হাদির ওপর হামলা ‘বিচ্ছিন্ন ঘটনা’! নির্বাচনে নিরাপত্তাজনিত কোন শঙ্কা নেই: ইসি

হাদির ওপর হামলা ‘বিচ্ছিন্ন ঘটনা’! নির্বাচনে নিরাপত্তাজনিত কোন শঙ্কা নেই: ইসি
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক

ঢাকা, ১৫ই ডিসেম্বর: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পরপরই ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর গুলির ঘটনাকে ‘বিচ্ছিন্ন ঘটনা’ বলে উল্লেখ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন এর মতে, এতে নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই এবং ভোট সঠিক সময়ে অনুষ্ঠিত হবে। তিনি আরো বলেছেন, তরুণরা নিজেরা ভোট দেবেন, অন্যদের ভোটদানে উৎসাহ দেবেন। কারণ তরুণরা সাহসের প্রতীক, সৃষ্টির প্রতীক। বলেন, আপনাদের ছাড়া দেশ গড়া সম্ভব নয়, আগামী নির্বাচন হবে সুষ্ঠু, সুন্দর এবং স্বচ্ছ। তরুণদের নিয়েই হবে এবারের ভোট।

আজ, সোমবার (১৫ ডিসেম্বর) রাজধানীর গুলশানে ইউথ ভোটার অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি।  আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকের পর ওসমান হাদিকে হত্যাচেষ্টাকে ‘মাথায় বাজ পড়ার মতো’ বলে উদ্বেগ প্রকাশ করলেও আজ নির্বাচন কমিশনার এটিকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে উল্লেখ করে ভোটার ও প্রার্থীদের আশ্বস্থ করার চেষ্টা করছেন। ইসি সূত্রে জানা গেছে, আইনশৃঙ্খলা বাহিনী সম্পূর্ণ প্রস্তুত এবং যেকোনো পরিস্থিতি মোকাবিলায় তাদের সক্ষমতা রয়েছে।
এদিকে, অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী নির্বাচনি নিরাপত্তাজনিত শংকা থেকে, নির্বাচনী প্রার্থীদের ব্যক্তিগত নিরাপত্তার স্বার্থে অস্ত্রের লাইসেন্সের আবেদন করলে তা মঞ্জুর করার নির্দেশ দিয়েছেন সংশ্লিষ্ট দপ্তরকে। একইসাথে তিনি নিশ্চয়তা দিয়েছেন, যাদের লাইসেন্সযুক্ত অস্ত্র জমা দেওয়া হয়েছে, সেগুলোও ফেরত দেওয়া হবে। এছাড়াও ১৫ মাসেও জুলাই আন্দোলনকারিদের থানা ও ক্যাম্প থেকে লুট করা অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য নতুন করে ‘অপারেশন ডেভিল হান্ট-২’ শুরু করা হয়েছে বলা জানান তিনি। 
যদিও সর্বশেষ প্রাপ্ত তথ্য মতে ২০২৪ সালের আন্দোলনকারীদের বাংলাদেশ পুলিশ ও অন্যান্য থানা থেকে লুট করা প্রায় দেড় হাজার থেকে দুই হাজার অস্ত্র এবং কয়েক লক্ষ রাউন্ড গুলি এখনো উদ্ধার করা যায়নি। ২০২৪ সালের আগস্টে প্রায় ৫,৭৫৩টি অস্ত্র লুট হয়েছিল বলে জানিয়েছিল বাংলাদেশ পুলিশ, যদিও সংশ্লিষ্টরা আশঙ্কা প্রকাশ করেছিলেন, আসল সংখ্যাটা আরো অনেক বেশী।
ইসির এই আশ্বাসের বিপরীতে স্বরাষ্ট্র উপদেষ্টার অস্ত্র বহনের অনুমতির ঘোষণা প্রার্থী ও ভোটারদের মধ্যে কিছুটা বিভ্রান্তি সৃষ্টি করেছে বলে মনে করছেন অনেকে। তবে উভয় পক্ষই নির্বাচন সুষ্ঠু ও নিরাপদ করার প্রতিশ্রুতি দিয়েছে। 
Visited 5 times, 1 visit(s) today