‘মাইনাস টু’ ফর্মূলা কখনো সফল হবে না: আমীর খসরু

‘মাইনাস টু’ ফর্মূলা কখনো সফল হবে না: আমীর খসরু
শেয়ার করুন
সংবাদ প্রতিবেদন

‘মাইনাস টু’ ফর্মূলা তথা বিরাজনীতিকরণে মনগড়া তত্ত্বে বিএনপিকে নিশ্চিহ্ন করা যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

শুক্রবার বিকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, যারা ‘মাইনাস টু’র কথা বলেন তাদের আশা কখনো পূরণ হবে না।

রাজধানীর শেরে বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানানোর পর আমীর খসরু সাংবাদিকদের সামনে কথা বলেন।

তিনি বলেন, বিরাজনীতিকরণ বা মাইনাস টু- কেউ যদি এরকম মনগড়া কথা বলে এটা তাদের সমস্যা। বাংলাদেশ আজ যেখানে দাঁড়িয়ে, বিএনপি সেখানে দাঁড়িয়ে। জনপ্রিয় দল বিএনপি, জনপ্রিয় নেত্রী খালেদা জিয়া, জনপ্রিয় নেতা তারেক রহমান। বাংলাদেশ তাদের অপেক্ষায় আছে, থাকবে। এখানে মাইনাস টু‘র কথা যারা বলে তারা আশা করে আর কি। ওই আশা জীবনে পুরণ হবে না।

তিনি বলেন, ওটা এরশাদ (এইচএম এরশাদ) পারে নাই, ওইটা ওয়ান-ইলেভেন পারে নাই। আর এখন তো, আজকে বিএনপি অতীতের যেকোনো সময়ের চেয়ে অনেক বেশি শক্তিশালী দল, একে নিশ্চিহ্ন করা যাবে না।

উল্লেখ্য, ২০০৭ সালের ১১ই জানুয়ারি তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসার পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, তার বড় ছেলে তারেক রহমান, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাসহ অনেক রাজনৈতিক নেতাকে গ্রেপ্তার করা হয়। তখন রাজনৈতিক দল সংস্কারের আলোচনাও ওঠে, যার পরিপ্রেক্ষিতে ‘মাইনাস টু’ তথা দুই নেত্রীকে বাদ দিয়ে তাদের দলে সংস্কার আনার বিষয়টি সামনে আসে।

এই মাইনাস তত্ত্বের সাথে বাংলাদেশের কয়েকটি শীর্ষ গণমাধ্যমের মালিক-সম্পাদক, সরকারি সংস্থা এবং ড. ইউনূস জড়িত ছিলেন, এমন অভিযোগ সেসময়ই উঠেছিল।

২০২৪ সালের জুলাই-আগস্টের সরকারবিরোধী আন্দোলনের পরেও রাষ্ট্র ও রাজনৈতিক দল সংস্কারের বিষয়ে আলোচনা উঠেছে। অন্যদিকে বিএনপিসহ বিভিন্ন দল রাষ্ট্রের বিভিন্ন খাতে প্রয়োজনীয় সংস্কার শেষে জাতীয় নির্বাচন দেওয়ার দাবি তুলেছেন।

আমীর খসরু বলেন, বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। তাই প্রথম কাজ, নির্বাচন, এটাই প্রথম সংস্কার। এটা দিয়ে শুরু করতে হবে সংস্কার ও গণতন্ত্র পুণঃপ্রতিষ্ঠার আন্দোলন। গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে আগামী দিনে যে পরিবর্তনের প্রত্যাশা তা পুরণ হবে।

সম্প্রতি দেশে ফেরা নিউ ইয়র্ক স্টেট বিএনপির সভাপতি অলিউল্লাহ আতিকুর রহমান, সহ-সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাঈদ, যুক্তরাষ্ট্র বিএনপি নেতা হুমায়ুন কবীর, রানা চৌধুরী, শাহিন আব্দুল্লাহ, কাউসার আলমসহ কয়েকজনকে নিয়ে শুক্রবার বিকালে আমীর খসরু শেরে বাংলা নগরের জিয়ার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে যান।

এ সময় সেখানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালামসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

Visited 69 times, 1 visit(s) today