মেডিকেল ভর্তি পরীক্ষা কেন্দ্র করে সরব প্রশ্নফাঁসের হোতারা

মেডিকেল ভর্তি পরীক্ষা কেন্দ্র করে সরব প্রশ্নফাঁসের হোতারা
শেয়ার করুন
নিজস্ব প্রতিবেদক

দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা শুক্রবার অনুষ্ঠিত হবে। এই পরীক্ষাকে কেন্দ্র করে সরব হয়ে উঠেছে প্রশ্নফাঁস চক্রের সদস্যরা। অনলাইনে এবং অফলাইনে পরীক্ষার্থীদের অগ্রীম প্রশ্ন দেওয়ার প্রলোভন দেখিয়ে বড় অঙ্কের টাকা দাবি করা হচ্ছে।

সংশ্লিষ্টরা বলছেন, ৫ই আগস্টের পর দেশের টালমাটাল পরিস্থিতি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির বিষয়কে পুঁজি করে এই চক্রের সদস্যরা সরব হয়ে উঠেছেন।

পুলিশ বলছে, পরীক্ষাকে কেন্দ্র করে এই প্রশ্নফাঁস চক্রের বিষয়ে সতর্ক রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

জানা যায়, গত কয়েক সপ্তাহ ধরেই বেশ কয়েকটি চক্র এই প্রশ্নফাঁসের প্রলোভন দেখিয়ে কাজ করে যাচ্ছে।

একাধিক শিক্ষার্থী জানান, তাদের বিভিন্ন মাধ্যমে টাকার বিনিময়ে পরীক্ষার আগের রাতে প্রশ্ন দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী এই প্রতিবেদককে বলেন, হুট করে এক নাম্বার থেকে ফোন দিয়ে আমার নাম বলে জিজ্ঞেস করে আপনি তো পরীক্ষার্থী। আপনার এক পরিচিতজনের কাছ থেকে নাম্বার পেয়েছি। প্রশ্ন লাগলে বলেন, ১৫ লাখ লাগবে। একদম অথেন্টিক। এরপর আমি ওই নাম্বার ব্লক দিয়ে দিয়েছি।

এদিকে ভর্তি পরীক্ষা উপলক্ষে ভুয়া প্রশ্নফাঁস ও প্রতারণার অভিযোগে নাজমুল এহসান নাঈম নামে একজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার ১৬ই জানুয়ারি বিকেলে বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার(ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি বলেন, এসব চক্রের বিরুদ্ধে আমাদের গোয়েন্দা তৎপরতা অব্যাহত আছে।

Visited 56 times, 1 visit(s) today