এবার আইইএলটিএসেও প্রশ্নফাঁস: বাংলাদেশে ফল প্রকাশ স্থগিত করল কর্তৃপক্ষ

এবার আইইএলটিএসেও প্রশ্নফাঁস: বাংলাদেশে ফল প্রকাশ স্থগিত করল কর্তৃপক্ষ
শেয়ার করুন
নিজস্ব প্রতিবেদক

আন্তর্জাতিক ইংরেজি ভাষা পরীক্ষা আইইএলটিএস-এর ৬ই সেপ্টেম্বরের ফলাফল প্রকাশ স্থগিত করেছে কর্তৃপক্ষ। প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠার পর পরীক্ষার স্বচ্ছতা, নিরাপত্তা ও বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

১৯ই সেপ্টেম্বর, শুক্রবার পরীক্ষার্থীদের কাছে পাঠানো এক ইমেইলে জানানো হয়, ফলাফল প্রকাশের আগে নিয়মিতভাবে বিশ্লেষণ করা হলেও এবার ৬ই সেপ্টেম্বরের পরীক্ষার ফলাফল আরও বিস্তারিতভাবে পর্যালোচনার প্রয়োজন দেখা দিয়েছে। তাই তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ফলাফল স্থগিত থাকবে।

আইইএলটিএসের নিয়ম অনুযায়ী, পরীক্ষার সততা প্রশ্নবিদ্ধ হলে ফলাফল সাময়িক বা স্থায়ীভাবে আটকে রাখা কিংবা বাতিল করার ক্ষমতা রয়েছে কর্তৃপক্ষের। এ কারণে পরীক্ষার ফলাফল নির্ভরযোগ্য কি না তা নিশ্চিত করতে পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে।

তদন্ত প্রক্রিয়ায় পরীক্ষার্থী ও পরীক্ষাকেন্দ্রের কর্মীদের প্রতিবেদন, সিসিটিভি ফুটেজ, উত্তরপত্রের বিশ্লেষণ এবং পরীক্ষার্থীদের পরিচয়সংক্রান্ত তথ্যপত্র খতিয়ে দেখা হবে। চাইলে পরীক্ষার্থীরাও নিজেদের বক্তব্য জমা দিতে পারবেন, তবে নির্ধারিত পাঁচ দিনের মধ্যে তা দাখিল করতে হবে। নির্ধারিত সময় পার হলে কোনো বক্তব্য বিবেচনায় নেওয়া হবে না।

আইইএলটিএস কর্তৃপক্ষ জানিয়েছে, তদন্ত শেষ করতে সর্বোচ্চ আট সপ্তাহ সময় লাগতে পারে। এ সময়ের মধ্যে কোনো অগ্রগতি জানানো হবে না। তবে যারা জরুরি প্রয়োজনে ফলাফল ব্যবহার করতে চান, তারা যথাযথ প্রমাণ দিলে দ্রুত তদন্ত শেষ করার চেষ্টা করা হবে।

এ ছাড়া, ব্রিটিশ কাউন্সিল বা আইইএলটিএস ইউএসএ-র মাধ্যমে পরীক্ষা দেওয়া পরীক্ষার্থীদের প্রমাণপত্রসহ নিজ নিজ পরীক্ষাকেন্দ্রে যোগাযোগ করতে বলা হয়েছে। আর আইডিপির পরীক্ষার্থীদের প্রয়োজনীয় কাগজপত্র পাঠাতে হবে এই ই-মেইল ঠিকানায়।

ই-মেইলের শেষে পরীক্ষার্থীদের ধৈর্য ও সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়েছে আইইএলটিএস তদন্ত টিম।

উল্লেখ্য, এর আগে গত ৬ই সেপ্টেম্বর রাজধানী থেকে পান্না পুনম হাওলাদার ওরফে কেয়া এবং মো. মামুন খানকে গ্রেপ্তার করে বনানী থানা পুলিশ। তারা আইইএলটিএস প্রশ্ন ও উত্তরপত্র দেওয়ার প্রলোভন দেখিয়ে বহু শিক্ষার্থীর কাছ থেকে অর্থ হাতিয়ে নিয়েছিল। এ সময় তাদের কাছ থেকে নগদ ৮ লাখ ৩৮ হাজার টাকা ও ৮টি মোবাইল ফোন জব্দ করা হয়।

Visited 38 times, 1 visit(s) today