স্থানীয় সংবাদদাতা
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় একটি মন্দিরে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে।
বুধবার গভীর রাতে কোনো একসময় বরইতলী এলাকার পাঁঠাবলি মন্দিরে এই ভাঙচুরের ঘটনাটি ঘটিয়েছে ‘দুর্বৃত্তরা’।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শ্রলতলী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বরইতলী বটতলা এলাকায় অবস্থিত পুরোনো পাঁঠাবলি মন্দিরে বুড়িমা নামে একটি প্রতিমা ছিল। বুধবার বিকেলে মন্দিরে পূজা শেষ করে পুরোহিত তালা লাগিয়ে চলে যান। আজ বৃহস্পতিবার সকালে একজন স্থানীয় বাসিন্দা মন্দিরের পাশ দিয়ে যাওয়ার সময় প্রতিমাটি ভাঙা অবস্থায় দেখতে পান।
মন্দিরের পুরোহিত সুকোমল চক্রবর্তী জানান, বুধবার বিকেলেও পূজা করেছি। কিন্তু আজ সকালে এসে দেখি প্রতিমাটি ভাঙচুর করা হয়েছে। এটি সম্ভবত গতরাতে কোনো একসময় ঘটেছে।
শ্রলতলী ইউনিয়ন পরিষদের সদস্য সাইফুল আলম বলেন, গত দুই মাসে এলাকায় চুরি, ডাকাতিসহ নানা অপরাধ বেড়েছে। আগে পুলিশ টহল দিত, কিন্তু এখন দিনে-রাতেও তাদের দেখা মেলে না।
কালিয়াকৈর থানার ওসি রিয়াদ মাহমুদ জানিয়েছেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। দোষীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার জন্য তদন্ত চলছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউছার আহমেদ ঘটনাস্থল পরিদর্শন শেষে বলেন, এ ঘটনা অত্যন্ত দুঃখজনক। কারও ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অধিকার কারও নেই। পুলিশকে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
