বগুড়া জেলার সোনাতলা উপজেলার দিগদাইড় ইউনিয়ন নিবাসী হিন্দু ব্যবসায়ী ও পূজা উদযাপন পরিষদ সোনাতলা উপজেলা শাখার সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ আওয়ামী লীগ, দিগদাইড় ইউনিয়ন শাখার সভাপতি শ্রী নিরঞ্জন চন্দ্র রায়ের ব্যবসায়িক প্রতিষ্ঠান “মের্সাস পার্বতী চাল কল এন্ড সেমি অটো সর্টার মিল”-এ অগ্নিকাণ্ড, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।
গত ৫ই আগস্ট, ২০২৪ তারিখে বিকাল আনুমানিক চারটায় সৈয়দ আহমেদ কলেজ রেলওয়ে স্টেশনের পশ্চিম পাশে অবস্থিত এই মিলের উপর আক্রমণ চালানো হয়। দুর্বৃত্তরা মিলের ঘরে আগুন লাগিয়ে ধানসহ বিভিন্ন মালামাল পুড়িয়ে ফেলে। পাশাপাশি তারা সেখান থেকে ধান, চাল, খুদ, গুঁড়া, ব্রান, নতুন বস্তা, স্ট্যান্ড ফ্যান, সিলিং ফ্যান এবং অন্যান্য মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়।
ঘটনাস্থলে উপস্থিত মিলের কর্মচারীরা বাধা দেওয়ার চেষ্টা করলে তাদের প্রাণনাশের হুমকি দেয়া হয়। এমনকি তাদের পরিবারের সদস্যদেরও হুমকি দেওয়া হচ্ছে। জানা গেছে, ঘটনার সময় মিলের মেশিনারিজ এবং সর্টার মেশিনের ক্যামেরাও নষ্ট হয়ে গেছে, যার ফলে প্রায় আড়াই থেকে তিন কোটি টাকার ক্ষতি হয়েছে।
এছাড়া, ঘটনার পরেই দুর্বৃত্তরা কর্মচারীদের গ্রামের বাড়ি চারালকান্দিতেও অগ্নিকাণ্ড ও লুটপাটের হুমকি দেয়। তবে স্থানীয় গ্রামবাসীদের সহায়তায় সেই পরিকল্পনা ব্যর্থ হয়।
মিলটি ছিল শ্রী নিরঞ্জন চন্দ্র রায়ের একমাত্র উপার্জনের উৎস। এই অগ্নিকাণ্ড ও লুটপাটের কারণে তার একমাত্র সম্বল আজ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও তার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছেন এবং ঘটনার ন্যায্য বিচার দাবি করেছেন।
এ ব্যাপারে সোনাতলা থানায় অভিযোগ করা হয়েছে এবং পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে স্থানীয়রা দাবি করছেন, একাধিক পরিকল্পিত কারণে এই আক্রমণ ঘটানো হয়েছে এবং অপরাধীদের দ্রুত গ্রেফতার করার আহ্বান জানিয়েছেন তারা।
