চট্টগ্রাম আদালতের ‘গায়েব’ হওয়া নথির ৯টি বস্তা মিলল যেখানে

চট্টগ্রাম আদালতের ‘গায়েব’ হওয়া নথির ৯টি বস্তা মিলল যেখানে
শেয়ার করুন
নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম আদালতের গায়েব হওয়া মামলার নথির সন্ধান মিলেছে। আদালত থেকে হারিয়ে যাওয়া এসব নথি নগরীর পাথরঘাটার একটি ভাঙ্গারির দোকান থেকে উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার কোতোয়ালি থানার পার্শ্ববর্তী পাথরঘাটা সতীশ বাবু লেইনে একটি ভাঙ্গারির দোকানে তল্লাশি চালিয়ে ৯টি বস্তা ভর্তি নথি উদ্ধার করা হয়। এ ঘটনায় মো. রাসেল (২৩) নামে এক যুবককে আটক করা হয়েছে।

কোতোয়ালি থানার ওসি আব্দুল করিম জানান, মহানগর আদালতের সরকারি কৌঁসুলির (পিপি) কার্যালয়ের সামনে থেকে গত ৫ই জানুয়ারি নথি হারানোর বিষয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। এরপর থেকে পুলিশের একাধিক দল তদন্ত শুরু করে।

ওসি করিম জানান, বুধবার বাকলিয়া বৌ বাজার এলাকা থেকে রাসেলকে আটক করা হয়।

পড়ুন: চট্টগ্রাম আদালত থেকে ২ হাজার গুরুতর মামলার নথি উধাও!

রাসেলের দেওয়া তথ্যমতে, বৃহস্পতিবার ভোরে পাথরঘাটার ভাঙ্গারির দোকানে অভিযান চালিয়ে নথিগুলো উদ্ধার করা হয়। রাসেল আদালত এলাকার একটি চায়ের দোকানে কাজ করতেন। তার দাবি, এসব নথি পরিত্যক্ত মনে করে বারবার বস্তায় ভরে ভাঙ্গারির দোকানে বিক্রি করেছেন।

রাসেল পুলিশকে জানিয়েছেন, তিনি প্রতি কেজি ১৮ টাকা দরে এসব কাগজ বিক্রি করে ৪৩৭ টাকা আয় করেছিলেন।

চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি মফিজুল হক ভূঁইয়া বলেন, ১ হাজার ৯১১টি মামলার নথি খুঁজে পাওয়া যাচ্ছিল না। ছুটির পর কার্যালয়ের সামনে রাখা নথি গায়েব হয়ে যায়। তার অফিসে নথি রাখার জায়গা না থাকায় ২০২৪ সালের এপ্রিল থেকে এসব নথি বারান্দায় রাখা হয়েছিল।

২০২৪ সালের ১৩ই ডিসেম্বর থেকে ৩১শে ডিসেম্বর পর্যন্ত আদালত অবকাশকালীন ছুটিতে ছিল। ধারণা করা হচ্ছে, ২৭ থেকে ২৮শে ডিসেম্বরের মধ্যে সন্ধ্যার সময় রাসেল আদালত থেকে নথিগুলো সরিয়ে নিয়ে যান।

Visited 78 times, 1 visit(s) today