদিকে গতকাল শাহবাগে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদী হত্যাকাণ্ডের তদন্তে অগ্রগতি জানাতে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বখস চৌধুরীর কাছে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেয় ইনকিলাব মঞ্চ।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, নির্ধারিত সময়ের মধ্যে হত্যাকাণ্ডের বিষয়ে সন্তোষজনক জবাব না এলে সংশ্লিষ্টদের পদত্যাগের দাবি জানানো হবে।
